ডনের দেশে ‘ডনে’র মূর্তি
অনেক উপহারই পেয়েছেন জন্মদিনে। কিন্তু এই গোধূলিবেলায় যে উপহারটা পেলেন সেটাও হলো মহার্ঘ্য। সামনের বুধবারই চল্লিশে পা দেবেন শচীন টেন্ডুলকার। জন্মদিনের আগেই গতকাল মাদাম তুসো জাদুঘরের সৌজন্যে সিডনি ক্রিকেট গ্রাউন্ডে উন্মোচিত হলো লিটল মাস্টারের মোমের মূর্তি।ঝটিকা সফরে টেন্ডুলকার নিজেই উড়ে গিয়েছিলেন সিডনিতে। ‘স্বামী আর্মি’ নামের একদল ভারত সমর্থকেরাও ছিল সেখানে। তাদের হর্ষধ্বনির মাঝেই অবগুণ্ঠন উন্মোচিত হয় মূর্তিটির।নিজের দেশে তিনি ক্রিকেট-দেবতা। ব্যাট করার সময় সঙ্গে থাকে কোটি ভারতীয়র শুভকামনা। এবার ভারত মহাসাগর পেরিয়ে অস্ট্রেলিয়াও বসলেন সম্মানের শিখরে, সেটাও আবার নিজের ‘ফেবারিট গ্রাউন্ড’ সিডনিতে।এমনিতেই সিডনি সব সময় আলাদা একটা জায়গা নিয়ে আছে টেন্ডুলকারের জীবনে। ২০০৪ সালে এখানেই খেলেছিলেন ২৪১ রানের দুর্দান্ত একটা ইনিংস। সে সময় সেটাই ছিল তাঁর সর্বোচ্চ স্কোর। মূর্তি উন্মোচনের পর তাঁর হূদয়ের সঙ্গে একটা অচ্ছেদ্য বন্ধনই গড়ে উঠবে সিডনির সঙ্গে। এ যুগের ‘ডনে’র মূর্তি বসবে আবার আসল ডন ব্র্যাডম্যানের মূর্তির পাশেই। এখানে আছে শেন ওয়ার্নেরও মূর্তি। অস্ট্রেলিয়ায় এমন সম্মান অবশ্য আগেও পেয়েছিলেন। গত বছর ক্রিকেটে অবদানের জন্য পেয়েছিলেন অর্ডার অব অস্ট্রেলিয়া পদক। এমন উপহার পেয়ে উচ্ছ্বসিত ভারতের ক্রিকেট কিংবদন্তি, ‘এর চেয়ে সম্মানের আর কিছুই হতে পারে না।’ বিশেষ করে স্যার ডনের সঙ্গে থাকতে পারাটাই বেশি রোমাঞ্চিত করছে তাঁকে, ‘স্যার ডনের সঙ্গে যেকোনোভাবে জড়িয়ে থাকতে পারাটাই সম্মানের। আমি খুবই খুশি ও রোমাঞ্চিত।’ ১৯৯৮ সালে অ্যাডিলেডের বাসায় ব্র্যাডম্যানের সঙ্গে দেখা করেছিলেন। সততই সেই স্মৃতিচারণা করেন টেন্ডুলকার।জীবদ্দশায় যা যা পাওয়া সম্ভব, তার প্রায় সবই পেয়ে গেছেন। মূর্তি হওয়ার পর এখন তো জীবন্ত কিংবদন্তিই হয়ে গেলেন। প্রশ্নও উঠে গিয়েছিল, তবে কি বিদায়বেলা ঘনিয়ে আসছে? টেন্ডুলকার অবশ্য অবসরের ভাবনাটা উড়িয়ে দিয়েছেন কদিন আগে। বলেছেন, তাঁর অবসর নিয়ে কে কী বলল, তা নিয়ে তিনি মোটেই আগ্রহী নন। ওয়েবসাইট।