ডাচ দলে 'গৃহবিবাদ'

আরিয়েন রোবেনকে নিয়ে শুরু হয়ে গেছে গৃহবিবাদ। বিশ্বকাপে স্পেনের বিপক্ষে হল্যান্ডের মহাগুরুত্বপূর্ণ ম্যাচের আগেই এই বিবাদ ভাবিয়ে তুলেছে কোচ লুইস ফন গালকে।
বিবাদের বিষয়বস্তু বেশ অদ্ভুত। রোবেনের ‘ডাইভিং’ প্রবণতায় ত্যক্ত-বিরক্ত হয়ে তাঁর সঙ্গে ঝগড়ায় লিপ্ত হয়েছিলেন ডাচ সতীর্থ ব্রুনো মার্টিনস ইন্ডি। রোবেনও নাকি খেপে গিয়ে ইন্ডিকে প্র্যাকটিস থেকে বের করে দিতে চেয়েছিলেন। ইন্ডির বক্তব্যটা খুব স্পষ্ট, ‘রোবেনের এই ডাইভিং প্রবণতা বিশ্বকাপে দলের জন্য বিপদের কারণ হয়ে দেখা দিতে পারে।’
অনুশীলনে বল কাড়াকাড়ির সময় ইন্ডির ট্যাকলে নিজেকে শূন্যে ভাসিয়ে মাটিতে পড়ে যান রোবেন। এমন একটা ভাব করতে থাকেন যেন প্রচণ্ড ব্যথা পেয়েছেন। ইন্ডির দাবি, তিনি এমন কোনো ট্যাকল করেননি যে রোবেন এমন করবেন। রোবেনের এই আচরণকে ‘ভড়ং’ হিসেবেই অভিহিত করেছেন।
কোচ ফন গালের মধ্যস্থতায় পুরো বিষয়টি বেশিদূর গড়ায়নি বলেই রক্ষে। ফন গাল দুজনের ওপরই একটু চটেছেন। বলেছেন, প্র্যাকটিসে এমন একটু-আধটু হয়ই। এটাকে বেশিদূর নিয়ে যাওয়ার কোনো মানেই হয় না।
চ্যাম্পিয়নস লিগে রোবেনের লাফিয়ে পড়ার ব্যাপারটি নিয়ে প্রশ্ন তুলেছিলেন ম্যানচেস্টার সিটির কোচ ম্যানুয়েল পেলেগ্রিনি ও আর্সেনাল কোচ আর্সেন ওয়েঙ্গার। ইন্ডি জানিয়েছেন, ‘এই প্রবণতা রোবেন এখনো কাটিয়ে উঠতে পারেনি। সে দারুণ একজন ড্রিবলার। দলের সবচেয়ে গুরুত্বপূর্ণ খেলোয়াড়। তবে তার এই ভড়ংয়ের প্রবণতা কাটিয়ে উঠতে হবে। নয়তো দলের জন্য অপেক্ষা করে আছে সমস্যা।’
ইন্ডির মন্তব্যের জবাবে রোবেন কেবল একটা কথাই বলেছেন, ‘এসব ছোটখাটো ব্যাপার নিয়ে কথা বলার সময় আমার নেই। আমি ব্যস্ত, বিশ্বকাপ প্রস্তুতি নিয়ে।’ রয়টার্স।