ডনের বাড়ি দেখতে চান?

৫২ শেফার্ড স্ট্রিট, বাউরাল। ঠিকানাটা চেনা লাগছে কি? হ্যাঁ, এই বাড়িতেই শৈশব-কৈশোর কেটেছে স্যার ডন ব্র্যাডম্যানের। বাবা-মায়ের হাত ধরে তিন বছর বয়সে এসে উঠেছিলেন, ছিলেন ১৬ বছর বয়স পর্যন্ত। এখানেই তাঁর ক্রিকেটের প্রথম পাঠ। বাড়ির পেছনে একটা পানির ট্যাংক ছিল, যেটিও এখন ক্রিকেট রূপকথারই অংশ। যে ট্যাংকের নিচে পাটাতনে গলফ বল ছুড়ে একটা স্ট্যাম্প দিয়ে সেটিকে মারার চেষ্টায় দিন কাটত কিশোর ব্র্যাডম্যানের।
নামফলকটা আছে অনেক দিন ধরেই, তবে বাড়িটা হাতবদল হয়েছে অনেকবার। বছর দশেক আগে বাড়িটা কিনে নিয়েছিলেন অস্ট্রেলিয়ার সমাজসেবক ও ব্যবসায়ী অ্যান্ড্রু লিমিং। তারপর থেকে এটাকে সংস্কারের কাজ করে যাচ্ছেন, উদ্দেশ্য ছিল যতটা পারা যায় আগের রূপ দেওয়া। এমনকি ব্র্যাডম্যানের সময়ের মতো করে একটা ট্যাংকও বসিয়েছেন। সব সংস্কারকাজ শেষ হওয়ার পর অবশেষে সম্প্রতি ব্র্যাডম্যানের স্মৃতিবিজড়িত সেই বাড়ি উন্মুক্ত করে দেওয়া হয়েছে দর্শনার্থীদের জন্য। অবশ্য সে জন্য দর্শনার্থীদের গুনতে হবে ৪০ থেকে ১৮০ ডলারের মতো।
গত ২৫ ফেব্রুয়ারি ব্র্যাডম্যানের ১৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে মুম্বাই প্রেসক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানে উপস্থিত থেকে খবরটা দিয়েছেন লিমিং নিজেই। শুনিয়েছেন কীভাবে পত্রিকায় বাড়ি কেনার বিজ্ঞাপন দেখতে গিয়ে ব্র্যাডম্যানের এই বাড়িটার খোঁজ পান, এরপর এটার সংস্কারকাজ করতে গিয়ে তাঁকে ব্র্যাডম্যান নিয়ে কত গবেষণা করতে হয়েছে—সেসব গল্প।
অস্ট্রেলিয়ানরা তো অবশ্যই, এশিয়া থেকেও ক্রিকেটপ্রেমীরা সেই বাড়ি দেখতে যাবেন, এমন আশা লিমিংয়ের। দর্শনার্থীদের কাছ থেকে পাওয়া অর্থটা তিনি কাজে লাগাবেন সমাজসেবামূলক অন্য কোনো কাজে। মুম্বাই মিরর।