ঠেকাও নেইমার!

মুখোমুখি ব্রাজিল–মেক্সিকো
অস্কার
প্রথম ম্যাচে ব্রাজিলের খেলাটা তৈরি করেছেন এই মিডফিল্ডার। নেইমারকে দিয়ে গোল করিয়েছেন, আবার নিজেও করেছেন। প্রতিপক্ষরাও জানেন নেইমারকে আটকানোর সবচেয়ে ভালো উপায় হচ্ছে অস্কারকে আটকে রাখা।
পেরালতা
দুই বছর আগে তাঁর জোড়া গোলেই ব্রাজিলকে হারিয়ে অলিম্পিক সোনা জিতেছিল মেক্সিকো। গোল পেয়েছেন ক্যামেরুনের বিপক্ষে প্রথম ম্যাচেই। চেনা শত্রুর বিপক্ষে আজও ছন্দটা ধরে রাখতে চাইবেন মেক্সিকান স্ট্রাইকার।
একটা কাল্পনিক টিম মিটিংয়ের কথা ভাবা যাক। মেক্সিকো কোচ মিগুয়েল হেরেরা রুদ্ধদ্বার বৈঠক করছেন ছাত্রদের নিয়ে। চার ডিফেন্ডারকে পরে আলাদা করে ডেকে নিলেন, ‘শোনো, তোমাদের কাজ একটাই৷ নেইমারকে ঠেকাতে হবে। যেভাবেই হোক।’
না, হেরেরা এই ব্যবস্থাপত্রই বাতলে দেবেন, সেটা ভাবার কারণ নেই। নেইমারকে মেক্সিকো খেলোয়াড়েরা অপ্রয়োজনে ফাউল করবেন, সেটাও কষ্টকল্পনা। কিন্তু এটা তো সত্যি, ব্রাজিলকে ঠেকাতে হলে আগে নেইমারকে ঠেকাতে হবে। ২২ বছর বয়সী ফরোয়ার্ডকে বোতলবন্দি করে রাখলে তো ব্রাজিল অনেকটাই অকেজো হয়ে পড়বে।
প্রথম দিন ক্রোয়েশিয়ার সঙ্গেই দেখিয়েছেন হলুদ জার্সি পরলে কেন তিনি বদলে যান। ম্যাচের শুরুতেই আত্মঘাতী গোল খেয়ে স্বাগতিকদের তো প্রথম ম্যাচেই হোঁচট খাওয়ার ভয় পেয়ে বসেছিল। নেইমার তখনই আবির্ভূত হলেন ত্রাণকর্তা হয়ে। বাঁ পায়ের মাপা শটে প্রথমে ফেরালেন সমতা। যে পা নিয়ে একসময় সতীর্থ থিয়াগো সিলভা রসিকতা করেছিলেন, ‘ওর বাঁ পা দিয়ে শুধু গাড়ি চালানোর সময় ক্লাচে ভরদেওয়া যায়!’ পরে পেনাল্টি থেকে আরেকটি গোল করে অ্যারেনা করিন্থিয়ানসকে ভাসালেন আনন্দে। ক্লাবে ফর্ম যাই হোক, দেশের জার্সিতে নেইমার দুর্বার।
ধারাটা যদি আজ বজায় রাখতে পারেন, তাহলে ব্রাজিল স্বস্তি নিয়েই মাঠ ছাড়বে। তবে নেইমার নিজেই আছেন খানিকটা অস্বস্তিতে। ক্রোয়েশিয়ার সঙ্গে প্রথম ম্যাচে পেয়েছিলেন হলুদ কার্ড। আজও হলুদ কার্ড দেখলে ক্যামেরুনের সঙ্গে শেষ ম্যাচে মাঠে নামতে পারবেন না। আজ নিশ্চয়ই কোনো ঝুঁকি নিতে চাইবেন না নেইমার!
কিন্তু নেইমারকে নিয়ে মেক্সিকোর পরিকল্পনা কী? ডিফেন্ডার রাফায়েল মার্কেজ গ্লোবোকে বলেছেন, ‘আমাদের কভার দিতে হবে। একজনের বিপক্ষে দুজন লাগবে। দ্রুত হতে হবে, মাঠে জায়গা দখলে রাখতে হবে। আর নেইমারকে খেলতে দেওয়া যাবে না।’
মার্কেজ অবশ্য অস্কার ও হাল্কের নামও উল্লেখ করলেন আলাদা করে, ‘ক্যামেরুনের সঙ্গে জয়টা ছিল দারুণ। কিন্তু ব্রাজিলের সঙ্গে ম্যাচটা হবে অনেকটাই অন্যরকম। আমরা জানি নেইমার, অস্কার ও হাল্ক কী করতে পারে। ওদের সামলানোর জন্য আমরা অনুশীলন করছি।’
সেই অনুশীলনের ফল কতটা কাজে দেবে, সেটা আজই জানা যাবে! ওয়েবসাইট।