ডর্টমুন্ড চ্যাম্পিয়নস লিগ জিততে পারে: মরিনহো
জার্মানির মাটিতে রিয়ালের রেকর্ড খুব একটা ভালো নয়। সে কারণেই কিনা, বুরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে মাঠে নামার আগে দলটি সম্পর্কে উচ্চতর ধারণাই পোষণ করছেন ‘স্পেশাল ওয়ান’ হোসে মরিনহো। তাঁর মতে, জার্মানির এ ক্লাবটি এবারের চ্যাম্পিয়নস লিগ জিততে পারে। ইয়ুর্গেন কোপের প্রশিক্ষণে গত মাসেই ঘরের মাঠে রিয়াল মাদ্রিদকে হারিয়েছিল বুরুশিয়া ডর্টমুন্ড। হোসে মরিনহো মনে করেন, বুরুশিয়ার শক্তির বিচার করলে দলটি ১৯৯৭ সালের সাফল্যের পুনরাবৃত্তি করতে পারে।ম্যাচের আগে সাংবাদিকদের মুখোমুখি হয়েই মরিনহো বলেছেন, ‘বুরুশিয়া দারুণ খেলোয়াড়দের নিয়ে গড়া দুর্দান্ত একটি দল।’তিনি আরও বলেন, ‘এবারের চ্যাম্পিয়নস লিগে গ্রুপে তাদের শীর্ষস্থান কোনো কাকতালীয় ব্যাপার নয়। যেমনটা নয়, তাদের বুন্দেস লিগার দুটো শিরোপা।’‘আমার মতে, বুরুশিয়ায় এমন কিছু খেলোয়াড়ের সমাহার ঘটেছে, যারা কৌশলগত দিক দিয়ে দারুণ মানের খেলোয়াড়। এই দলের খেলোয়াড়েরা খুবই পজিটিভ এবং তারা আক্রমণাত্মক ফুটবল খেলতে অভ্যস্ত। বুরুশিয়া ডর্টমুন্ড দ্বিতীয় রাউন্ডে গেলে তাদের চ্যাম্পিয়নস লিগ জেতার যথেষ্ট সম্ভাবনা থাকবে।’ মরিনহোর মন্তব্য।সর্বশেষ মোকাবিলায় গত মাসে বুরুশিয়ার বিপক্ষে ২-১ গোলে হেরে গিয়েছিল রিয়াল মাদ্রিদ। রবার্ট লিয়ানদোঅস্কি ও মারসেল শ্যামেলজারের দুই গোলের বিপরীতে ক্রিস্টিয়ানো রোনালদোর পা থেকে এসেছিল ব্যবধান কমানো গোল। তবে জার্মানিতে পরাজয়ে মুষড়ে না পড়ে নতুন আত্মবিশ্বাস নিয়ে ঘরের মাটিতে রিয়াল মাঠে নামবে বলে মনে করেন মরিনহো।মরিনহো এবারের চ্যাম্পিয়নস লিগে রিয়ালের গ্রুপটিকে অত্যন্ত কঠিন হিসেবে বর্ণনা করে বলেন, ‘গ্রুপটি অত্যন্ত কঠিন। বুরুশিয়া ও রিয়াল অন্য দুটি ক্লাবের চেয়ে শক্তিশালী হলেও পরের রাউন্ডগুলোতে ম্যানচেস্টার সিটি পয়েন্টে এগিয়ে আসবে। শক্ত গ্রুপের ব্যাপারটিকে উপভোগ্যও লাগছে মরিনহোর কাছে। তিনি বলেন, ‘গ্রুপে প্রতিটি দলই চাপে আছে, এটা তো দর্শকদের কাছে উপভোগ্যই।’মরিনহো বলেন, ‘গ্রুপ কঠিন হলেও কোনো পরাজয়ই মেনে নেওয়া যায় না। আজকের ম্যাচ নিয়ে মরিনহোর মন্তব্য, বুরুশিয়া শক্ত দল হতে পারে, তবে নিজেদের মাঠে আমরা জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী।’আজকের ম্যাচে রিয়াল পাচ্ছে না স্ট্রাইকার করিম বেনজেমাকে। মাংসপেশির আঘাতের কারণে মাঠের বাইরে থাকতে হচ্ছে তাঁকে। এ তথ্য জানিয়ে মরিনহো বলেন, ‘এটা একটা আঘাতই বলতে পারেন আমাদের জন্য। চোটের কারণে করিম বেনজেমাকে আমরা আজ পাচ্ছি না। তাঁর পরিবর্তে প্রথম একাদশে থাকবে ভারানে।’ বেনজেমার ইনজুরি কতটা প্রকট, তা নিয়ে অবশ্য কিছু বলেননি মরিনহো। তিনি বলেছেন, ‘আমি জানি না, বেনজেমার ইনজুরি কতটা গুরুতর, কত দিন তাঁকে মাঠের বাইরে থাকতে হবে। তবে আমি এতটুকুই বলতে পারি, আজ বুরুশিয়া ডর্টমুন্ডের বিপক্ষে ম্যাচে বেনজেমাকে দেখা যাবে না।’ক্রিস্টিয়ানো রোনালদো সম্পর্কে তিনি বলেন, সে রিয়ালে খেলতে আসার আগে থেকেই একজন গ্রেট ফুটবলার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছে। বার্নাব্যুতে এসে সে ভালো প্রচারণা পাচ্ছে। সে দুর্দান্ত খেলোয়াড়, এতে কোনো সন্দেহ নেই। সে আগামীতেও তার খেলাকে আরও উন্নত করবে বলেই আমার ধারণা। সবে তো ওর বয়স ২৭। আমি রোনালদোর আরও উজ্জ্বল ভবিষ্যত্ই চোখের সামনে দেখতে পাচ্ছি।’ গোল ডটকম।