ডাকওয়ার্থ-লুইসেই ভরসা আইসিসির...
১৯৯২ বিশ্বকাপের দক্ষিণ আফ্রিকা-ইংল্যান্ড সেমিফাইনাল ম্যাচে প্রোটিয়াদের প্রয়োজন ১৩ বলে ২২ রান। এমন সময় বৃষ্টির উটকো বাগড়ার পর ফের যখন খেলা শুরু হলো, তখন সবাই হতভম্ব। ম্যাচের মাত্র এক বল বাকি, দরকার ২২ রান। এই নির্মম তামাশায় দক্ষিণ আফ্রিকানদের শিরোপা-স্বপ্ন শেষ হওয়ার পরই মূলত বৃষ্টি সংশ্লিষ্ট ডাকওয়ার্থ-লুইস পদ্ধতি পাদপ্রদীপের আলোয় চলে আসে। তবে এই আইন নিয়েও সমালোচনা কম হয়নি, তাই বৃষ্টিবিঘ্নিত ম্যাচগুলোর ভাগ্য নির্ধারণে অনেক পরীক্ষা-নিরীক্ষা চলেছে। ভারতের ঘরোয়া লিগে জনপ্রিয় ভি জয়াদেভনের উদ্ভাবিত ‘ভিজেডি মেথড’সহ আরও অনেক আইনই এর মধ্যে এসেছে। তবে আইসিসির রায় শেষমেশ ডাকওয়ার্থ-লুইস পদ্ধতির দিকেই গেল। লন্ডনে গত পরশু আইসিসির ক্রিকেট কমিটির এক বৈঠক শেষে কমিটির সভাপতি ক্লাইভ লয়েড বৃষ্টিবিঘ্নিত ম্যাচে নতুন আইন চালুর সম্ভাবনা নাকচ করে দিয়েছেন, ‘কমিটি সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নিয়েছে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতির চেয়ে আরও নিখুঁত কোনো আইন এখনো পাওয়া যায়নি। তাই এক দিনের ক্রিকেটে এই আইনই চালু থাকবে।’ এদিকে বোলিং পাওয়ার প্লে বাতিল করা ও নন-পাওয়ার প্লে ওভারে ৩০ গজের বাইরে চারজন ফিল্ডারের (আগে ছিল পাঁচজন) প্রস্তাবও করেছে কমিটি। আর এখন থেকে ফাস্ট বোলাররা একটার বদলে ওভারে দুটি বাউন্সার দিতে পারবে। সিদ্ধান্তগুলো এখনো চূড়ান্ত নয়, চলতি মাসের শেষে আইসিসির মূল সভায় অনুমোদনের পরই এগুলো কার্যকর হবে। ওয়েবসাইট। সুইচ হিটভাবুন তো, ডানহাতি ব্যাটসম্যান ব্যাটিংয়ের সময় হঠাৎ গ্রিপ-স্টান্স বদলে ফেলে বেমালুম বাঁহাতি হয়ে গেলেন! এমন অদ্ভুতুড়ে কাজ কেভিন পিটারসেনই প্রথম দেখান ক্রিকেট-বিশ্বকে। এই ‘সুইচ হিট’-এর বৈধতা নিয়ে এত দিন কম তোলপাড় হয়নি। তবে এবার আইসিসি শটটিকে এক শ ভাগ নিয়মসিদ্ধ বলেই ঘোষণা দিল। কমিটি এই শটটিকে দেখছে বোলারদের জন্য উইকেট পাওয়ার দারুণ এক সুযোগ!