পারফরম্যান্স কাটাছেঁড়ার জন্য মাঠের বাইরে ছুরি-কাঁচি হাতে প্রস্তুত অনেকে। গ্যালারি থেকে ডাচ সমর্থকদের বিদ্রূপ, লিওনেল মেসির নাম ধরে চিৎকার করে খেপিয়ে তোলার নানা চেষ্টা। খাদের কিনারায় দল। হাজারো প্রশ্নের মুখে জাতীয় দলের জার্সি গায়ে পারফরম্যান্স। জ্বলে ওঠার জন্য মঞ্চটা ছিল আদর্শ! নিষ্প্রভ ক্রিস্টিয়ানো রোনালদো পরশু জ্বললেন সূর্যের মতো। সেই ঔজ্জ্বল্যে খারকভের মেটালিস্ট স্টেডিয়ামে যেন ধাঁধিয়ে গেল ডাচদের চোখ। হল্যান্ডের কফিনে শেষ পেরেক ঠুকে কোয়ার্টার ফাইনালে রোনালদোর পর্তুগাল। বিশ্বের ‘দ্বিতীয় সেরা’ দলের বিদায় ইউরোর প্রথম রাউন্ডেই!হল্যান্ডকে জিততে হতো অন্তত দুই গোলের ব্যবধানে। তার পরও তাকিয়ে থাকতে হতো অন্য ম্যাচের দিকে। শেষ পর্যন্ত এত হিসাব-নিকাশের ঝামেলায় যেতেই হয়নি। টানা তিন ম্যাচ হেরে টুর্নামেন্টের অন্যতম ফেবারিটরা কাজটা সহজ করে দিয়েছে। ১৯৮০ সালের পর এই প্রথম ইউরোর প্রথম রাউন্ড থেকে বাদ পড়ল ডাচরা, টানা তিন ম্যাচ হারল ১৯৯০ সালের পর প্রথম!আগের দুই ম্যাচের মতো যথারীতি ডাচদের শুরুটা ছিল দুর্দান্ত। স্নাইডার-রোবেন-ফন পার্সির সঙ্গে ক্লাস-ইয়ান হান্টেলার ও রাফায়েল ফন ডার ভার্টকে নিয়ে একাদশ সাজিয়ে লক্ষ্যটা পরিষ্কার বুঝিয়ে দিয়েছিলেন কোচ বার্ট ফন মারউইক। প্রথম ১০ মিনিটে পর্তুগিজরা বলতে গেলে বলে পা ছোঁয়াতেই পারেননি। গোলও ধরা দেয় দ্রুত। রোবেনের পাস ধরে বক্সের বাইরে থেকে নেওয়া ফন ডার ভার্টের অসাধারণ বাঁকানো শটে এগিয়ে যায় হল্যান্ড। ম্যাচে ডাচদের সেরা সময় ছিল ওইটুকুই!গোলের পর কোথায় আরও উদ্বুদ্ধ হয়ে ঝাঁপিয়ে পড়বে, উল্টো ম্যাচের নিয়ন্ত্রণ নিয়ে নেয় পর্তুগাল। ১৬ মিনিটে রোনালদোর শট বাইরে যায় সাইডবারে চুমু দিয়ে। এই শুরু, বাঁ প্রান্ত দিয়ে একের পর এক আক্রমণে ডাচ রক্ষণকে বিপর্যস্ত করে ছেড়েছেন রোনালদো। অধিনায়কের পারফরম্যান্স যেন জাগিয়ে তোলে নানি-মেইরেলেস-পেরেরাদের। সমতায় ফেরানো গোলটি আসে হোয়াও পেরেরার বুদ্ধিদীপ্ত পাসে। ২৮ মিনিটে হল্যান্ডের জেট্রো উইলেমসের কাছ থেকে বল কেড়ে নিয়ে মিগুয়েল ভেলোসো বাড়ান পেরেরাকে। পেরেরার পাস থেকে বল পেয়ে রোনালদো স্টেকেলেনবার্গের বাঁ পাশ দিয়ে পাঠিয়ে দেন জালে। নড়বড়ে রক্ষণ নিয়েও ডাচ গোলরক্ষক দুর্দান্ত কয়েকটি সেভ করে দলকে বাঁচিয়েছেন আরও বড় হারের লজ্জা থেকে। খুব কাছ থেকে নেওয়া রোনালদোর হেড বাঁচিয়েছেন দারুণ রিফ্লেক্সে। আরেকবার ঠেকিয়েছেন রোনালদোর গোলা। রোনালদোর পাস থেকে গোলের সহজ সুযোগ হারিয়েছেন কোয়েন্ত্রাও ও নানি। প্রায়শ্চিত্ত করতেই কি না, নিজে মিস করার দুই মিনিট পরেই রোনালদোকে দারুণ এক পাস দেন নানি। বক্সের ভেতর থেকে ঠান্ডা মাথায় রোনালদো বল জালে পাঠান দ্বিতীয়বার।ফন ডার ভার্টের আরেকটি দূরপাল্লার শট ফিরে এসেছে বার কাঁপিয়ে। পরমুহূর্তেই আবার রোনালদোর শট প্রতিহত হয়েছে ডাচ বারে। শেষ বাঁশিতেই শেষ ডাচদের দুঃস্বপ্ন, যেখানে শুরু পর্তুগিজ উৎসবের। দলের এমন পারফরম্যান্সের কোনো ব্যাখ্যা নেই রোবেনের কাছে, ‘তিন ম্যাচ হারলাম, মেনে নেওয়া কঠিন। আয়নার সামনে দাঁড়ানোর সাহস আমাদের করতেই হবে। সবাই ব্যর্থ হয়েছি। কারণ ব্যাখ্যা করা মুশকিল। কখনো কখনো কিছু ব্যাপার ব্যাখ্যা করা যায় না।’আয়নার সামনে দাঁড়ানোর কথা বলে কি কিছু একটা ইঙ্গিত দিলেন রোবেন? দলে অন্তঃকলহের গুঞ্জনটা নানাভাবে বেরিয়ে আসতে চাইছে। সময়ে হয়তো বেরিয়ে আসবে আরও অনেক কিছু। মেটালিস্ট স্টেডিয়ামের ডাচ সমর্থকেরা যে দলকে করতালিতে সান্ত্বনা জানাল, ব্যর্থতার ষোলকলা পূর্ণ করার টুর্নামেন্টে হল্যান্ডের প্রাপ্তি হয়তো এটুকুই। আর পর্তুগিজরা অপেক্ষায় চেকদের, সেমিফাইনালটা যেন দেখতে পাচ্ছেন রোনালদোরা! এএফপি, রয়টার্স।