ঠিক সময়ে মঈনের সেঞ্চুরি
সিদ্ধান্তটা মোহামেডান নিয়েই রেখেছিল। প্রথম পাঁচ ম্যাচে একটা ফিফটিসহ মাত্র ১২১ রান—তা হলে আর ইংলিশ ক্রিকেটার কেন? মঈন আলীর জন্য তাই কালকের ম্যাচটাই মোহামেডানের পক্ষে শেষ ম্যাচ হওয়ার কথা ছিল। বিকল্প হিসেবে পাকিস্তানে ব্যাগও নাকি গুছিয়ে রেখেছিলেন অলরাউন্ডার আজহার মেহমুদ।লম্বা দাড়ির মঈন আলী ঠিক এই সময়টাকেই বেছে নিলেন জ্বলে ওঠার জন্য। মিরপুরে কাল ওল্ড ডিওএইচএসের বিপক্ষে ৪৪ ওভারের ম্যাচেও মোহামেডানের ২৭৯ রান করায় কিংবা ৬৬ রানের জয়ে তাঁর সেঞ্চুরির অবদানই বেশি। যে সেঞ্চুরিতে মত বদলে গেল মোহামেডান শিবিরেরও। আজহার আসছেন আগামীকাল, তবে মঈনও থাকছেন। নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজে পাকিস্তান দলে সুযোগ পেলে বরং ফিরে যেতে পারেন মোহাম্মদ ইউসুফ।মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের ম্যাচ কিছুটা রান দেখলেও কাল খরা গেছে বিকেএসপি আর ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে। বিকেএসপিতে ২১৮ রান করেও ভিক্টোরিয়াকে ৬৭ রানে হারিয়েছে আবাহনী। আর ধানমন্ডিতে ১২০ রান করা সিসিএস তো ৯ রানে বিমানকে হারিয়ে দিয়ে অঘটনই ঘটিয়ে ফেলেছে! সকালে কুয়াশার কারণে কাল সব মাঠেই খেলা শুরু হয় দেরিতে।কুয়াশাভেজা সিমিং কন্ডিশনে টসে জিতলে আগে বল করার নিয়ম। ওল্ড ডিওএইচএস অধিনায়ক মেহরাব জুনিয়রও তা-ই করলেন। ১৯ ওভারে ৯৬ রানের মধ্যে মোহামেডানের তামিম (১০), নাজিম (৮), শামসুর (০) আর ইউসুফকে (১২) তুলে নিয়ে বোলাররাও হাসি ছড়িয়ে দিলেন অধিনায়কের মুখে। কিন্তু উস্টারশায়ার সতীর্থ সাকিব আল হাসানকে সঙ্গে নিয়ে সে হাসি মিলিয়ে দিলেন মঈনই। পঞ্চম উইকেট জুটিতে ৯৬ রান তুলে এই দুই বাঁহাতিই টেনে তোলেন মোহামেডানকে। শীতের মিষ্টি রোদেও সকালের সিমিং উইকেট ততক্ষণে ব্যাটিং স্বর্গ! মঈনের ফিফটি তাই ৪২ বলেই, সাকিবের ৪৪ বলে। তিনটি বাউন্ডারির সঙ্গে নাবিল সামাদের বলে মিড অনে ফরহাদের ক্যাচ হওয়ার ঠিক আগের বলে ওই দিক দিয়েই দুটি বিশাল ছক্কা মেরেছেন সাকিব এবং প্রথম ছক্কাটিতেই এসেছে তাঁর ফিফটি। মঈনের ১১৬ বলে ১১৩ রানের ইনিংসে তিন ছক্কার সঙ্গে ছিল আটটি বাউন্ডারি। মিড অনে মেহরাব ক্যাচ ফেলে না দিলে অবশ্য সেঞ্চুরি পাওয়ার বদলে আউটও হয়ে যেতে পারতেন।ওল্ড ডিওএইচএসের ২১৩ রানের ইনিংসের চুম্বক অংশ বলা যায় চার বাউন্ডারি আর দুই ছক্কায় আফতাব আহমেদের ৬৭ রানের ইনিংসটিকে। তবে আফতাবের ফিফটি, মিডল অর্ডারে তানভীর (৩৫) কিংবা নয় নম্বর ব্যাটসম্যান নুরুল হোসেনের ৪১ রান—মোহামেডানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারেনি কোনোটাই।বিকেএসপিতেও একই অবস্থা—প্রতিরোধ দূরে থাক, আবাহনীর ২১৮ রানের জবাবে ১৫১ রানেই শেষ ভিক্টোরিয়া। ৭০ রানে ৪ উইকেট হারিয়ে মোহামেডানের মতো আবাহনীর শুরুটাও বিপর্যয় দিয়ে। সেখান থেকে ত্রাতা মাশরাফির ইনজুরিতে দলের নেতৃত্ব পাওয়া মাহমুদউল্লাহ। করেছেন ৮৮ রান, পঞ্চম উইকেটে ৮০ রানের জুটি গড়েছেন মার্শাল আইয়ুবের (২৪) সঙ্গে। জবাবে মাইসুকুর-ফজলে রাব্বীর ৬৭ রানের ওপেনিং জুটির পরই ভাঙতে শুরু করে ভিক্টোরিয়ার ইনিংস। মোহাম্মদ রফিক ৩৩ রানে নিয়েছেন ৩ উইকেট।রান বা ম্যাচ দৈর্ঘ্যের দিক দিয়ে সবচেয়ে ছোট ম্যাচটি হয়েছে কাল ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে। তবে সবচেয়ে বেশি উত্তেজনা ছিল এ ম্যাচেই। সিসিএস ১২০ রান করার পর দলের বাঁহাতি স্পিনার বিশ্বনাথ হালদার ২০ রানে ৫ উইকেট নিয়ে ১১১ রানেই ধসিয়ে দিয়েছেন বিমানকে। যদিও বিমান প্রশ্ন তুলেছে এ ম্যাচের আম্পায়ারিং নিয়ে। তাদের মূল আপত্তি ওপেনার জহুরুল ইসলামের কট বিহাইন্ড নিয়ে। জহুরুল তো আউট হওয়ার পর মাঠেই প্রতিবাদ করেছেন আম্পায়ারের সিদ্ধান্তের। যে কারণে তাঁকে পাঁচ হাজার টাকা জরিমানাও করেছেন ম্যাচ রেফারি।