ডর্টমুন্ড ৩, মালাগা ২: দুই লেগ মিলিয়ে ৩-২ গোলে জিতে সেমিতে ডর্টমুন্ড
ডর্টমুন্ডের ৭০ সেকেন্ডের জাদু
হতে হতেও স্বপ্ন পূরণ হলো না মালাগার। ইউরোপীয় ক্লাব ফুটবলের সবচেয়ে বড় আসরে প্রথম আবির্ভাবেই সেমিফাইনালে ওঠা হলো না স্প্যানিশ ক্লাবটির। পরশু চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ৭০ সেকেন্ডের এক ঝড়েই জার্মানির বরুসিয়া ডর্টমুন্ড শেষ করে দিয়েছে পেলেগ্রিনির ছেলেদের স্বপ্নযাত্রা। আরও নির্দিষ্ট করে বললে, ম্যাচের যোগ করা সময়ে ডর্টমুন্ডের দু-দুটি গোল, যার একটি আবার হয়েছে পরিষ্কার অফসাইড গোল। অথচ মহানাটকীয় এই ম্যাচের ৯০ মিনিট পর্যন্ত ২-১ গোলে এগিয়ে থেকে শেষ চার চোখে দেখছিল মালাগাই।যোগ করা সময়ে ডর্টমুন্ডের পক্ষে মালাগার স্বপ্নভাঙা গোল করেছেন মার্কো রিউস ও ফেলিপে সান্তানা। সান্তানার শেষ গোলটা নিয়েই গোলমাল। ক্রসটা যখন মালাগার পোস্টের সামনে আসে, ডর্টমুন্ডের চারজন খেলোয়াড় ছিলেন অফসাইডে। ব্রাজিলিয়ান ডিফেন্ডার যখন বলটাকে জালে ঠেলে উচ্ছ্বাসে ভাসালেন গোটা স্টেডিয়ামকে, মনে হয়েছে তিনিও অফসাইডে ছিলেন। আগের গোলটার গায়েও অফসাইডের গন্ধ।মালাগার মালিক আবদুল্লাহ বিন নাসের আল-থানি কিছুতেই মানতে পারছেন না, সেমিফাইনালে নেই তাঁর দল। নিজের টুইটার বার্তায় তিনি দাবি করেছেন, মালাগার জয়টা ‘ছিনতাই’ করা হয়েছে, আর এটা ফুটবল নয়, ‘বর্ণবাদ’, ‘এটা ফুটবল নয়, পরিষ্কারভাবে বর্ণবাদ’। এ নিয়ে উয়েফার কাছে তদন্তেরও দাবি জানিয়েছেন কাতারি ধনকুবের।কোচ পেলেগ্রিনি ক্ষুব্ধ স্কটিশ রেফারি ক্রেগ টমসনের ওপর। এই চিলিয়ান মনে করেন, ম্যাচের শেষ দিকে এসে খেই হারিয়ে ফেলেছিলেন রেফারি, ‘মনে হচ্ছিল, যেন ম্যাচের শেষের দিকে এসে মাঠে কোনো রেফারি ছিল না। শেষ মুহূর্তে সবকিছুই যেন তালগোল পাকিয়ে ফেলেছিল। আমাদের বিপক্ষে যাওয়া ছয় থেকে সাতটি ঘটনায় কোনো শাস্তি দেওয়া হয়নি।’রেফারি ও সহকারী রেফারিরা সত্যিই যেন ম্যাচে ছিলেন না। ৮২ মিনিটে মালাগার দ্বিতীয় গোলটিও দুষ্ট অফসাইডের দোষে। এলিসিউয়ের গোলে ২-১ গোলে এগিয়ে যায় মালাগা। এরপর যখন রিউস সমতা আনেন, তখনো অ্যাওয়ে গোলের নিয়মে এগিয়ে ছিল স্প্যানিশ ক্লাবটিই। নিজের মাঠে প্রথম লেগটা গোলশূন্য ড্র করা মালাগা ডর্টমুন্ডের ৬০ হাজার দর্শককে হতাশ করে ২৫ মিনিটে প্রথম এগিয়ে যায় জোয়াকিনের গোলে। এই গোলের ১৫ মিনিট পর ডর্টমুন্ডকে সমতায় ফেরায় পোলিশ স্ট্রাইকার লেভানডফস্কির গোল।স্নায়ুক্ষয়ী ম্যাচে নাটকীয় জয়। ম্যাচ শেষে ডর্টমুন্ড কোচ ইয়ুর্গেন ক্লপ যেন নিজের মধ্যে ছিলেন না, ‘আমার মনে হচ্ছে, ডাক্তারের কাছে যাওয়া উচিত। মনে হচ্ছে, আমরা ট্রফিটাই জিতে নিয়েছি। এটা পাগুলে।’ পনের বছর পর এই প্রথম চ্যাম্পিয়নস লিগের শেষ চারে জায়গা পেল ডর্টমুন্ড। এএফপি, রয়টার্স।