ডর্টমুন্ডের প্রেরণা গ্রুপ পর্ব

চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়টা এমনিতেই খুব কষ্টসাধ্য ব্যাপার। আর এবারের আসরের শিরোপাটা যদি বরুসিয়া ডর্টমুন্ডের ঘরে যায়, তাহলে বলতে হবে, তাদের জন্য কাজটা আরও কঠিন ছিল। গ্রুপ পর্বের বাধা পেরোতেই তিনটি দেশের সেরা দলের মুখোমুখি হতে হয়েছিল বরুসিয়া ডর্টমুন্ডকে। তবে সেই কঠিন বাধা পেরিয়ে আসতে পারার ব্যাপারটাই এখন অনুপ্রেরণা হয়ে আছে জার্মান এ ক্লাবটির জন্য। ওয়েম্বলির অল জার্মান ফাইনালে বরুসিয়া যদি শেষ হাসিটা হাসতে পারে, তাহলে সেটা একটা বিশেষ ব্যাপারই হবে বলে মন্তব্য করেছেন কোচ ইয়ুর্গেন ক্লপ।
এবারের চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে বরুসিয়ার প্রতিপক্ষ ছিল অ্যাজাক্স (নেদারল্যান্ড), ম্যানচেস্টার সিটি (ইংল্যান্ড) ও রিয়াল মাদ্রিদ (স্পেন)। তিনটিই ছিল ২০১১-১২ মৌসুমের লিগ শিরোপাজয়ী ক্লাব। এবারের চ্যাম্পিয়নস লিগে এটিই ছিল সবচেয়ে কঠিন গ্রুপ। এই দুরূহ বাধা টপকে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেওয়াটাই এখন সবার জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করছে বলে জানিয়েছেন বরুসিয়ার কোচ ইয়ুর্গেন ক্লপ। সম্প্রতি উয়েফা ডটকমকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেছেন, ‘দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেওয়ার অনুভূতিটা খুবই অন্যরকম। কারণ, আমরা যেভাবে এ কাজটা করতে পেরেছি, তা সত্যিই বিশেষ কিছু। গ্রুপ পর্বে দলের সবাই আশ্চর্য রকমের ভালো খেলেছে। ম্যানচেস্টার সিটির বিপক্ষে ম্যাচটার পরে আমরা উপলব্ধি করেছিলাম যে ইউরোপের শীর্ষ দলগুলোকে মোকাবিলা করার শক্তি আমাদের আছে। আমরা আরও অনেক বড় কিছুও অর্জন করার সামর্থ্য রাখি।’
ইংলিশ প্রিমিয়ার লিগজয়ী ম্যানচেস্টার সিটির বিপক্ষে প্রথম লেগে ১-১ গোলে ড্র করার পর দ্বিতীয় লেগে ২-১ গোলের জয় পেয়েছিল বরুসিয়া। গ্রুপ পর্বে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদের বিপক্ষেও হারের মুখ দেখেননি ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। একটি ম্যাচে জয় ও একটি ম্যাচে ড্র করেছিল তারা। আর নেদারল্যান্ডের শীর্ষ ক্লাব অ্যাজাক্সকে দুটি লেগেই হারের স্বাদ দিয়েছিল বরুসিয়া ডর্টমুন্ড। গ্রুপ পর্বের কঠিন বাধা পেরিয়েই থেমে থাকেনি বরুসিয়া, শিরোপা জয়ের পথে পেরিয়ে এসেছে আরও তিনটি কঠিন ধাপ। এবার শিরোপা জয়ের চূড়ান্ত লড়াইয়ে তাদের মুখোমুখি হতে হবে স্বদেশি ক্লাব বায়ার্ন মিউনিখের। পুরোনো লড়াইয়ের অনুপ্রেরণায় এটাকেও অসম্ভব কিছু বলে মনে করছেন না ক্লপ। তিনি বলেছেন, ‘আমরা কখনোই আমাদের প্রতিপক্ষকে বিশেষ কিছু ভাবিনি। বায়ার্নকেও না। তাহলে এখন কেন ভিন্ন কিছু মনে করব? এটা ফাইনাল ম্যাচ বলে? আমাদের কাছে এটা অন্য একটা সাধারণ ম্যাচের মতোই ব্যাপার। কিন্তু আমরা এটা মোকাবিলা করব বিশেষ পদ্ধতিতে। এটাই হয়তো ম্যাচের ভাগ্য গড়ে দেবে।’
আগামীকাল শনিবার লন্ডনের ওয়েম্বলি স্টেডিয়ামে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে মুখোমুখি হবে বায়ার্ন মিউনিখ ও বরুসিয়া ডর্টমুন্ড।— উয়েফা ডটকম