ঠিকই ঘুরে দাঁড়াল জিম্বাবুয়ে
দুটো দৃশ্যই বলে দিচ্ছিল, সিরিজ নির্ধারণী শেষ ম্যাচ কতটা উত্তাপ ছড়াতে পারে।দৃশ্য ১: রবিউলের বলে ব্যাট ছুঁইয়েই দিলেন দৌড়। অন্য প্রান্তে পৌঁছানোর আগেই ব্যাটসহ দুই হাত তুলে শন উইলিয়ামসের উদ্যাপন দেখে বুঝতে অসুবিধা হয়নি এই জয় কতটা কাঙ্ক্ষিত ছিল জিম্বাবুয়ের জন্য।দৃশ্য ২: জিম্বাবুয়ের দুই অপরাজিত ব্যাটসম্যান উইলিয়ামস-ওয়ালারের উদ্যাপন তখনো শেষ হয়নি। মাঠেই সব খেলোয়াড়কে এক জায়গায় জড়ো করলেন মুশফিকুর রহিম। ড্রেসিংরুম থেকে নেমে এলেন একাদশের বাইরে থাকা খেলোয়াড়েরাও। পরাজয়ের গ্লানিটা দগদগে থাকতে থাকতেই হয়তো দলের মধ্যে শেষ ম্যাচে ফিরে আসার আগুন জ্বালতে চাইলেন বাংলাদেশ অধিনায়ক।টেস্ট সিরিজ ড্রয়ের পর ওয়ানডে সিরিজটাও এখন আর কেউ নিরঙ্কুশভাবে জিততে পারবে না। সঙ্গে কুইন্স স্পোর্টস ক্লাবের দ্বিতীয় ওয়ানডেতে কাল জিম্বাবুয়ের ২৫২ রান তাড়া করেও ১৩ বল বাকি থাকতে ৬ উইকেটের জয় বলে দিচ্ছে, কেউ কারও চেয়ে এগিয়ে নেই। দুই দলের শক্তিমত্তা আসলে এখনো উনিশ-বিশই।২৫২ রান করার পর ৯৪ রানে প্রতিপক্ষের ৩ উইকেট ফেলে দেওয়া মানে জয়ের ভালো সম্ভাবনা তৈরি করা। কিন্তু বাংলাদেশের বোলার-ফিল্ডারদের হাত থেকে সেই সম্ভাবনা একটু একটু করে কেড়ে নিয়ে গিয়ে শেষ পর্যন্ত জয়ী স্বাগতিকেরাই, সিরিজে ফিরেছে সমতা। এমন নয় যে বাংলাদেশের বোলাররা খুব খারাপ বল করেছেন। আগের ম্যাচে সংগ্রাম করা সাকিব আল হাসান ৪২ রানে ১ উইকেট তুলে নিয়ে কিছুটা হলেও ফিরে পেয়ে থাকবেন আত্মবিশ্বাস। পেসারদের মধ্যে রবিউল উইকেটশূন্য থাকলেও ২ উইকেট পেয়েছেন শফিউল। জিয়া তো ফেরালেন সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান ব্রেন্ডন টেলরকেই। শন উইলিয়ামসের সঙ্গে ৭৩ রানের জমে যাওয়া চতুর্থ উইকেট জুটিটা ভেঙেছে টেলরের বিদায়ে। তবে ওয়ালারকে সঙ্গে নিয়ে উইলিয়ামস দলকে জিতিয়েই ফিরেছেন। সিরিজে সমতা ফেরানো অপরাজিত ৭৮ রানের জন্য হয়েছেন ম্যান অব দ্য ম্যাচও।জিতলেও পুরস্কার বিতরণী মঞ্চ থেকে দেওয়া দিনের তিনটি পুরস্কারের ওই একটাই পেয়েছে জিম্বাবুয়ে। বাকি দুটিই বাংলাদেশের এবং দুটিই আবদুর রাজ্জাকের হাত ধরে। না, বাঁহাতি স্পিনার রাজ্জাক উইকেট পাননি একটাও। তবে ব্যাট হাতে হঠাৎ করেই যেন হয়ে উঠেছিলেন ক্রিস গেইল! হারা ম্যাচেও সবচেয়ে বেশি ছক্কা আর দ্রুততম ফিফটির পুরস্কার তাই তাঁর হাতে। ২১ বলে করা ফিফটিটা অবশ্য শুধু এই ম্যাচের নয়, ওয়ানডেতে বাংলাদেশেরই দ্রুততম। তবে এই একই কীর্তি আছে বাংলাদেশের এই দলেরই আরেকজনের। ২০০৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে নটিংহ্যামশায়ারে মোহাম্মদ আশরাফুলও ফিফটি করেছিলেন মাত্র ২১ বলে।