ডনের পাশে শচীন
রেকর্ড গড়াই হয় ভাঙার জন্য। কিন্তু কিছু কিছু রেকর্ড থেকে যায় একেবারে অলঙ্ঘনীয়, অবিনশ্বর হয়ে। সর্বকালের সেরা ব্যাটসম্যান স্যার ডন ব্রাডম্যানের ক্যারিয়ার গড়াটাও (৯৯.৯৪) সে রকমই একটা বিস্ময় হয়ে আছে ক্রিকেট ইতিহাসে। কিন্তু কিছু সময়ের জন্য হলেও ব্রাডম্যানের সেই স্বপ্নের গড় ছুঁয়ে ফেললেন শচীন টেন্ডুলকার। ২০১০ সালে এখন পর্যন্ত নয়টি টেস্টে ১৪টি ইনিংসে শচীনের গড় ৯৯.৫০!অস্ট্রেলিয়ার বিপক্ষে চলমান ব্যাঙ্গালুরু টেস্টে প্রথমবারের মতো টেস্ট ইতিহাসে ১৪ হাজার রানের মাইলফলক ছুঁয়েছেন লিটল মাস্টার। তৃতীয় দিনে টেস্ট ক্যারিয়ারের ৪৯তম সেঞ্চুরিটা করেই থেমে যাননি তিনি। চতুর্থ দিনের শুরুতেই পূর্ণ করেছেন ষষ্ঠ ডাবল সেঞ্চুরি। ২০ বছর আগে আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনে পা দিয়ে একের পর এক প্রায় সব ব্যাটিং রেকর্ডকেই পদানত করেছেন শচীন টেন্ডুলকার। গড়েছেন টেস্ট, ওয়ানডে দুটিতেই সর্বোচ্চ রান, সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড। নতুন করে অন্য কারও রেকর্ড ভাঙার মতোও প্রায় তেমন কিছু নেই টেন্ডুলকারের সামনে। এখন যেন নিজেকে সবার ধরাছোঁয়ার বাইরে নিয়ে যাওয়ার চেষ্টায় রত এই ব্যাটিং ‘মিরাকল’।