বুন্দেসলিগা জেতা হয়ে গেছে। আগের ম্যাচ দুটিতে দলের তারকা খেলোয়াড়কে বিশ্রাম দিয়ে পেপ গার্দিওলা সুযোগ দিয়েছিলেন তরুণদের। কিন্তু ফল খারাপ হওয়ায় বায়ার্ন কোচকে বিস্তর সমালোচনা সইতে হয়েছে। তা থেকে বাঁচতে এবং বরুসিয়া ডর্টমুন্ডের সঙ্গে মর্যাদার লড়াই বলেই হয়তো পরশু গার্দিওলা মাঠে নামালেন পূর্ণ শক্তির দল। ফল আরও বেশি খারাপ! নিজেদের মাঠে বায়ার্ন ৩-০ গোলে হেরে গেছে ডর্টমুন্ডের কাছে।
এ নিয়ে শিরোপা জেতার পরের তিন ম্যাচেই হোঁচট খেল বায়ার্ন। হফেনহেইমের সঙ্গে ৩-৩ গোলে ড্রয়ের পরের দুই ম্যাচেই হার। পরশুর হারটা আবার ২০১২ সালের অক্টোবরের পরে নিজেদের মাঠে বায়ার্নের প্রথম। ডর্টমুন্ডকে প্রথম এগিয়ে দেন হেনরিক মেখিতারিয়ান। মার্কো রিউস ও হোনাস হফমানের পরের গোল দুটি দ্বিতীয়ার্ধে। বায়ার্নের হতাশাটা আরও বেড়েছে ম্যাচের শেষ দিকে ব্রাজিলিয়ান ডিফেন্ডার রাফিনার লাল কার্ড পাওয়ায়।
এমনিতে এই গুরুত্বহীন ম্যাচে হেরে যাওয়ায় তেমন কিছু যায়-আসে না। কিন্তু সামনেই লিগ কাপ ও চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনাল। তার আগে দলের এই লজ্জাজনক পরাজয়ে স্বাভাবিকভাবেই গার্দিওলা হতাশ। শিরোপা জয়ের ‘আত্মতুষ্টি’কেই এই হারের পেছনে যুক্তি হিসেবে দাঁড় করিয়েছেন গার্দিওলা, ‘আগেই লিগ জিতে গেলে এ সমস্যাটা হয়। বার্সেলোনাতেও এমনটা ঘটেছে আমার ক্ষেত্রে।’ এএফপি।
লিগের পর চ্যাম্পিয়নস লিগের স্বপ্নও শেষ হয়ে গেছে। তবে ডর্টমুন্ডের কোচ হিসেবে ২০০তম লিগ ম্যাচে ইয়ুর্গেন ক্লপ বায়ার্নকে হারাতে পেরেই খুশি, ‘বায়ার্নকে ৩-০ ব্যবধানে হারালে, সত্যি বলতে, প্রায় নিখুঁত একটা ম্যাচের কথা আপনি বলতেই পারেন।’ তা ছাড়া এই জয়ে তৃতীয় স্থানে থাকা শালকের চেয়ে ৪ পয়েন্টে এগিয়েও গেল ডর্টমুন্ড।