ডাচ দলে আট পুরোনো যোদ্ধা
স্বপ্নপূরণের সুসংবাদে কারও চোখমুখ আনন্দে ঝলমল। কেউ হতাশ স্বপ্ন ভেঙে যাওয়ায়। বিশ্বকাপের দল ঘোষণার পর ফুটবলারদের প্রতিক্রিয়া এমনই হয়। এই উচ্ছ্বাস কিংবা হতাশা শুধু ফুটবলারদেরই নয়, কখনো কখনো ছুয়ে যায় তাঁদের ভক্ত-ঘনিষ্ঠজনদেরও। তেভেজকে আর্জেন্টিনা দলে রাখার দাবিতে যেমন রাস্তায় নেমেছেন তাঁর ভক্তরা, নাসরি ফ্রান্স দলে নেই জেনে টুইটারে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখিয়েছেন তাঁর বান্ধবী! ‘একনায়ক’ কোচরা হয়তো তবু অনড় থাকবেন নিজেদের সিদ্ধান্তে। আরও একটা দল ঘোষণা হবে, চমক হয়ে আসবে তেভেজ-নাসরিদের মতো কারও না থাকা কিংবা কারও থাকার খবর।
চূড়ান্ত দল নয়, লুই ফন গাল হল্যান্ডের প্রাথমিক দল ঘোষণা করেছেন কেবল। তবে যথেষ্ট চমক ডাচ কোচের প্রাথমিক দলেই। জায়গা হয়নি রাইটব্যাক গ্রেগরি ফন ডার ভিয়েল, গোলরক্ষক মার্টিন স্টেকেলেনবার্গ, ডিফেন্ডার জন হেইটিঙ্গা ও ইয়োরিস ম্যাথিয়েসেনের মতো অভিজ্ঞদের। হাঁটুর চোটের কারণে পিএসজির ডিফেন্ডার ফন ডার ভিয়েলের বিশ্বকাপ খেলা না-ও হতে পারে এমন গুঞ্জন অবশ্য শোনা যাচ্ছিল আগে থেকেই। তবে প্রত্যাশিতভাবেই আছেন রোবেন, স্নাইডার, ফন ডার ফার্ট ও রবিন ফন পার্সি। সব মিলিয়ে ফন গালের ৩০ জনের দলের মাত্র আটজন খেলেছেন গত বিশ্বকাপে।
দল ঘোষণা করেছে পর্তুগালও এবং যথারীতি দলের অধিনায়ক রিয়াল মাদ্রিদের সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো। তাঁর সঙ্গে প্রত্যাশিতভাবেই আছেন হেলগার পস্তিগা ও নানির মতো অভিজ্ঞরা। চোট কাটিয়ে পুরো সুস্থ হয়ে ফিরতে পারবেন কি না—এই শঙ্কার পরও কলম্বিয়া দলে জায়গা পেয়েছেন রাদামেল ফ্যালকাও। জানুয়ারি থেকে মাঠের বাইরে থাকা কলম্বিয়ান স্ট্রাইকারকে রেখেই বিশ্বকাপের প্রাথমিক দল ঘোষণা করেছেন কোচ হোসে পেকারম্যান।
ইতালির প্রাথমিক দলে জায়গা পেয়েছেন ফিওরেন্টিনা ফরোয়ার্ড জিওসেপ্পে রসি, ড্যানিয়েলে ডি রসি, ‘ব্যাডবয়’ মারিও বালোতেল্লি ও গোলরক্ষক জিয়ানলুইজি বুফনের মতো তারকারা। পার্মায় ভালো পারফরম্যান্সের পুরস্কার পেয়েছেন স্ট্রাইকার আন্তোনিও কাসানো। এ ছাড়া সিরি ‘আ’র সর্বোচ্চ গোলদাতা সিরো ইম্মোবিলের সঙ্গে আছেন রোমার মাত্তিয়া দেস্ত্রো ও নাপোলির লরেঞ্জো ইনসিনিয়া। সিজারে প্রানদেল্লির ৩০ জনের দলে সিরি ‘আ’তে খেলেন না এমন ফুটবলার মাত্র দুজন—পিএসজির দুই মিডফিল্ডার থিয়াগো মোত্তা ও মার্কো ভেরাত্তি।
দিদিয়ের দ্রগবা আর ম্যানচেস্টার সিটির ইয়াইয়া তোরেকে নিয়ে ২৮ জনের প্রাথমিক দল ঘোষণা করেছে আইভরি কোস্ট। আছেন তোরে ভাইদের অন্যজন লিভারপুলের কোলো তোরে, রোমার জেরভিনহো, লিলের সালোমন কালু। তবে অভিজ্ঞদের এই লম্বা তালিকা থেকে বাদ পড়েছেন গ্যালাতাসারাই ডিফেন্ডার ইমানুয়েল এবু। এএফপি, রয়টার্স, ওয়েবসাইট।