ডনোভানের দুঃসময়ের অবসান
সময়টা মোটেও ভালো যাচ্ছিল না লানডন ডনোভানের। ২০০৬ সালের বিশ্বকাপ থেকে দুর্বল পারফরম্যান্স, গত জুলাইয়ে অভিনেত্রী স্ত্রীর সঙ্গে বিচ্ছেদ—দুয়ে মিলিয়ে সমালোচকদের তীক্ষ সব তীর ছুটে আসছিল তাঁর দিকে। তবে পারফরম্যান্স দিয়েই সব সমালোচনার জবাব দিয়েছেন ডনোভান। অতিরিক্ত সময়ে তাঁর দেওয়া নাটকীয় গোলের সুবাদেই আলজেরিয়াকে হারিয়ে গ্রুপের শীর্ষে থেকে দ্বিতীয় রাউন্ডে উঠে গেছে যুক্তরাষ্ট্র। দীর্ঘ হতাশা কাটিয়ে এখন ‘দুনিয়ার সব ভালোর’ ওপর বিশ্বাস করতে শুরু করেছেন ডনোভান। দ্বিতীয় রাউন্ডে যেতে হলে গতকাল জয়ের বিকল্প ছিল না যুক্তরাষ্ট্রের। অথচ নির্ধারিত ৯০ মিনিট পর্যন্ত গোলের দেখা পায়নি কোনো দল। প্রথম রাউন্ড থেকে যখন বিদায়ের আশঙ্কা যুক্তরাষ্ট্র শিবিরে, ইনজুরি সময়ে নাটকীয়ভাবে গোল করে বসলেন ডনোভান। ম্যাচ শেষে যুক্তরাষ্ট্রের জয়ের নায়ক ডনোভান রয়টার্সকে বলছেন, ‘গত চার বছর ধরে এ সময়টার অপেক্ষা করেছি আমি। আমার আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। পৃথিবীর সব ভালোর ওপর বিশ্বাস জন্মেছে আমার।’ডনোভানের এই কৃতিত্বের পেছনে তাঁর তিক্ত অভিজ্ঞতাই মূল নিয়ামক হিসেবে কাজ করেছে বলে মনে করছেন কোচ বব ব্র্যাডলি। তিনি বলছেন, ‘আপনি যখনই জীবনে কঠিন সময়ের মুখোমুখি হবেন, তখনই আপনি নিজেকে অনেক বেশি দৃঢ় করতে পারবেন। জীবনের কঠিন সময় থেকে শিক্ষা নিতে পারলে সাফল্য আসবেই। ডনোভানের ক্ষেত্রেও এমনটা হয়েছে।’