
২০৩টি দেশ আর ৮২০টি ম্যাচ! বিশ্বকাপ বাছাইপর্বের এই মহাযজ্ঞ পেরিয়েই চূড়ান্ত পর্বের টিকিট পেয়েছে মাত্র ৩২টি দল। এই ৩২ দল নিয়ে আমাদের নতুন ধারাবাহিক। তৃতীয় পর্বে থাকছে ইকুয়েডর।
১৯৩০ সাল। উরুগুয়েতে ফুটবল ইতিহাসের প্রথম বিশ্বকাপ। তখন ছিল না কোনো বাছাইপর্ব। বিশ্বকাপে অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছিল ইকুয়েডরকেও। কিন্তু দেশটি সেবার বিশ্বকাপে অংশ নেয়নি। কিন্তু পড়ে পাওয়া সুযোগটা হেলায় হারিয়ে আক্ষেপে পুড়তে হয়েছে তাদের। এই ইকুয়েডরই যে দীর্ঘ ৭২ বছর বিশ্বকাপের মূল পর্বে অংশ নিতে ব্যর্থ হয়!
অবশেষে নতুন শতকে এসে কাটল সেই খরা। ২০০২ সালের পর ২০০৬ সালের বিশ্বকাপেও সুযোগ পায় দলটি, এমনকি সেবার দ্বিতীয় রাউন্ডেও উঠতে সক্ষম হয়। তবে ভাগ্যের ফের, ২০১০ সালে আবারও
বিশ্বকাপে সুযোগ পেতে ব্যর্থ হয় দলটি। আবারও দীর্ঘ সময় বিশ্বকাপের মূল পর্বে খেলা থেকে বঞ্চিতই থাকতে হয় কি না, সে ভয়ই সম্ভবত পেয়ে বসেছিল ইকুয়েডরবাসীকে। ২০১১-এর কোপা আমেরিকায় ইকুয়েডরের ভরাডুবির পর বাছাইপর্বেও তলানিতে অবস্থান, যেন তাদের ভয়কে আরও বেশি পাকাপোক্তই করে ফেলেছিল।
এমনই এক বাজে পরিস্থিতিতে দলটির দায়িত্ব নেন জাদুকর রেইনালদো রুয়েদা। ৫৭ বছর বয়সী এই তারকা কোচ ফুটবলবিশ্বে পরিচিত তার ইস্পাতদৃঢ় মনোভাবের কারণে। কলম্বিয়ার অনূর্ধ্ব-২৩ দলকে ২০০৩ সালের যুব বিশ্বকাপে তৃতীয় বানিয়েছেন, পরে দায়িত্ব পান বড়দেরও। অল্পের জন্য কলম্বিয়াকে উত্তীর্ণ করতে পারেননি ২০০৬ বিশ্বকাপের মূল মঞ্চে, তবে হন্ডুরাসের দায়িত্ব নিয়ে ঠিকই উতরে যান ২০১০ বিশ্বকাপ বাছাইপর্বের বাধা। সেই রুয়েদার হাতে পড়েই যেন খোলনলচে বদলে যায় ইকুয়েডরের।
রুয়েদা দলে এসেই ফিরিয়ে আনেন হারানো আত্মবিশ্বাস। বিশ্বকাপ বাছাইপর্বের গ্রুপ পর্যায়ে ষষ্ঠ স্থানে থাকা ইকুয়েডরকে নিয়ে আসেন দ্বিতীয় স্থানে। তার অধীনে ইকুয়েডর হারিয়েছে উরুগুয়ের মতো দলকেও, যে উরুগুয়ে ২০১০ বিশ্বকাপে চমক দেখানোর পরের বছর কোপা আমেরিকাতেও চ্যাম্পিয়ন হয়েছে। তরুণ এই দলটি বিশ্বকাপের মূল পর্বে খেলতে পারবে কি না, তা নিয়েই যেখানে যথেষ্ট সন্দেহ ছিল, সেখানে তারাই শেষ পর্যন্ত উরুগুয়েকে গোল ব্যবধানে টপকে জায়গা করে নেয় চূড়ান্ত পর্বে!
