ডমেনেখকেই সব দোষ দিচ্ছেন গালাস
একদিকে দুর্বল পারফরম্যান্স, অন্যদিকে কোচের সঙ্গে ফুটবলারদের দ্বন্দ্ব। ফলাফল, বিশ্বকাপের প্রথম রাউন্ড থেকে ফ্রান্সের বিদায়। অথচ এই দলটিকে অনেকেই ফেবারিট হিসেবে দেখছিলেন। কিন্তু ফরাসিদের এই ব্যর্থতার জন্য দায়ী কে? উইলিয়াম গালাসের অভিযোগ, ফ্রান্সের বিশ্বকাপ ব্যর্থতার জন্য মূলত দায়ী রেমন্ড ডমেনেখ! ফুটবলারদের সঙ্গে এই কোচ ঠিকভাবে যোগাযোগে ব্যর্থ হওয়ার কারণেই বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয়।ফ্রান্সের ব্যর্থ বিশ্বকাপ অভিযানে প্রতিটি ম্যাচেই খেলেছেন আর্সেনালের ডিফেন্ডার গালাস। কীভাবে কোচ আনেলকাকে বহিষ্কার করলেন, কীভাবে এ ঘটনায় ফুটবলারদের মধ্যে বিদ্রোহের জন্ম দিল, তা প্রত্যক্ষভাবে দেখেছেন এই ফুটবলার। সেই অভিজ্ঞতা থেকে গালাস রয়টার্সকে বলছেন, ‘মূল সমস্যা ছিলেন কোচ। আমরা সব সময় যোগাযোগের সমস্যায় ভুগেছি। ডমেনেখের সঙ্গে আলোচনা করার কোনো সুযোগ ছিল না।’এখানেই থামেননি গালাস। ডমেনেখের মুখোশ খুলে তবেই ছেড়েছেন। ক্ষুব্ধ গালাস বলছেন, ‘অনেক খেলোয়াড় তাঁর সঙ্গে একেবারেই কথা বলতে পারত না। আমাদের কথার কোনো মূল্য তাঁর কাছে ছিল না। একপর্যায়ে আমরা কথা বলা বন্ধ করে দিই। আমি নিজেও তা করেছি। তিনি যা বলতেন, তা একজন শ্রোতা হিসেবে কেবল শুনে গেছি আমরা।’কোচকে অপমানজনক কথা বলায় আনেলকাকে বহিষ্কার করার প্রতিবাদে অনুশীলন বর্জন করেছিলেন ফুটবলাররা। তবে গালাসের দাবি, বহিষ্কারের কারণে নয়, এ ঘটনার পর ফুটবলারদের কোনো আলোচনার সুযোগ না দেওয়ার প্রতিবাদে অনুশীলন বর্জন করা হয়েছিল। গালাস বলছেন, ‘আমরা আনেলকাকে বহিষ্কারের প্রতিবাদ জানাতে চেয়েছিলাম। তবে কোচ এ নিয়ে আমাদের কোনো কথাই শুনতে চাননি। এ পরিস্থিতিতে বাধ্য হয়ে সবাই মিলে অনুশীলন বর্জন করার সিদ্ধান্ত নিই আমরা।’