ডনোভানের গোয়েন্দাগিরি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শার্লক হোমস, জেমস বন্ডের দেশে এসে গোয়েন্দাগিরি! তা-ই তো মনে হচ্ছে। তাও আবার ছদ্মবেশে কিংবা গোপনে নয়। প্রকাশ্যে, একেবারে ঘোষণা দিয়ে! দুঁদে গোয়েন্দার নাম ল্যান্ডন ডনোভান!যুক্তরাষ্ট্র ফুটবল দলের সবচেয়ে বড় তারকা ডনোভান এখন ইংল্যান্ডে। এলএ গ্যালাক্সিতে ডেভিড বেকহামের সতীর্থ ফরোয়ার্ড বেকহামের পদাঙ্ক অনুসরণ করে ধারে খেলতে এসেছেন ইউরোপে। বেকহামের দেশেই। এভারটনের হয়ে খেলছেন। যে তিন মাস লিভারপুলের ক্লাবটিতে খেলবেন, এই সময়টায় ইংলিশ ফুটবলের ওপর কড়া নজরদারি থাকবে তাঁর। যুক্তরাষ্ট্র যে আবার ১৯৫০ বিশ্বকাপের মতো চমকে দিতে চায় ইংল্যান্ডকে।২০১০ বিশ্বকাপে গ্রুপ ‘সি’য়ে মুখোমুখি হবে এই দুদল। বিশ্বকাপের ইতিহাসের অন্যতম অঘটনের জন্ম যে দুই দলের সঙ্গে জড়িয়ে। ১৯৫০ বিশ্বকাপে ‘পার্টটাইম’ ফুটবলারদের নিয়ে গড়া যুক্তরাষ্ট্র দলটা ১-০ গোলে হারিয়ে দিয়েছিল ওই বিশ্বকাপের অন্যতম ফেবারিট ইংল্যান্ডকে। ইংলিশদের গর্ব চূর্ণ করে দিয়ে ৩৮ মিনিটে গোল করে বসলেন জো গায়েটজেন্স। এই পরাজয় এতটাই অপ্রত্যাশিত ছিল যে এক ব্রিটিশ পত্রিকা খবর ছাপিয়েছিল, ০-১ ব্যবধানে পরাজয় নয়; ইংল্যান্ড আসলে ১০-১ ব্যবধানে জয়ী!বিশ্বকাপের পোশাকি মহড়ার টুর্নামেন্ট কনফেডারেশনস কাপে ইউরোপ চ্যাম্পিয়ন স্পেনকে হারিয়ে ফাইনালে ওঠা, সেখানে ব্রাজিলের মতো দলকে কাঁপিয়ে দেওয়া—এসবই যুক্তরাষ্ট্রের এই দলটার আত্মবিশ্বাসের পালে দিচ্ছে বাড়তি হাওয়া। এবারের অন্যতম ফেবারিট ইংল্যান্ডকে আবারও চমকে দেওয়ার স্বপ্নের অন্যতম কারিগর ডনোভান জানাচ্ছেন, এভারটনে খেলার সুযোগটার সর্বোচ্চ সদ্ব্যবহার তিনি করবেন, ‘আমার প্রধান লক্ষ্য দলকে সাহায্য করা। ইংল্যান্ডের খেলোয়াড়দের বিপক্ষে খেলার এই অভিজ্ঞতা দক্ষিণ আফ্রিকায় আমাদের কাজে দেবে। পাশাপাশি টিভিতেও আমি অনেক ম্যাচ দেখব। সেটাও সাহায্য করবে।’ ওয়েবসাইট।