আশরাফুলের অমন ব্যাটিংয়ের পরও সেবার ১৬৮ রানে হেরেছিল বাংলাদেশ। কাল রাজ্জাকের কীর্তির পরও ফলাফল হারই। তবে রাজ্জাক ঝড়টা না তুললে আরও লজ্জাজনক হার মানতে হতে পারত বাংলাদেশকে।নয় নম্বর ব্যাটসম্যান হিসেবে রাজ্জাক উইকেটে আসার আগে মনেই হয়নি বাংলাদেশের ইনিংসটা আড়াই শ ছুঁতে পারে। ১৮৫ রানে পড়ে গিয়েছিল ৭ উইকেট। টেলএন্ডাররা ইনিংসটাকে আর কতটুকু টেনে নিতে পারেন সেটাই দেখার ছিল তখন। তা রাজ্জাক দেখালেন বটে! ইনিংসের ৪৩.৫ ওভারে জিয়ার আউটের পর উইকেটে এলেন। এরপর বাংলাদেশ দলের স্কোরবোর্ডে যোগ হওয়া ৬৭ রানের মধ্যে তাঁর একারই ৫৩! তার আগে ২১তম বলে জার্ভিসকে কাভার ড্রাইভে বাউন্ডারি মেরে পূর্ণ করেছেন আন্তর্জাতিক ক্রিকেটে নিজের প্রথম ফিফটি। সেটিসহ ২২ বলে অপরাজিত ৫৩ রানের ইনিংসে রাজ্জাকের বাউন্ডারি চারটি, আছে পাঁচ ছক্কাও।ব্যাট হাতে কুইন্স স্পোর্টস ক্লাবের ওপর দিয়ে আসলে ঝড়ই বইয়ে দিচ্ছিলেন রাজ্জাক। লং অন আর মিড উইকেট দিয়ে জার্ভিসের করা ইনিংসের শেষ ওভারে মেরেছেন দুই ছক্কা। ১৭ রান এসেছে ওই ওভারেই। দুই ছক্কা শিঙ্গি মাসাকাদজার বলেও। যার একটা ডিপ মিড উইকেট দিয়ে স্টেডিয়াম লাগোয়া গাছের ওপর পড়ে হারিয়েই গেল! এর আগে চাতারাকে মারা প্রথম ছক্কার ঠিকানাও হয়েছে গ্যালারি। জিম্বাবুয়ে অবশ্য রাজ্জাককে ফিরিয়ে দিতে পারত তাঁর ২৫ রানের সময়ই। কিন্তু নিজের বলে ব্যাটের কানায় লেগে ওঠা ক্যাচটা নিতে পারেননি জার্ভিস নিজেই।এ ছাড়া আশরাফুলের ক্যাচ ছেড়েছেন চাতারা। নিজের বলে চাতারা নিতে পারেননি মমিনুলের ক্যাচও। মমিনুল আরেকবার জীবন পেয়েছেন চিগুম্বুরার বলে। অন্যদের জীবন এ রকম ফিরে ফিরে আসার পরও রাজ্জাকের কারণেই অন্তত লড়াইয়ের পুঁজি পেয়েছিল বাংলাদেশ। নইলে উদ্দেশ্যহীন ব্যাট চালিয়ে দলের ১৬ রানের মধ্যেই তো ফিরে গেলেন দুই ওপেনার তামিম ইকবাল ও মোহাম্মদ আশরাফুল! ভরসা হতে পারেনি মিডল-অর্ডারও। সঙ্গে সিরিজের শুরু থেকে আসা বাজে আম্পায়ারিং তো আছেই। উতসেয়ার তীব্র আবেদনে সাকিবকে আম্পায়ার এলবিডব্লু দিয়ে দিলেও টিভি রিপ্লে জানিয়েছে ওটি আউট নয়। লেগ স্টাম্পের বাইরের দিকে যাওয়া বলটা প্যাডে লাগার আগে বেশ ভালোভাবেই ছুঁয়ে গেছে ব্যাটের ভেতরের কানা। সন্দেহ আছে মুশফিকুর রহিমের এলবিডব্লু নিয়েও।