ডট ছাড়া ঝড়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইকেটের পেছনে এখনো যথেষ্ট ক্ষিপ্র, কিন্তু ক্ষিপ্রতা কমে গেছে উইকেটের সামনে। দক্ষিণ আফ্রিকার ওয়ানডে ও টি-টোয়েন্টি দলে জায়গা হারিয়েছেন, আইপিএলের নিলামেও কোনো দল কেনেনি। এবারের আইপিএলে মার্ক বাউচারের জায়গা হয়েছে তাই ধারাভাষ্য কক্ষে! ব্যাট হাতে একসময় কতটা ভয়ংকর ছিলেন, সেটা মনে করিয়ে দিতে পারে একটা রেকর্ড। পুরো ইনিংসে কোনো ডট বল না খেলে ওয়ানডেতে সবচেয়ে বড় ইনিংসটির মালিক এখনো দক্ষিণ আফ্রিকান উইকেটকিপার। ২০০১ সালে কেপটাউনে কেনিয়ার বিপক্ষে ম্যাচটিতে তাঁর ইনিংসের বিন্যাস ছিল—২২১৬১১২১২১৬৪১২১৪১৬৬১। ২০ বল খেলে কোনো ডট নেই, রান ৫১। গত জুলাইতে বাউচারের খুব কাছাকাছি গিয়েছিলেন রবি বোপারা। এজবাস্টনে বাংলাদেশের বিপক্ষে ১৬ বল খেলে ইংলিশ অলরাউন্ডার কোনো ডট ছাড়া রান করেছিলেন ৪৫। রেকর্ডে পরের দুটি জায়গা একজনেরই, বাউচারের মতো তিনিও সম্প্রতি দলে জায়গা হারিয়েছেন। ২০০৩ সালে লাহোরে নিউজিল্যান্ডের বিপক্ষে ১৬ বলে ৪২ করেছিলেন পাকিস্তানি অলরাউন্ডার আবদুল রাজ্জাক, এর আগের বছর মরক্কোর তাঞ্জিয়ারে শ্রীলঙ্কার বিপক্ষে ১১ বলে ২৯।