বিদ্যুৎ-বিভ্রাট চট্টগ্রামের পিছু ছাড়ছে না। হল্যান্ডের ব্যাটিংয়েও তো আলোকস্বল্পতা! জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ১২ মার্চ আফগানিস্তানের সঙ্গে প্রস্তুতি ম্যাচের সময়ও বিদ্যুৎ-বিভ্রাটে পড়েছিল দলটি। তবে বিদ্যুতের চেয়েও কাল ভয়াবহ বিপর্যয় ঘটেছে সিলেটে রূপকথার জন্ম দেওয়া হল্যান্ডের ব্যাটিংয়ে। টি-টোয়েন্টি ইতিহাসের সর্বনিম্ন ৩৯ রানে অলআউট হয় দলটি। মাত্র ৩০ বলেই শুধু কুশল পেরেরার উইকেটটি হারিয়ে ছোট্ট এই লক্ষ্যটা টপকে যায় শ্রীলঙ্কা।
এর আগে সর্বনিম্ন দলীয় রানের রেকর্ডটি হয়েছিল ২০১৩ সালে শারজায়। কেনিয়া আফগানিস্তানের বিপক্ষে অলআউট হয়েছিল ৫৬ রানে। বলের দিক থেকেও কালকের এই ইনিংসটি সবচেয়ে কম দৈর্ঘ্যের, মাত্র ৬৩ বলের। এর আগে ওই রেকর্ড ছিল দক্ষিণ আফ্রিকার, ৭৪ বলের।
তবে আয়ারল্যান্ডের বিপক্ষে অবিশ্বাস্য জয় নিয়ে মূল পর্বে আসা হল্যান্ড ব্যাটিং বিপর্যয়ের জন্য আলোকস্বল্পতাকে দুষতে পারবে না। ফ্লাডলাইটের আলো কমে আসার আগেই যে তাদের তিনজন নেই। ম্যাচটা তখন মাত্র ১১ বল পুরোনো। অ্যাঞ্জেলা ম্যাথুসের ওই ওভারের পঞ্চম বলে বারেসি চান্ডিমালকে ক্যাচ দেন। আগের বলে ওপেনার সোয়ার্টকে উইকেটের পেছনে ক্যাচ দিতে বাধ্য করা ম্যাথুস তখন হ্যাটট্রিকের সামনে। তখনই ফ্লাডলাইটের আলো কমে আসে। একেবারে অন্ধকার না হলেও ক্রিকেটের জন্য এই আলো অপ্রতুল। ৯ মিনিট পর আলো ফিরে এসেও ডাচ ব্যাটিংয়ের অন্ধকার দূর করতে পারেনি।
স্কোরকার্ড যেন আস্তে আস্তে টেলিফোন নম্বরে রূপ নিচ্ছিল। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচে ব্যাটে ঝড় তোলা মাইবার্গসহ পাঁচ ব্যাটসম্যানের পাশে শূন্য। দুই অঙ্ক ছুঁয়েছেন একমাত্র টম কুপার, মেন্ডিসের বলে এলবিডব্লু হওয়ার আগে করেছেন ১৬ রান। তাঁর অনুজ বেন কুপার করেছেন ৮। তৃতীয় সর্বোচ্চ ৬ রান অতিরিক্ত থেকে।
১৬ রানে ৩ উইকেট নিয়ে অ্যাঞ্জেলো ম্যাথুস ম্যাচসেরা। অজন্তা মেন্ডিস ২ ওভার ৩ বল করে ১২ রানে নেন ৩ উইকেট।
৩৯ রানের ডাচ-লজ্জার আড়ালেও জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের বিদ্যুৎ-বিভ্রাট ঢাকা পড়ছে না কোনোভাবেই। ২০১১ সালে পাকিস্তান-বাংলাদেশের ম্যাচেও বিদ্যুৎ-বিভ্রাট হয়েছিল ২০ মিনিটের জন্য। কাল আলোকস্বল্পতার জন্য অবশ্য বিদ্যুতের একটি লাইনে ভোল্টেজ কমে যাওয়াকে দায়ী করেছেন ভেন্যু ব্যবস্থাপক ফজলে বারী খান।
সংক্ষিপ্ত স্কোর
হল্যান্ড: ১০.৩ ওভারে ৩৯ (মাইবার্গ ০, সোয়ার্ট ০, বারেসি ১, টম কুপার ১৬, বোরেন ০, বেন কুপার ৮, বুখারি ৪, ফন বিক ১, সিলার ৩, গুগটেন ০*, মালিক ০; কুলাসেকারা ১/০, ম্যাথুস ৩/১৬, মালিঙ্গা ২/৫, মেন্ডিস ৩/১২)।
শ্রীলঙ্কা: ৫ ওভারে ৪০/১ (কুশল ১৪, দিলশান ১২*, জয়াবর্ধনে ১১*, গুগটেন ০/২২, মালিক ১/১৮)।
ফল: শ্রীলঙ্কা ৯ উইকেটে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: অ্যাঞ্জেলো ম্যাথুস।
দল বিপক্ষ ভেন্যু সাল
৩৯ (১০.৩ ওভার) হল্যান্ড শ্রীলঙ্কা চট্টগ্রাম ২০১৪
৫৬ (১৮.৪) কেনিয়া আফগানিস্তান শারজা ২০১৩
৬৭ (১৭.২) কেনিয়া আয়ারল্যান্ড বেলফাস্ট ২০০৮
৬৮ (১৬.৪) আয়ারল্যান্ড ওয়েস্ট ইন্ডিজ প্রভিডেন্স ২০১০
৬৯ (১৭.০) হংকং নেপাল চট্টগ্রাম ২০১৪
৯০
অব্যবহূত বলের হিসাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সবচেয়ে বড় জয় শ্রীলঙ্কার
৬৩
বলের হিসাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টির সংক্ষিপ্ততম ইনিংস ডাচদের
৭৯
দুই দল মিলে ৭৯ রানও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বনিম্ন