১৫ জুন সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে ইকুয়েডরের বিশ্বকাপ অভিযান। গ্রুপ ‘ই’তে তাদের বাকি দুই প্রতিপক্ষ ফ্রান্স ও হন্ডুরাস। ম্যানচেস্টার ইউনাইটেডের তারকা সুপারস্টার ভ্যালেন্সিয়াই ইকুয়েডরের মূল শক্তি। ফার্গুসনের অধীনে থেকে শেষ পর্যন্ত লড়াই করে যাওয়ার মানসিকতা তো রপ্ত করেছেনই; সঙ্গে স্কিল, গতি ও কার্যকর ফুটবল দিয়ে যেকোনো প্রতিপক্ষকেই ভড়কে দিতে পারেন ২৮ বছর বয়সী এই মিডফিল্ডার। ইকুয়েডরকে হারাতে হলে প্রতিপক্ষ দলগুলোকে ভ্যালেন্সিয়াকে বোতলবন্দী করেই রাখতে হবে।
ডান পাশ থেকে ভ্যালেন্সিয়ার কার্যকর ফুটবলের সঙ্গে জুটি বেঁধে প্রতিপক্ষের ডিফেন্স ভড়কে দিতে পারেন জেফারসন মনতেরো। এই উইঙ্গারের মধ্যে সর্বোচ্চ পর্যায়ের ফুটবলার হওয়ার সব গুণাবলিই আছে, শুধু মাঠে দেখিয়ে দেওয়ার পালা। রাশিয়ার ডায়নামো মস্কোর হয়ে খেলা ক্রিশ্চিয়ানো নবোয়ার দিকেও চোখ থাকবে সবার। এই সেন্ট্রাল মিডফিল্ডারের পাসিং দক্ষতাই হয়ে উঠতে পারে ফেলিপ সাইসেডোর জন্য গোলের সুবর্ণ সুযোগ। ২০০৮-২০১১ পর্যন্ত ম্যানচেস্টার সিটিতে থাকলেও বেশির ভাগ সময়ই লোনে খেলেছেন স্পোর্টিং লিসবন, মালাগা, লেভান্তের মতো দলগুলোতে। বিশ্বকাপের বাছাইপর্বে ৯ ম্যাচে ৭ গোল করে সোনালি সময়ের কথা মনেও করিয়ে দিয়েছেন এই ফরোয়ার্ড। এবারের বিশ্বকাপে ইকুয়েডরের তুরুপের তাস হয়ে উঠতে পারেন তিনি।
মজার ব্যাপার হচ্ছে, দলে আরেকজন ভ্যালেন্সিয়াও আছেন, যিনি মেক্সিকোর ক্লাব পাচুচার হয়ে খেলেন। উইঙ্গার থেকে স্ট্রাইকার বনে যাওয়া এনার ভ্যালেন্সিয়া বদলি হিসেবে নেমে ঘুরিয়ে দিতে পারেন ম্যাচের মোড়। নামে মিল থাকলেও দুই ভ্যালেন্সিয়ার অবশ্য কোনো পারিবারিক বন্ধন নেই।
বিশ্বকাপ অভিজ্ঞতা: দক্ষিণ আমেরিকা অঞ্চলের এই দেশটি তৃতীয়বারের মতো বিশ্বকাপে অংশ নিচ্ছে। এর আগে ২০০২ এবং ২০০৬ সালের বিশ্বকাপে খেলেছিল। ইকুয়েডরের সর্বোচ্চ সাফল্য ২০০৬ বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডে ওঠা, যেখানে তারা শক্তিশালী প্রতিপক্ষ ইংল্যান্ডের কাছে ১-০ গোলে হেরে যায়। এবারের বিশ্বকাপেও দলটি দ্বিতীয় রাউন্ডকেই পাখির চোখ করেছে। ফ্রান্স, সুইজারল্যান্ড, হন্ডুরাসকে নিয়ে গড়া গ্রুপটি থেকে দ্বিতীয় রাউন্ডে ওঠার সামর্থ্য আছেই বলে মনে করেন কোচ রুয়েদা।
শক্তি: হারার আগেই হার না মানার মানসিকতা। কাউন্টার অ্যাটাকে ইকুয়েডর খুবই শক্তিশালী দল। ডিফেন্সকে শক্তিশালী রেখে পাল্টা-আক্রমণে ইকুয়েডর প্রায়ই সাফল্য পায়।
দুর্বলতা: গোলকিপিং। দলটিতে নেই কোনো নির্ভরযোগ্য গোলকিপার। এ ছাড়া দলটির অধিকাংশেরই নেই বিশ্বকাপের মতো বড় আসরে খেলার অভিজ্ঞতা। বাছাইপর্বে গোলের সুযোগগুলোকে কাজে লাগাতে না পারাটাও কোচের জন্য দুশ্চিন্তার কারণ হয়েই দাঁড়িয়েছে।
দক্ষিণ আমেরিকার মাটিতে বিশ্বকাপ হতে যাচ্ছে কিনা, তাই এবারের দলটির কাছে ইকুয়েডরবাসীর প্রত্যাশা অনেক। দলটি ভয়ডরহীন খেলা খেলে চমক দিতে পারে কি না, তা সময়ই বলে দেবে। প্রথম রাউন্ডের বাধা পেরোতে পারলে নকআউট রাউন্ডে যেকোনো দলকেই যে প্রতিযোগিতা থেকে নকআউট করে দিতে পারে দক্ষিণ আমেরিকার দলটি, তা কিন্তু বলেই দেওয়া যায়!