ডাকলেই রাজি লিওনার্দো
একসময় ছিলেন ব্রাজিলের ‘দশ নম্বর’। ছিলেন এসি মিলানের নামকরা খেলোয়াড়। এসি মিলানের কোচও ছিলেন। এবার হয়তো ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নিতে যাচ্ছেন লিওনার্দো নাসিমেন্তো দে আরউজো।কোচ কার্লোস দুঙ্গার বিদায়ের পর ব্রাজিলের নতুন কোচ কে হবেন, তা নিয়ে জল্পনা-কল্পনা চলছে। সম্ভাব্য নতুন কোচ হিসেবে সাবেক কোচ লুই ফেলিপ স্কলারির সঙ্গে লিওনার্দোর নামও আসছে। স্কলারি দায়িত্ব নিতে পারবেন না বলে জানিয়ে দিয়েছেন। আর লিওনার্দো জানালেন, তিনি সতীর্থ দুঙ্গার ছেড়ে যাওয়া চেয়ারটায় বসতে প্রস্তুত আছেন, ‘আমাকে ব্রাজিলের কোচ হিসেবে চাইলে পাওয়া যাবে।’১৯৯০ সালে অভিষেকের পর ১৯৯৪ বিশ্বকাপ দলে লিওনার্দোকে নেওয়া হয়েছিল ‘লেফটব্যাক’ হিসেবে। দ্বিতীয় রাউন্ডের ম্যাচে যুক্তরাষ্ট্রের ট্যাব রামোসকে কনুই মেরে চার ম্যাচের নিষেধাজ্ঞা পেয়ে বিশ্বকাপ শেষ হয়ে গিয়েছিল লিওনার্দোর। পরে ১৯৯৮ বিশ্বকাপে অবশ্য সবগুলো ম্যাচই খেলেছেন।২০০১ সালে জাতীয় দলের ক্যারিয়ার শেষ করা লিওনার্দো ক্লাব ক্যারিয়ারের বড় সময় কাটিয়েছেন এসি মিলানে। ফ্ল্যামেঙ্গো ও সাও পাওলোতে ক্যারিয়ারের শুরুর সময়টা কাটিয়ে স্পেনের ভ্যালেন্সিয়ায় গিয়েছিলেন। তারপর বিভিন্ন ক্লাব ঘুরে মিলানে। মিলানে স্বর্ণালী সময়টা শেষ করে আবার ব্রাজিলে কিছুদিন কাটিয়ে মিলানেই শেষ করেছেন ক্যারিয়ার।২০০৯-১০ মৌসুমে এই মিলানের দায়িত্ব পালনের ভেতর দিয়েই শুরু কোচিং ক্যারিয়ার। লিগ শিরোপা জিততে না পারায় চাকরিও গেছে তাঁর। মিলানের হয়ে চ্যালেঞ্জটা আপাতত জিততে না পারলেও, এবার আরও বড় চ্যালেঞ্জ আসতে পারে তাঁর হাতে। চ্যালেঞ্জটা নিতে প্রস্তুতও আছেন লিওনার্দো। ওয়েবসাইট