ডাচ মাস্টারক্লাস আর স্প্যানিশ-লজ্জা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিশ্বকাপ ফুটবল
বিশ্বকাপ ফুটবল

ম্যাচ শেষে ভিসেন্তে দেল বস্ক হাততালি দিলেন। কী ভেবে কে জানে!
তা হতবিহ্বল মানুষ কত কিছুই তো করে। সব ধরতে নেই।
টেলিভিশনের পর্দায় স্কোরলাইনটা আবার ভেসে উঠল। হল্যান্ড ৫: স্পেন ১। স্পেনের রাশভারী কোচ কি একবার চোখ কচলালেন! অবিশ্বাসে?
অবিশ্বাস্য তো বটেই। দীর্ঘ বঞ্চনার দুঃখ ঘোচানো ২০০৮ ইউরোর পর একটি বিশ্বকাপ ও আরেকটি ইউরো। টানা তিনটি বড় শিরোপা। বিশ্বকে টিকি-টাকার ছন্দে মাতাল করে তোলা সেই স্পেনকে নিয়ে রোবেন-ফন পার্সিরা যে ছেলেখেলা করলেন, সেটির ব্যাখ্যায় ‘অবিশ্বাস্য’ ছাড়া আর কোনো শব্দ খুঁজে পাওয়া যাচ্ছে না। গত পরশু সালভাদরের এই ম্যাচ কি জয়-পরাজয়ের সীমানা ছাড়িয়ে আরও তাৎপর্য নিয়ে দেখা দিল! একটা যুগের সমাপ্তি? টিকি-টাকার আনুষ্ঠানিক মৃত্যু?
যেকোনো টুর্নামেন্টকে জাগিয়ে তুলতে দুটি জিনিস লাগে। স্বাগতিকদের সাফল্য এবং একটি অঘটন। ২০১৪ বিশ্বকাপ যেন এটির ‘অর্ডার’ দিয়ে রেখেছিল! গত বৃহস্পতিবার সাও পাওলোতে ক্রোয়েশিয়ার বিপক্ষে নেইমার-ভাস্বর ৩-১ গোলে জয় যদি পুরো ব্রাজিলকে মাতিয়ে তোলার কাজটা করে থাকে, পরদিনই ‘সালভাদর-অঘটন’ আলোড়িত করে তুলল বিশ্বকাপকে।
অঘটন? গত বিশ্বকাপের রানার্সআপদের কাছে চ্যাম্পিয়নদের পরাজয় অঘটন? ব্যাপারটা শুধু জয়-পরাজয়ে সীমাবদ্ধ থাকলে অবশ্যই তা হতো না। কিন্তু এদিন তো হল্যান্ড স্পেনকে শুধু হারায়ইনি, অপদস্থের একশেষ করে ছেড়েছে। ব্রাজিলের সবচেয়ে জনপ্রিয় দৈনিক ও‘গ্লোবো প্রথম পৃষ্ঠায় শিরোনাম করেছে—হল্যান্ডে হিউমিলাহা আ এসপানহা। যা বুঝতে পর্তুগিজ জানার প্রয়োজন নেই। ‘হিউমিলেট’ শব্দটা জানলেই চলছে।
বিশ্বকাপে চ্যাম্পিয়নদের প্রথম ম্যাচেই হেরে বসার ঘটনা খুঁজতে বেশি দূরে যাওয়ার প্রয়োজন নেই। ১৯৯০ বিশ্বকাপে চ্যাম্পিয়ন আর্জেন্টিনাকে হারিয়ে দিয়েছিল নবাগত ক্যামেরুন। ২০০২ বিশ্বকাপে আরেক নবাগত সেনেগালের শিকার চ্যাম্পিয়ন ফ্রান্স। শুধু চ্যাম্পিয়নদের প্রথম ম্যাচে হেরে যাওয়াতেই নয়, ওই স্কোরলাইন ‘অঘটন’ শব্দটাতেও মিলিয়ে দিচ্ছে তিনটি ম্যাচকে।
মিলিয়ে দিচ্ছে ব্রাজিলে অনুষ্ঠিত আগের বিশ্বকাপটির সঙ্গেও। সেবার রিওতে ব্রাজিলের কাছে ৬-১ গোলে হেরেছিল স্পেন। পরের ৬৪ বছরের মধ্যে পরশুর ৫-১ স্পেনের সবচেয়ে বড় পরাজয়। পার্সি ও স্নাইডার অমন মিস না করলে তো ওই ৬-১-ও পেছনে পড়ে যায়!
