ড. শচীন টেন্ডুলকার?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শচীন টেন্ডুলকার
শচীন টেন্ডুলকার

লিটল মাস্টার, মাস্টার ব্লাস্টার, ভারতের ক্রিকেট দেবতা—কত কিছুই না লেখা হয় শচীন টেন্ডুলকারের নামের আগে। সর্বকালের অন্যতম সেরা এই ব্যাটসম্যানের মাহাত্ম্য বর্ণনের জন্য প্রায়ই এসব বিশেষণ ব্যবহার করা হলেও কোনোটিই স্থায়ী কিছু নয়। তবে খুব দ্রুতই হয়তো স্থায়ীভাবে একটা ‘ড.’ যোগ করতে হবে শচীনের নামের আগে। কারণ আরও একবার শচীনকে সম্মানসূচক ডি-লিট ডিগ্রি দেওয়ার বিষয়টি আলোচিত হয়েছে মুম্বাই বিশ্ববিদ্যালয়ের সিনেটে।

এর আগেও অবশ্য এই সম্মানসূচক ডিগ্রি নেওয়ার সুযোগ এসেছিল শচীনের সামনে। কয়েক বছর আগে মাইসোর বিশ্ববিদ্যালয় ও যশবন্তরাও চাভান মহারাষ্ট্র ওপেন ইউনিভার্সিটির পক্ষ থেকে আসা প্রস্তাব দুটি ফিরিয়েই দিয়েছিলেন শচীন। তাই এবার শেষ পর্যন্ত মনোনীত হলেও মুম্বাই বিশ্ববিদ্যালয়ের এই প্রস্তাবটি তিনি গ্রহণ করবেন কি না, সেটাও দেখার বিষয়।

২০১১ সালে ভারতের বিশ্বকাপ জয়ের পর শচীনকে সম্মানসূচক ডি-লিট ডিগ্রি দেওয়ার বিষয়টি প্রথমবারের মতো উত্থাপিত হয়েছিল মুম্বাই বিশ্ববিদ্যালয়ে। কিন্তু সেবার সেটি নাকচ করে দিয়েছিল বিশ্ববিদ্যালয় সিনেট।

শেষ পর্যন্ত সত্যিই ডিগ্রিটি শচীনের হাতে উঠলে তিনিই হবেন সম্মানসূচক ডি-লিট ডিগ্রি পাওয়া প্রথম ভারতীয় ক্রীড়াবিদ।