ঠিকই ঘুরে দাঁড়াল স্পেন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ডেভিড ভিয়া আগেই প্রতিশ্রুতি দিয়েছিলেন, ‘চ্যাম্পিয়নস লিগের মতো এখানেও ঘুরে দাঁড়াব আমরা।’ ওটাই করে দেখাল স্পেন। পরশু বিশ্ব ও ইউরো চ্যাম্পিয়নরা ফ্রান্সকে হারাল ১-০ গোলে। এ ম্যাচে হারলে সরাসরি ২০১৪ ব্রাজিল বিশ্বকাপে যাওয়ার সম্ভাবনাটা অনিশ্চিত হয়ে পড়ত। চ্যাম্পিয়নস লিগে এসি মিলানের কাছে ২-০ গোলে হেরে এসেও দ্বিতীয় লেগটা ৪-০-তে জিতে কোয়ার্টার ফাইনালে উঠেছে বার্সেলোনা। আর এখনকার স্পেন তো বার্সেলোনারই আরেক পিঠ!বিশ্বকাপ ইউরোপীয় অঞ্চলের বাছাইপর্বে পরশু জয় পেয়েছে জার্মানি, ইতালি, হল্যান্ড, পর্তুগালও। তবে মন্টেনেগ্রোর সঙ্গে ইংল্যান্ডকে পুড়তে হয়েছে ড্রয়ের যন্ত্রণায়। প্রতিটি গ্রুপের চ্যাম্পিয়ন দলই শুধু পাবে সরাসরি ব্রাজিলের টিকিট। রানার্সআপ দলকে খেলতে হবে প্লে-অফ। এই সমীকরণ নিয়ে পরশু ম্যাচটা স্পেন শুরু করেছিল ফ্রান্সের চেয়ে ২ পয়েন্ট পিছিয়ে থেকে। হারলে ফ্রান্সের সঙ্গে স্পেনের ব্যবধানটা হয়ে যেত ৫ পয়েন্ট। অথচ বাছাইপর্বে বাকি আর মাত্র তিনটি করে ম্যাচ। বিপদটা আঁচ করতে পেরে স্পেন মাঠে নামে ‘জিততেই হবে’ প্রতিজ্ঞায়। তাতে ফলও হয়েছে, ৫৮ মিনিটে পেদ্রোর গোল জয় নিশ্চিত করেছে স্পেনের। এই জয়ে ফ্রান্সকে টপকে বিশ্ব ও ইউরো চ্যাম্পিয়নরা আবার উঠে গেছে পয়েন্ট তালিকার শীর্ষে। ৫ ম্যাচে স্পেনের পয়েন্ট ১১, ফ্রান্সের ১০। রাস্তাটা এখনো শঙ্কামুক্ত নয়। তবে স্পেন নিশ্চিতভাবেই সুবিধাজনক অবস্থানে। কারণ স্পেনের বাকি ম্যাচ তিনটি ফিনল্যান্ড, জর্জিয়া ও বেলারুশের বিপক্ষে। ম্যাচ শেষে কোচ ভিসেন্তে দেল বস্ক দলকে ভাসিয়েছের প্রশংসায়, ‘৩ পয়েন্ট পাওয়াটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। তবে খেলোয়াড়েরা তাদের পরিপক্বতার প্রমাণ দিয়েছে।’ এদিকে আবারও গোল করতে ব্যর্থ করিম বেনজেমা। এ নিয়ে ফ্রান্সের জাতীয় দলের হয়ে রিয়াল মাদ্রিদ স্ট্রাইকার গোলহীন থাকলেন ১০০০ মিনিট! তার পরও কোচ দিদিয়ের দেশমকে পাশেই পাচ্ছেন বেনজেমা।নুরেমবার্গে মার্কো রিউসের জোড়া গোলে জার্মানি ৪-১ গোলে হারিয়েছে কাজাখস্তানকে। এই জয়ে ৬ ম্যাচে ১৬ পয়েন্ট তিনবারের বিশ্ব চ্যাম্পিয়নদের। ব্রাজিলের টিকিটটা বলতে গেলে জোয়াকিম লোর দলের হাতের মুঠোতেই। কারণ ‘সি’ গ্রুপে দ্বিতীয় স্থানে থাকা অস্ট্রিয়ার পয়েন্ট মাত্র ৮। পরশু যারা আয়ারল্যান্ডের সঙ্গে ড্র করেছে ২-২ গোলে।দুর্বল মাল্টার বাধা ইতালি পেরিয়েছে মারিও বালোতেল্লি-জাদুতে। দলের ২-০ গোলের জয়ে দুটি গোলই করেছেন ‘সুপার মারিও’। এই জয়ে ৫ ম্যাচে ১৩ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপের শীর্ষে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। ৬ ম্যাচে ১০ পয়েন্ট নিয়ে দুই নম্বরে বুলগেরিয়া। চেলসি মিডফিল্ডার এডেন হ্যাজার্ডের গোলে ‘এ’ গ্রুপের শীর্ষ দল বেলজিয়াম মেসিডোনিয়াকে হারিয়েছে ১-০ গোলে। ‘ডি’ গ্রুপে নিজেদের মাঠে রবিন ফন পার্সির জোড়া গোলে হল্যান্ড ৪-০ ব্যবধানে হারিয়েছে রোমানিয়াকে। এএফপি, ওয়েবসাইট।আজারবাইজানের বিপক্ষে রোনালদো-নানিবিহীন পর্তুগাল জিতেছে ২-০ গোলে। নিষেধাজ্ঞার কারণে খেলতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। ইংল্যান্ড মন্টেনেগ্রোয় গিয়েছিল গ্রুপ শীর্ষে ওঠার লক্ষ্য নিয়ে। কিন্তু রয় হজসনের দলের স্বপ্ন পূরণ হয়নি। রুনির গোলে ইংল্যান্ড প্রথমে এগিয়ে গেলেও শেষ পর্যন্ত ১-১ গোলে ড্র করে মন্টেনেগ্রো ধরে রেখেছে শীর্ষস্থান। এক নজরে ফ্রান্স ০ : ১ স্পেন আর্মেনিয়া ০ : ৩ চেক প্রজাতন্ত্র মাল্টা ০ : ২ ইতালি জার্মানি ৪ : ১ কাজাখস্তান হল্যান্ড ৪ : ০ রোমানিয়া আজারবাইজান ০ : ২ পর্তুগাল মন্টেনেগ্রো ১ : ১ ইংল্যান্ড* প্রথমে স্বাগতিক দেশ