ডাচ প্রতিশোধ নাকি আবারও স্পেন?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সেই ক্ষত এখনো শুকায়নি। কোনো দিন শুকাবেও না। পূর্ণ হওয়ার খুব কাছে গিয়ে স্বপ্নটা ভেঙে চুরমার হয়ে গিয়েছিল স্নাইডারের । হল্যান্ডের।
জোহানেসবার্গে সেদিন হল্যান্ডের স্বপ্ন ভেঙে দিয়েছিল যে দলটি, চার বছর পর আবারও সেই স্পেনকে সামনে পেয়ে স্নাইডারের হুমকি, এ আমাদের প্রতিশোধের ম্যাচ। সেদিনের হারের বদলা নিতে চাই।
বলছেন বটে। তবে ওয়েসলি স্নাইডার নিজেও জানেন, বিশ্বকাপের ফাইনালে হারের বদলা কখনো গ্রুপপর্বের সাধারণ একটা ম্যাচে জিতে হয় না। দগদগে ঘায়ে সেটা কিছুদিনের প্রলেপ হতে পারে। কিন্তু যতবার তাঁর দল স্পেনের মুখোমুখি হবে, ততবার ফিরে আসবে ১১ জুলাই, ২০১০ জোহানেসবার্গ সকার সিটির সেই ম্যাচটা।
প্রতিশোধ নাই-বা হলো, ক্ষতের ওপর একটু প্রলেপ তো পড়বে। বিশ্ব চ্যাম্পিয়নদের হারিয়ে বিশ্বকাপ-মিশন শুরু করতে পারলে একটা বাড়তি অনুপ্রেরণা মিলবে। দেশের হয়ে শততম ম্যাচ খেলার মাইলফলকের সামনে দাঁড়ানো স্নাইডারও সেটাই চাইছেন, ‘একটাই লক্ষ্য, এই ম্যাচ থেকে ৩ পয়েন্ট।’
স্নাইডারদের এই চাওয়া এবং পাওয়ার মধ্যে বাধা হয়ে দাঁড়ানো দলটা স্পেন। শুধু এই গ্রুপের ফেবারিট নয়, অনেকের মতে বিশ্বকাপ শিরোপাটা ধরে রাখার বড় দাবিদার। অঘটনের সম্ভাবনা কিংবা শঙ্কা বাদ দিলে কাগজে-কলমেও ‘বি’ গ্রুপে এই দুটি দলই তুলনামূলক বেশি শক্তিশালী। সুতরাং শুধু গতবার ফাইনালের ‘অ্যাকশন রিপ্লে’ নয়, সালভাদরের আজ রাতের ম্যাচটা হতে পারে এই গ্রুপের চ্যাম্পিয়ন হওয়ার লড়াইও। আর ওটাও একটা বাড়তি তাড়না, দ্বিতীয় রাউন্ডে সম্ভাব্য প্রতিপক্ষ স্বাগতিক ব্রাজিলকে এড়ানোর জন্য। প্রথম ম্যাচটাই তাই অগ্নিপরীক্ষা দুই পরাশক্তির জন্য!
সেই অগ্নিপরীক্ষায় উতরে যেতে প্রস্তুতিতে ঘাটতি রাখেননি স্পেনের কোচ ভিসেন্তে দেল বস্ক ও হল্যান্ডের লুই ফন গাল। দেল বস্কের জন্য তো দারুণ সুখবর, ম্যাচের আগে নিজেকে খেলার মতো ফিট ঘোষণা করেছেন ব্রাজিল বংশোদ্ভূত স্প্যানিশ স্ট্রাইকার ডিয়েগো কস্তা। তবে আজ হল্যান্ডের বিপক্ষেই স্পেনের কোচ কস্তাকে খেলাবেন কি না, এটা নিশ্চিত নয়। কস্তা না খেললে দেল বস্ককে আস্থা রাখতে হবে ডেভিড ভিয়া কিংবা ফার্নান্দো তোরেসের ওপর। অথবা সেস্ক ফ্যাব্রিগাসকেও ‘ফলস নাইন’ হিসেবে খেলাতে পারেন স্প্যানিশ কোচ।
সাফল্যের জন্য মরিয়া ডাচ কোচ তাঁর ছকটাই বদলে ফেলেছেন। চিরাচরিত ৪-৩-৩ থেকে সরে গিয়ে কিছুদিন ধরে হল্যান্ড খেলছে ৫-৩-২ ফর্মেশনে। সে েক্ষত্রে আজ রবিন ফন পার্সি আর আরিয়েন রোবেনের পেছনে তিন মিডফিল্ডার হিসেবে থাকতে পারেন স্নাইডার, ইয়র্ডি ক্লাসি আর নাইজেল ডি ইয়ং। একটু রক্ষণাত্মক এই কৌশল নিয়ে সমালোচনা কম হচ্ছে না। তবে ফল পাচ্ছেন ফন গাল, ঘানা ও ওয়েলসের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচেই জিতেছে তাঁর দল, কোনো গোল না খেয়েই৷ ডাচ উইঙ্গার আরিয়েন রোবেন কোচের কৌশলকেই সঠিক মনে করছেন, ‘আমার মনে হয় না আমরা টিকি-টাকা খেলার অবস্থায় আছি। এখন সবাই ফল চায়। আর সেটার জন্য কাউন্টার অ্যাটাকই হবে আমাদের বড় অস্ত্র।’
নিজেদের কৌশলে অটল থাকার কথা তো জানালেনই, পাশাপাশি প্রতিপক্ষের খেলার ধরন নিয়েও একটা সূক্ষ্ম খোঁচা তিনি দিলেন। তবে সত্যিটা এই, এই টিকি-টাকা খেলেই স্পেন গত দুটি ইউরো এবং এর মাঝে একটি বিশ্বকাপের চ্যাম্পিয়ন। প্রতিপক্ষরা যতই তাদের খেলার ধরন বিরক্তিকর মনে করুক, স্প্যানিশ ডিফেন্ডার সার্জিও রামোস এই টিকি-টাকাতেই আরেকবার প্রতিপক্ষ-বধের হুমকি দিলেন, ‘আমাদের লক্ষ্যে স্থির থাকতে হবে। যেভাবে খেলে অতীতে সাফল্য পেয়েছি সেটা আমরা বদলাব না।’
শেষ হাসিটা কি এই না বদলাতে চাওয়া স্পেনের মুখে থাকবে? নাকি বদলে যাওয়া হল্যান্ডের? ওয়েবসাইট।