ডাচ কোচের দর্শন ‘টোটাল ফুটবল’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ কোন ধরনের ফুটবল খেলবে? ইউরোপীয় ঘরানার? লাতিন ছন্দের? চল্লিশ বছরের পথচলায়ও মৌলিক কোনো ধরন বেছে নিতে পারেনি বাংলাদেশ। একেক সময় একেক কোচ এসে তাঁর মতো করে খেলিয়েছেন। তবে দুই ডাচ কোচের হাত ধরে বাংলাদেশ এবার ডাচ ঘরানার টোটাল ফুটবল খেলতে পারে। দুই ডাচ কোচই তাঁদের এমন পরিকল্পনার কথা জানিয়েছেন বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনকে। ‘দুই কোচ আমাকে একটা উপস্থাপনা দিয়েছেন লন্ডনে। তাঁরা বলেছেন, বাংলাদেশের দায়িত্ব নিলে টোটাল ফুটবলই খেলাবেন। এটা আমার খুব মনে ধরেছে। এত দিন আমাদের কোনো সিস্টেমই ছিল না। এখন দুই ডাচের কল্যাণে আমরা যদি একটা স্টাইল বেছে নিতে পারি, সেটি হবে বাংলাদেশের ফুটবলের জন্য বড় পাওনা’—লন্ডন থেকে ফিরে কাল বলেছেন সালাউদ্দিন। টোটাল ফুটবল নিয়ে নতুন করে বলার কিছু নেই। এই পদ্ধতিতে শুধু গোলরক্ষকের জায়গাটাই পাকা। বাকি ১০ জনই রক্ষণ করবে, আবার আক্রমণে উঠবে একসঙ্গে। বিখ্যাত ডাচ ক্লাব আয়াক্স আমস্টারডম টোটাল ফুটবলের আঁতুড়ঘর, শুরুটা সেই ১৯৬৯ সালে। ১৯৭৪ বিশ্বকাপে হল্যান্ড জাতীয় দল এই টোটাল ফুটবল খেলে বিশ্বকে চমকে দেয়। এই পদ্ধতির জনক বিখ্যাত ডাচ কোচ রাইনাস মিশেল, যিনি আয়াক্স ও হল্যান্ড জাতীয় দলের কোচ হিসেবে টোটাল ফুটবলকে নিয়ে এসেছেন বিশ্বমঞ্চে। ইয়োহান ক্রুইফ ছিলেন টোটাল ফুটবলের বড় বিজ্ঞাপন, বার্সেলোনা আজ যে স্বপ্নের ফুটবল খেলছে, দলটির কোচ থাকতে সেই বীজ তো বুনেছিলেন ক্রুইফই।সেই রাইনাস মিশেল, ইয়োহান ক্রুইফদেরই দেশের দুই কোচ আগামীকাল আসছেন বাংলাদেশে। সবকিছু ঠিক থাকলে আগামী দুই বছরের জন্য লোডভিক ডি ক্রুইফ হতে যাচ্ছেন বাংলাদেশ জাতীয় দলের নতুন কোচ। তাঁর কোচিংয়ে নাইজেরিয়া ঘরোয়া ফুটবলে এফএ কাপ জিতেছে হার্টল্যান্ড।ক্রুইফের সহকারী হিসেবে কাজ করবেন রেনে কোস্টার, যিনি বাফুফের একাডেমিরও প্রধান কোচ হবেন। রেনে আয়াক্সের ফুটবল একাডেমির সঙ্গে যুক্ত ছিলেন, আয়াক্সে যেভাবে খেলোয়াড় গড়ে তোলা হয় সেভাবে বাংলাদেশের খেলোয়াড় তৈরি করতে চাইবেন বলে সালাউদ্দিনকে জানিয়েছেন।বাফুফে সভাপতির সঙ্গে কোচদ্বয়ের চূড়ান্ত কথাবার্তা হয় গত ২৯ ডিসেম্বর লন্ডনে। চুক্তিটাই শুধু বাকি। সেটিও হয়ে যাবে বলে আশা সালাউদ্দিনের। চুক্তির আগে দুই কোচ বাংলাদেশের সবকিছু দেখে নিতে চান। এরই অংশ হিসেবে ঢাকায় ৯ জানুয়ারি আবাহনী-বিজেএমসি, ১১ জানুয়ারি শেখ জামাল-শেখ রাসেল ম্যাচ দেখবেন তাঁরা। বাফুফের নির্বাহী কমিটির কাছে নিজেদের ভবিষ্যৎ পরিকল্পনাও উপস্থাপন করবেন দুই কোচ।শুরুতেই নতুন কোচদের ওপর কিছু চাপিয়ে দিতে চান না সালাউদ্দিন, ‘মার্চে এএফসি চ্যালেঞ্জ কাপটা দুই কোচ দেখুক। ওটায় ভালো করার জন্য চাপ দেওয়া যাবে না। কারণ, হাতে সময় নেই। তবে সেপ্টেম্বরে নেপালে সাফ ফুটবলে ফাইনালে খেলতে হবে বাংলাদেশকে। এ চ্যালেঞ্জটা তাঁদের সামনে দিয়ে দিয়েছি। এসব নিয়ে ফুটবলারদের সঙ্গেও শিগগির বসব।’ বাংলাদেশে কাজ করা যেকোনো কোচের জন্যই বড় চাপ। তার ওপর লক্ষ্য যদি হয় টোটাল ফুটবল, কোচদের জন্য চ্যালেঞ্জটা হয়ে যাবে অনেক বড়।