ডাচ-আইরিশদের অপেক্ষায় রাজ্জাক
ক্যালেন্ডারের পাতায় দাগ দিয়ে রাখেননি। ডায়েরিতেও টুকে রাখেননি। তবে মাথায় ঠিকই ঘুরঘুর করছে দুটি তারিখ। ২৫ ফেব্রুয়ারি আর ১৪ মার্চ। এই দুই দিন বিশ্বকাপে আয়ারল্যান্ড ও হল্যান্ডের বিপক্ষে ম্যাচ বাংলাদেশের। এই দুটি দিনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন আবদুর রাজ্জাক, পুরোনো কিছু হিসাব চুকানোর ব্যাপার যে আছে!হিসাব কিছু বাংলাদেশ দলেরও আছে। ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপে বাংলাদেশের স্বপ্নযাত্রায় কালির ছোপ ছিল আয়ারল্যান্ডের কাছে হার। হল্যান্ডের বিপক্ষে একটাই ওয়ানডে খেলেছে বাংলাদেশ, গত জুলাইয়ে গ্লাসগোর সেই ম্যাচটিও হারতে হয়েছে। দলের পাশাপাশি ওই ম্যাচ দুটি দুঃস্বপ্ন হয়ে আছে রাজ্জাকের জন্যও। আয়ারল্যান্ডের বিপক্ষে ৯ ওভারে ৪৮ রান দিয়ে উইকেট নেই। ব্রিজটাউনের ম্যাচটাকে ভুলতেই পারেন না রাজ্জাক, ‘ওই ম্যাচ নিয়ে কত কথা যে শুনতে হয়েছে! সবাই বলে ওই ম্যাচের কথা। ভারত-দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ভালো বোলিংয়ের জন্য প্রশংসা যত না পেয়েছি, তার চেয়ে বেশি কথা শুনেছি মনে হয় ওই ম্যাচে বাজে বোলিং করায়। ব্যাপারটা তো মাথায় আছেই। দেখা যাক, চেষ্টা করব এবার ওই ম্যাচকে ভুলিয়ে দিতে। দলগতভাবে যেমন, ব্যক্তিগতভাবেও।’হল্যান্ডের বিপক্ষে হারটিকে রাজ্জাক মনে করেন তাঁর ক্যারিয়ারেরই সবচেয়ে বাজে অভিজ্ঞতা। বৃষ্টিতে ৩০ ওভারে নেমে আসা ম্যাচে ১৯৯ রান করেও জিততে পারেনি বাংলাদেশ। দলের সবচেয়ে ‘কিপটে’ বোলার রাজ্জাকের ৬ ওভারে ডাচরা নিয়েছিল ৫০! হতাশাগুলো তাই এবার বারুদ হয়ে জ্বলতে চাইছে ‘প্রতিশোধ ব্যাপারটায় আমি ঠিক বিশ্বাস করি না। তবে কিছু হিসাব-নিকাশ তো আছেই। দলের জন্যও এই ম্যাচ দুটোই সবচেয়ে গুরুত্বপূর্ণ। এই দুই ম্যাচে আমরা ফেবারিট, বাড়তি একটা চাপ তাই থাকবেই।’গত বিশ্বকাপে ভারত ও দক্ষিণ আফ্রিকার বিপক্ষে স্মরণীয় দুই জয়ে ৩ উইকেট করে নিয়ে বড় অবদান রেখেছিলেন। কিন্তু রাজ্জাক চাপা পড়ে গেছেন তামিম-মাশরাফি-আশরাফুলদের আড়ালে। অথচ আয়ারল্যান্ডের কাছে পরাজয়ে বড় হয়ে ওঠে তাঁর ব্যর্থতা, কষ্ট তো লাগবেই। রাজ্জাক অবশ্য সান্ত্বনা খুঁজে নিয়েছেন নিজের মতো করে, ‘প্রাপ্য কৃতিত্ব পেলাম কিনা, এসব নিয়ে আমি ভাবি না। আমার কাছে সবকিছুর আগে নিজের সন্তুষ্টি। নিজে সন্তুষ্ট হতে পারলেই আমি ভাবি কাজটা ঠিকঠাক হয়েছে।’শুধু ওই দুটো জয়-ই নয়, ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপ রাজ্জাকের কাছে স্মরণীয় হয়ে আছে আরও একটি কারণে। আউট করেছিলেন আধুনিক যুগের সেরা দুই ব্যাটসম্যান শচীন টেন্ডুলকার ও ব্রায়ান লারাকে। লারাকে জীবনে ওই একবারই বোলিং করেছেন রাজ্জাক, টেন্ডুলকারকে দ্বিতীয়বার। দুটি উইকেটই তাঁর কাছে অমূল্য, তবে খানিকটা এগিয়ে রাখলেন টেন্ডুলকারেরটা, ‘দুজনেই তো স্পিন খুব ভালো খেলে। মুরালিসহ অনেক স্পিনারকেই বলতে শুনেছি, স্পিনের বিপক্ষে লারার মতো ব্যাটসম্যান হয় না। তবে আমি টেন্ডুলকারেরটা এগিয়ে রাখব দলের প্রয়োজনের কথা ভেবেই।’ কারণটাও ব্যাখ্যা করেছেন, ‘দ্রাবিড়ের সঙ্গে টেন্ডুলকারের একটা জুটি হচ্ছিল, ওই সময় ওকে আউট না করলে হয়তো অনেক রান করে ফেলত। অবশ্য লারার উইকেটটাও ভোলার মতো নয়। সেদিন ও অনেক মারছিল, তবে আমাকে মারতে পারছিল না। মারতে গিয়েই আউট হলো।’ তবে লারা-টেন্ডুলকার বলে কথা নেই। রাজ্জাকের ভালো লাগে উইকেট পেলেই, তা সেটা টেন্ডুলকার-লারারই হোক বা কোনো লোয়ার-অর্ডারের।পুরো বাংলাদেশের চাওয়া, এবারের বিশ্বকাপেও এমন ভালো অনেকবার লাগুক রাজ্জাকের!