ডনোভানকে নিয়ে ক্লিন্সম্যান-পুত্রের তামাশা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্লিন্সম্যানের সঙ্গে ডনোভানের এ দৃশ্য বিশ্বকাপে দেখা যাবে না।
ক্লিন্সম্যানের সঙ্গে ডনোভানের এ দৃশ্য বিশ্বকাপে দেখা যাবে না।

যুক্তরাষ্ট্রের ফুটবলে ল্যান্ডন ডনোভান নিঃসন্দেহে বড় নাম। অথচ এবার বিশ্বকাপে ডনোভানকেই ২৩ সদস্যের দলে রাখেননি কোচ ইয়ুর্গেন ক্লিন্সম্যান। এখন পর্যন্ত বিশ্বকাপ দল ঘোষণায় এটিই সবচেয়ে বড় বিস্ময়। ডনোভানের বাদ পড়ার পর নানা আলোচনা-সমালোচনার মধ্যেই আরেক খবরের জন্ম দিলেন ক্লিন্সম্যান-পুত্র জোনাথান। টুইটারে রীতিমতো তামাশা করেছে যুক্তরাষ্ট্র অনূর্ধ্ব-১৮ দলের সদস্য জোনাথান। যাকে বলে কাটা ঘায়ে নুনের ছিটা! পুত্রের এমন কাণ্ডে যারপরনাই হতাশ পিতা।
৩২ বছর বয়সী ডনোভানের বাদ পড়া প্রসঙ্গে জোনাথান টুইট করে, ‘হা হা হা ডনোভান হা হা হা, আমার ফোন আমাকে না জানানোর আগ পর্যন্ত জানতামই না।’ এরপর চারটি কান্না ইমোটিকনস ব্যবহার করা হয়। টুইটটি নিয়ে চারদিকে শোরগোল পড়ায় তা সরিয়ে ফেলা হয়।
যুক্তরাষ্ট্র কোচ ছেলের কম্ম প্রসঙ্গে বলেন, ‘আমি খুব হতাশ। ওকে দ্রুতই বলেছি। কয়েক মিনিট পর বুঝেছে, কী করেছে সে। স্কুল থেকে ফিরে বন্ধুদের সঙ্গে মজা করতে গিয়ে এমন হয়েছে।’ এরই মধ্যে ডনোভানের কাছে ক্ষমা চেয়েছে জোনাথান। এএফপি।