ডাক্তার দেখাতে সিঙ্গাপুর যাচ্ছেন তামিম!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠিক কত দিন লাগবে সুস্থ হতে—কারও কাছ থেকেই সঠিক উত্তরটা নাকি পাচ্ছেন না তামিম ইকবাল। সে জন্য মনঃস্থির করেছেন সিঙ্গাপুর যাবেন। এ ব্যাপারে বোর্ডের সভাপতি নাজমুল হাসানের সবুজ সংকেতও পেয়ে গেছেন। আজ-কালের মধ্যেই শুরু করার কথা ভিসা নেওয়ার প্রক্রিয়া।
‘আমার ঘাড়ের একটা ডিস্ক নড়ে গেছে। এটাই মূল সমস্যা। সুস্থ হতে ঠিক কত দিন লাগবে বা চিকিৎসা কী হবে, সেটা এখানে কেউ বলতে পারছেন না। সে জন্যই সিঙ্গাপুর যাওয়ার চিন্তা করছি। বোর্ডের সভাপতিও আমাকে গ্রিন সিগন্যাল দিয়েছেন। যত তাড়াতাড়ি সম্ভব ভিসার জন্য আবেদন করব’—কাল টেলিফোনে বলছিলেন তামিম। সঙ্গে এটাও জানিয়েছেন, আগামী চার-পাঁচ দিনে অবস্থার কতটা উন্নতি হয়, সিঙ্গাপুরে যাওয়া কিছুটা সেটির ওপরও নির্ভর করছে।
এশিয়া কাপের সময় তামিম দেশে থাকুন বা নাই থাকুন, তাঁর শুভকামনা থাকবে বাংলাদেশ দলের প্রতি, ‘বাংলাদেশ দলকে বেস্ট অব লাক। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজটা ভালো যায়নি আমাদের। দল হিসেবে আবার আত্মবিশ্বাসী হয়ে ওঠাটা খুবই গুরুত্বপূর্ণ এখন। সমর্থক, মিডিয়া সবার প্রতি আমার একটাই অনুরোধ—দলটার ওপর যতটা সম্ভব কম চাপ দিন আপনারা।’
তামিমের ধারণা, সবার প্রত্যাশার চাপেই নুয়ে পড়ছে বাংলাদেশ দল। এশিয়া কাপে সেই চাপ যত কম থাকবে, ভবিষ্যতের জন্যও ততই ভালো, ‘দর্শক, মিডিয়া সবাই চায় বাংলাদেশ দল ভালো খেলুক এবং আমরাও ভালোই খেলতে চাই। এশিয়া কাপে চাপ কম থাকলে আমার বিশ্বাস বাংলাদেশ ভালো খেলবে। এটা খুবই জরুরি, কারণ এরপর আমাদের আরও বড় ইভেন্ট আছে।’