স্প্যানিশ ফুটবলে ‘মানিতা’ বলে একটা কথা খুব চালু। যেটি এসেছে হাতের পাঁচ আঙুলের মতো দেখতে কী একটা ফুল থেকে। ফুটবলেও ‘মানিতা’ মানে পাঁচ আঙুল। তবে প্রতীকী অর্থে। প্রতি আঙুলের জন্য একটা করে গোল। গত বিশ্বকাপ ফাইনালে পরাজয়ের প্রতিশোধটা এমন নির্মম ‘মানিতা’য় হবে, আরিয়েন রোবেনেরও এতটা ভাবার কথা নয়।
এই বিশ্বকাপে হল্যান্ডের প্রথম ম্যাচ। বিশ্বকাপ ফাইনালের সঙ্গে এর তুলনাই চলে না। তার পরও রোবেনের জন্য এটি শাপমোচন। চার বছর ধরে তাড়া করে বেড়ানো একটা দুঃস্মৃতি থেকে মুক্তি। তৃতীয়বারের মতো বিশ্বকাপ ফাইনাল থেকে হল্যান্ডকে শূন্য হাতে ফিরতে হয়েছিল তো তাঁর ব্যর্থতাতেই। জোহানেসবার্গের সকার সিটিতে দুবার ক্যাসিয়াসকে একা পেয়েও গোল করতে পারেননি। স্পেনকে ছিঁড়েখুঁড়ে, ক্যাসিয়াসকে হেনস্তার চূড়ান্ত করে সেই দুঃস্বপ্নকে কী দুর্দান্তভাবেই না কবর দিলেন এই উইঙ্গার! তাঁর মতো রবিন ফন পার্সিরও দুই গোল। কিন্তু ডাচ রূপকথার নায়ক কে, এ নিয়ে কোনো প্রশ্নই নেই।
দুই অর্ধে যেন আলাদা দুটি ম্যাচ। পেনাল্টি থেকে আেলানসোর গোল, ফন পার্সির গোলে সমতা। প্রথমার্ধ ১-১। বিরতির পর যেন নামল অন্য হল্যান্ড। যেকোনো মূল্যে জয় পেতে ডাচ ফুটবলের চিরন্তন সেই সৌন্দর্যবোধ হারিয়ে ফেলা নিয়ে কত কথা! দ্বিতীয়ার্ধের হল্যান্ড যেন আবার টোটাল ফুটবলের সেই জাদু! একের পর এক আক্রমণের ঢেউ আর স্পেনের খড়কুটোর মতো ভেসে যাওয়া।
দেখতে দেখতে মনে ধন্দ জাগছিল, এটা স্পেন-হল্যান্ডই তো! চিরন্তন কমলার বদলে হল্যান্ডের গায়ে গাঢ় নীল জার্সি। লালের বদলে

স্পেন সাদা। এক দলের অবিশ্বাস্য দাপট আর আরেক দলের এর চেয়েও অবিশ্বাস্য অসহায়ত্ব দেখে কখনো কখনো মনে হচ্ছিল, না, এটি স্পেন-হল্যান্ড হতেই পারে না। নির্ঘাত অন্য কোনো ম্যাচ।
অভাবনীয় যে ম্যাচ বিশ্বকাপে আরও অনেক ওলটপালটের প্রতিশ্রুতিও দিয়ে রাখল। গ্রুপ চ্যাম্পিয়ন হলে দ্বিতীয় রাউন্ডে আরেক গ্রুপের রানার্সআপকে পাওয়া যায়। এই সুবিধাটা নেওয়ার তাড়না ‘বি’ গ্রুপের মতো আর কোনো গ্রুপে নেই। রানার্সআপ হলে যে নকআউট পর্বের শুরুতেই সম্ভাব্য প্রতিপক্ষ ব্রাজিল। এমনিতেই যেকোনো দল ব্রাজিলকে এড়াতে পারলে বাঁচে, আর এখানে তো খেলতে হবে বাঘের ডেরায়। এই বিশ্বকাপের দ্বিতীয় রাউন্ডেই হয়তো তাই স্বাগতিক বা চ্যাম্পিয়ন দলের কোনো একটির বিদায় লেখা হয়ে গেল। কিন্তু আগে তো স্পেনকে দ্বিতীয় রাউন্ডে উঠতে হবে!
গত বিশ্বকাপেও স্পেনের শুরুটা হয়েছিল পরাজয়ে। প্রথম ম্যাচে হারার পরও ট্রফি জেতার আশ্চর্য গল্পটাও লেখা হয়েছিল প্রথম। কিন্তু সেই স্পেন আর এই স্পেনে যে আকাশ-পাতাল তফাত। ইনিয়েস্তা-জাভিদের মনে হচ্ছে পুরোনো কীর্তির স্মারক কোনো মনুমেন্ট। গ্রুপে আছে চিলি, একই দিনে অস্ট্রেলিয়ার বিপক্ষে ৩-১ গোলের দাপুটে জয়ে যারা মনে করিয়ে দিয়েছে, বিশ্বকাপটা হচ্ছে দক্ষিণ আমেরিকায়। ইনিয়েস্তা-জাভিরা কোনো জাদুমন্ত্রবলে জেগে উঠলে ভিন্ন কথা, নইলে এবার স্পেন না ২০০২ বিশ্বকাপের ফ্রান্স হয়ে যায়!
শুরুতেই জমে গেল বিশ্বকাপ!