ডাকাতের কবলে রাজ্জাক

দুর্ভাগ্য পিছুই ছাড়ছে না আবদুল রাজ্জাকের। দীর্ঘদিন পর দলে সুযোগ পেয়েও চোটে পড়ে দক্ষিণ আফ্রিকা থেকে ফিরে এসেছেন পাকিস্তানি এই অলরাউন্ডার। সেই দুঃখ কাটতে না-কাটতেই বৈষয়িক ক্ষতির শিকার হলেন তিনি। দিনে-দুপুরে নিজ বাড়িতে ডাকাত পড়ে সোনাদানা, টাকা-পয়সা তো হারিয়েছেনই, পাসপোর্টটাও হারিয়ে এ মুহূর্তে বেশ বিপাকে রাজ্জাক।
এমন পরিস্থিতিতে যা হয় আর কি, ঘটনার আকস্মিকতায় বেশ বিমূঢ় ৩৩ বছর বয়সী এই ক্রিকেটার। নিজের বাড়িতে এমন ঘটনা ঘটায় এ মুহূর্তে বেশ আতঙ্কেই দিন কাটছে তাঁর। হকচকিত রাজ্জাক ব্যাপারটি পুলিশে জানালেও তাঁর লুট হয়ে যাওয়া টাকা-পয়সা আর স্বর্ণালংকার ফিরে পাওয়া নিয়ে খুব একটা আশাবাদী হতে পারছেন না তিনি।
রাজ্জাক জানিয়েছেন, বাড়িতে তাঁর শয়নকক্ষের সঙ্গে লাগোয়া বাথরুমের জানালা ভেঙেই ডাকাতেরা প্রবেশ করে। এরপর অস্ত্রের মুখে তাঁরা ছিনিয়ে নেয় তাঁর পাসপোর্ট, ৩৮ আউন্স সোনার গয়না আর নগদ আট হাজার ডলারের সঙ্গে আড়াই হাজার ব্রিটিশ পাউন্ড। সোনাদানা, ডলার-পাউন্ড লুটে নেওয়ার ব্যাপারটি মেনে নিলেও ডাকাতেরা কেন তাঁর পাসপোর্ট ছিনিয়েছে তা এখনো পরিষ্কার নয় লাহোর পুলিশের কাছে। তাদের সন্দেহ, দুর্বৃত্তরা তথ্যাদি জেনেই রাজ্জাকের বাড়িতে ডাকাতির ‘মিশন’ চালিয়েছে। সূত্র: পিটিআই।