ডাচ কোচ আনছে বাফুফে
কাজী সালাউদ্দিন মানেই চমক। বড় স্বপ্ন। বড় চিন্তা। ২০২২ বিশ্বকাপে খেলার স্বপ্নের কথা ঘোষণা করেছেন মাত্রই। সর্বশেষ তিনি যে পরিকল্পনাটা নিয়েছেন, সেটি বাংলাদেশের ফুটবলে নতুন মাত্রা যোগ করবে। একটি শক্তিশালী জাতীয় দল গড়ার উদ্যোগ নিয়েছেন। সেই পথে প্রথম পা ফেলছেন বেশ বড় চ্যালেঞ্জ নিয়ে। এবার বাফুফের সভাপতি জাতীয় দলের জন্য আনছেন ‘হাই-প্রোফাইল’ একজন ডাচ কোচ। এমনিতে সালাউদ্দিন সংবাদমাধ্যমের কাছে বেশ খোলামেলা। কোনো কিছু গোপন করেন না। তবে নতুন কোচের নাম প্রকাশ করতে রাজি হচ্ছেন না। তাঁর কথা, ‘আগে চূড়ান্ত হোক। এরপর জানাব।’ একজন নয়, দুজন ডাচ কোচের সঙ্গে কথা চলছে। একজনকে আনা হবে। এটা একরকমই পাকা। দুই কোচের সঙ্গে আমস্টারডামে আগামী ৪ জানুয়ারি চূড়ান্ত আলোচনায় বসবেন সালাউদ্দিন। এই খবর কাল তিনি নিজেই দিয়েছেন। সালাউদ্দিন ২৩ ডিসেম্বর ব্যক্তিগত সফরে লন্ডনে যাবেন। সেখান থেকে হল্যান্ডে গিয়ে কোচ বেছে নেওয়ার ব্যাপারটা শেষ করে আসবেন বলে জানিয়েছেন।বাফুফের ন্যাশনাল টিমস কমিটির প্রধান কাজী নাবিল আহমেদ, জ্যেষ্ঠ সহসভাপতি সালাম মুর্শেদীর সঙ্গে কোচের বিষয়টি নিয়ে কাল আলোচনায় বসেন সালাউদ্দিন। সেখানে কোচ দুজনের নাম প্রকাশ না করতে কঠোর নিষেধাজ্ঞা দিয়েছেন বাফুফের সভাপতি। তাই নাম প্রকাশের ব্যাপারে সবাই মুখে তালা মেরেছেন। সালাউদ্দিন নিজে তাঁর ব্যক্তিগত ই-মেইলে কোচের সঙ্গে যোগাযোগ রাখছেন। বাফুফে অফিসের সংশ্লিষ্ট কর্মীরাও কিছু জানেন না। সালাউদ্দিন টিভি ক্যামেরার সামনেও এ নিয়ে কিছু বলতে রাজি হননি। এ ছাড়া বাকি অনেক তথ্যই দিয়েছেন। দুই কোচই হল্যান্ড জাতীয় দলে খেলেছেন সত্তর-আশির দশকে। একজন মাসিক বেতন চান ২০ হাজার ইউরো, আরেকজন এর চেয়ে একটু কম। ২০ হাজার চাওয়া কোচকেই আনার চিন্তা সালাউদ্দিনের।‘জাতীয় দলের জন্য একজন ডাচ কোচ আনছি, এটা মোটামুটি ধরে নিতে পারেন। ওই কোচ বিশ্ব ফুটবলে অখ্যাত কেউ নন, এক নামেই পরিচিত। সত্তর-আশির দশকের হল্যান্ড দলকে যাঁরা ভালো জানেন, তাঁরা ভালো চিনবেন এই কোচকে। কোচের পেছনে বছরে তিন কোটি টাকা খরচ হবে। এই সফরে আরও কয়েকজন ডাচ কোচের সঙ্গে কথা বলব। একাডেমির কোচ হিসেবেও ডাচ কোচ বিবেচনায় রেখেছি। সবকিছু মাথায় রেখেই এত বড় একটা কাজে হাত দিয়েছি। অনেক দূর এগিয়েও গেছি’—কাল বলছিলেন সালাউদ্দিন। জাতীয় দলের জন্য একজন কোচ আনাটা এখন জরুরি হয়ে পড়েছে। আগামী মার্চের প্রথম সপ্তাহে নেপালে চ্যালেঞ্জ কাপ খেলবে বাংলাদেশ। সেপ্টেম্বরে নেপালেই আছে সাফ ফুটবল। চ্যালেঞ্জ কাপের বাছাইপর্ব পেরিয়ে ২০১৪ সালে মালদ্বীপে চ্যালেঞ্জ কাপের চূড়ান্তপর্ব। এই পর্বের টিকিট পেতে বাংলাদেশের ভালো প্রস্তুতি দরকার। যেহেতু লিগ চলছে, তাই লিগ বন্ধ করে প্রস্তুতি নেওয়া উচিত নয়। তবু ২০ ফেব্রুয়ারির মধ্যে লিগের খেলা বন্ধ করতে লিগ কমিটিকে পরামর্শ দিয়েছেন সালাউদ্দিন। যাতে কয়েকটা দিন কোচের হাতে দলটা দেওয়া যায়। যিনিই কোচ হয়ে আসুন, একটা বড় চ্যালেঞ্জই স্বাগত জানাবে তাঁকে!