ডনকে পেয়ে রোমাঞ্চিত শচীন
বাস্তবে কখনোই সম্ভব নয়। কিন্তু কল্পনার জগতে তো আর কোনো সীমারেখা নেই! স্যার ডন ব্র্যাডম্যানের সঙ্গে ব্যাটিং করছেন—কল্পনায় এই ছবিটা ভেবে যারপরনাই রোমাঞ্চিত ‘এ যুগের ডন’ শচীন টেন্ডুলকার। স্বপ্নের বোলার ম্যালকম মার্শালের সঙ্গে একই দলে আছেন, বিশ্বাসই হচ্ছে না ওয়াসিম আকরামের। এতসব ‘গ্রেট’কে পেছনে ফেলে সেরা একাদশে জায়গা পেয়ে রোমাঞ্চিত গিলক্রিস্ট-লিলিরাও। ক্রিকইনফোর সর্বকালের সেরা একাদশ এভাবেই একসুতায় গেঁথে ফেলেছে অতীত আর বর্তমানকে। ক্রিকেটপ্রেমীরা তো বটেই, কল্পনার আকাশে পাখা মেলে দিয়েছেন দলে জায়গা পাওয়া গ্রেটরাও।টেন্ডুলকারের প্রাথমিক প্রক্রিয়া, ‘অবিশ্বাস্য!’ একাদশের অন্য নামগুলোর দিকে তাকিয়ে তাঁদের মাঝে নিজেকে যেন বিশ্বাসই করতে পারছেন না টেন্ডুলকার। সত্যিই যদি এঁদের সতীর্থ হিসেবে পান, কী করবেন, ভেবে ফেলেছেন লিটল মাস্টার, ‘এমন স্বপ্নের একটি দলে খেলা, লাঞ্চের পর ব্র্যাডম্যানের সঙ্গে উইকেটে হেঁটে যাওয়া, ভিভ রিচার্ডসের সঙ্গে জুটি গড়া, সোবার্সের সঙ্গে ক্রিকেট নিয়ে কথা বলা—এর চেয়ে ভালো আর কী-ই বা হতে পারে! খেলতাম আর তাঁদের সঙ্গে ক্রিকেট নিয়ে অনেক কথা বলতাম। হবস ও হাটনকে জিজ্ঞাসা করতাম, ঢেকে না রাখা উইকেটে খেলাটা কেমন ছিল, তাঁদের খেলা সেরা বোলার কে। আর অবশ্যই কথা বলতাম খেলাটার মানসিক দিকগুলো নিয়ে।’টেন্ডুলকারের সবচেয়ে ভালো লাগছে, এই দলের শতকরা ৬০ ভাগের সঙ্গেই কোনো না কোনো সময় খেলেছেন। আবার সবাই এক হওয়ার কথা ভাবতেই রোমাঞ্চিত প্রায় ৩২ হাজার আন্তর্জাতিক রানের মালিক, ‘মার্শালের সঙ্গে কাউন্টিতে খেলেছি, প্রদর্শনী ম্যাচ খেলেছি রিচার্ডসের সঙ্গে। আমার বয়স যখন ১৫, এমআরএফ পেস একাডেমির নেটে লিলির মুখোমুখি হয়েছিলাম। এমন রোমাঞ্চিত হয়েছিলাম, মনে আছে ভাইকে ডেকে বলেছিলাম, আমি লিলির বোলিং খেলেছি! তাঁর সঙ্গে প্রথম দেখার সময় আমার বয়স ১২। এখন সেই লিলিই আমার সতীর্থ, সত্যিই অবিশ্বাস্য!’বিশ্বাস করতে পারছেন না ওয়াসিম আকরামও, ‘সর্বকালের সেরা একাদশের কথা বাদ দিন, পাকিস্তান দলে খেলব, এটাই তো কখনো ভাবিনি! এমন বিচারকদের রায়ে নির্বাচিত হওয়াটা বিশেষ কিছু, আরও বেশি সম্মানের ব্র্যাডম্যান, সোবার্স, রিচার্ডস, শচীনদের পাশে খেলা। আমার জীবনের সেরা অর্জনগুলোর একটি।’ম্যালকম মার্শালকে সব সময়ই ‘বোলিং হিরো’ বলে এসেছেন আকরাম। হিরোর পাশে নিজেকে দেখে আনন্দ যেন ডানা মেলে দিচ্ছে আকরামের, ‘অনেকেই আমাকে জিজ্ঞেস করে, আমার দেখা সেরা বোলার কে। ইমরান গ্রেট বোলার ছিলেন, সন্দেহ নেই। দারুণ পরিশ্রমী ও ধূর্ত ছিলেন। লিলিকে খুব বেশি দেখিনি, কিন্তু এক শ লোক যখন তাঁকে সেরা বলে, এটাই প্রমাণ করে কতটা ভালো ছিলেন তিনি। আমি যখন কোনো বোলারকে বিচার করি, তখন বিবেচনা করি ক্রিকেটবিশ্বের সব জায়গায় কে ভালো করেছে। এ জন্যই মার্শালকে আমি বলি সবার সেরা।’গিলক্রিস্ট রোমাঞ্চিত যাঁদের টপকে জায়গা পেয়েছেন তাঁদের তালিকাটা ভেবে, ‘রডনি মার্শ, ইয়ান হিলি, মার্ক বাউচার কিংবা অ্যালাট নট খুব সহজেই দলে আসতে পারতেন। একাদশে মাত্র চার অস্ট্রেলিয়ানের একজন নির্বাচিত হওয়াটা দারুণ সম্মানের।’ চার অস্ট্রেলিয়ানের আরেকজন ডেনিশ লিলি সম্মানিত বোধ করছেন বিচারকদের তালিকা দেখে। ৭৯ টেস্টে ৩৫৫ উইকেটের মালিক বিস্মিত বাদ পড়াদের কথা ভেবে, ‘এই একাদশ নিয়ে প্রশ্ন তোলা কঠিন। যদিও স্বাভাবিকভাবেই অনেক গ্রেট বাদ পড়েছেন। বাদ পড়াদের নিয়ে একটা একাদশ গড়লেও খারাপ হয় না। আমি নিশ্চিত, ওই দলটা এই দলকে ছেড়ে কথা বলবে না!’লিলি হয়তো খেয়াল করেননি, ক্রিকইনফো দ্বিতীয় সেরা একাদশও গড়েছে। সেই দলটা দেখলে লিলি বুঝতেন, তাঁর কথাটা কতটা সত্যি! ওয়েবসাইট।