ডাচ রানির দোলাচল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

ম্যান্ডেলা একবার বলেছিলেন, ‘পৃথিবীকে বদলে দেওয়ার অসম্ভব ক্ষমতা রয়েছে খেলাধুলার...এটি অনুপ্রাণিত করে...মানুষকে একতাবদ্ধ করে।’ বিশেষ করে ফুটবল তো সম্প্রীতি, ভ্রাতৃত্ববোধের ভূরি ভূরি দৃষ্টান্ত স্থাপন করেছে। তবে উল্টো নিদর্শনও আছে। ক্লাব কিংবা জাতীয় দলের প্রতি দায়বদ্ধতা থেকে বন্ধু, পরিবারের মাঝে সাময়িক কিংবা দীর্ঘ সময়ের জন্য চিড় ধরার ঘটনাও কিন্তু কম নয়। আজ আর্জেন্টিনা-হল্যান্ডের ম্যাচ শেষে ডাচ রাজপরিবারেও ধরতে পারে খানিকটা ফাটল। সম্ভাব্য বিরোধের কারণটা ডাচ রানি ম্যাক্সিমা, যাঁর জন্ম আর্জেন্টিনায়!
সামাজিক গণমাধ্যমগুলো ইতিমধ্যে ডাচ রাজপরিবারের এই সম্ভাব্য বিবাদ নিয়ে আলোচনায় মেতে উঠেছে। অনলাইনে একটি ছবি প্রচারিত হয়েছে, যেখানে স্বামী-স্ত্রী দুজনই প্রচণ্ড রাগান্বিত অবস্থায় বিছানায় দুদিকে ফিরে শুয়ে আছেন। রাজপরিবারের অন্দরমহলের একেবারে শয়নকক্ষের এমন ব্যক্তিগত ছবি অবশ্য ক্যামেরায় তোলা নয়। ফটোশপের কারসাজি। ছবিটা কারিকুরি করে স্বামীর জায়গায় রাজা উইলিয়াম এবং স্ত্রীর স্থলে রানি ম্যাক্সিমার মুখ বসানো হয়েছে! আরেকটি ছবিতে দেখা যাচ্ছে, হল্যান্ডের ওয়াসেনার গ্রামের রাজা-রানির জমিদারবাড়ির এক পাশ সাজানো ডাচ পতাকা দিয়ে, আরেক পাশ আকাশি-সাদার আর্জেন্টাইন পতাকা দিয়ে।

.
.


ছবিগুলো হয়তো মিথ্যা, বানানো। কিন্তু ফুটবল কখনো কখনো এমন আবেগের জন্ম দেয়—স্টেডিয়াম পেরিয়ে, দেশের সীমানা ছাড়িয়ে তা সংক্রমিত হতে পারে শয়নকক্ষেও!
বুয়েনস এইরেসে জন্ম নেওয়া ম্যাক্সিমা অবশ্য বিশ্বকাপে হল্যান্ড দলের দারুণ সমর্থক হিসেবে পাস নম্বরই পাচ্ছেন। স্বামী রাজা উইলিয়াম অ্যালেক্সান্ডারকে নিয়ে হল্যান্ডের গ্রুপপর্বের অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচটি দেখার জন্য পোর্তো আলেগ্রেতে উড়ে এসেছিলেন। কষ্টার্জিত জয়ের পর রাজা-রানি দুজনই ডাচ ড্রেসিংরুমে গিয়ে কোচ ও খেলোয়াড়দের অভিবাদন জানান। কিন্তু এ তো ভিন্ন প্রেক্ষাপট, এখানে যে শিকড়ের প্রশ্ন! নিজের জন্মভূমিকে যখন কমলা শিবিরের বিপক্ষে খেলতে দেখবেন, রানি একটুও কি দোলাচলে ভুগবেন না—কাকে সমর্থন দেবেন ভেবে! ফন পার্সির উড়ন্ত হেড, রোবেনের ডিফেন্সচেরা দৌড়, নাকি মেসির জাদু—কোনটিতে মোহাবিষ্ট থাকবেন, তা নিয়ে অনিশ্চয়তার ফাঁদে পা দেওয়াটাই তো স্বাভাবিক। গুঞ্জন আরও বাড়তেই পারে, যখন শুনবেন ডাচ সরকার নিশ্চিত করেছে, সাও পাওলোতে হল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচ দেখতে আসছেন না রাজা-রানি!
ম্যাচটা মহাগুরুত্বপূর্ণ, তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ নিশ্চয়ই সংসার টিকিয়ে রাখা! তথ্যসূত্র: ফিফা ও ইয়াহু স্পোর্টস।