ডাচ হতাশায় জার্মান উৎসব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক দলের এক পা কোয়ার্টার ফাইনালে, আরেক দলের এক পা টুর্নামেন্টের বাইরে। পরশু খারকিভের রাতটা চিরবৈরী দুই দলের জন্য দেখা দিল দুই রূপে। হল্যান্ডকে ২-১ গোলে হারিয়ে শেষ আটের সুবাস পেতে শুরু করেছে জার্মানি। এখন অলৌকিক কিছু না ঘটলে জার্মানি ছিটকে পড়ছে না। ডাচদের অবস্থা উল্টো। টানা দুই ম্যাচ হেরে অন্যতম ফেবারিটদের অভিযান শেষ হওয়ার পথে গ্রুপ পর্বেই। শেষ ম্যাচে নিজেদের শুধু বড় ব্যবধানে জিতলেই হবে না, তাকিয়ে থাকতে হবে অন্য ম্যাচের দিকেও।ভৌগোলিক, রাজনৈতিক আর মাঠের ফুটবলের ইতিহাস তো ছিলই। তবে তেতে ওঠার জন্য ইতিহাসের কাছে হাত পাতার প্রয়োজনই ছিল না ডাচদের। বর্তমান বাস্তবতাই ছিল যথেষ্ট। প্রথম ম্যাচেই ডেনমার্কের কাছে অপ্রত্যাশিত হারের পর টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার শঙ্কা, দলে অন্তর্কলহ আর বিভাজনের গুঞ্জন—সব থামিয়ে দিতে পারত জার্মানির বিপক্ষে জয়। আর সেই জার্মানি ম্যাচটাই বরং শেষের কাছে নিয়ে গেল তাদের, গুঞ্জনগুলোর পালে লাগাল আরও জোর হাওয়া। প্রথমার্ধের বেশির ভাগজুড়েই পুরো ছন্নছাড়া মনে হয়েছে হল্যান্ডকে। জার্মানি ম্যাচ জয়ের কাজটুকু মূলত সেরে ফেলে এর মধ্যেই, মারিও গোমেজের দারুণ দুটো গোলে। বায়ার্ন মিউনিখের পারফরম্যান্স জাতীয় দলে বয়ে আনতে না পারার অপবাদটা গায়ে প্রায় সেঁটেই যাচ্ছিল ২৬ বছর বয়সী স্ট্রাইকারের। সেটা ঝেড়ে ফেলার ব্রত নিয়েই যেন নেমেছেন এই টুর্নামেন্টে। পরশুর দুটো গোলেই চিনিয়েছেন নিজের জাত। ২৪ মিনিটে বাস্তিয়ান শোয়েনস্টাইগারের ডিফেন্স চেরা পাসটি দারুণ দক্ষতায় দখলে নিয়ে জালে জড়ান নিখুঁতভাবে। ৩৮ মিনিটে আবারও সেই শোয়েনস্টাইগারের পাস, বক্সের ডানপ্রান্ত থেকে জালে জড়ান তীব্র গতির শটে। গোমেজের দ্বিতীয় গোলটা আসলে হতে পারত জার্মানির তৃতীয় গোল। খানিক আগেই ডিফেন্ডার হোলগার বাডস্টুবার খুব কাছ থেকে নেওয়া হেড মেরে বসেন ডাচ গোলকিপার স্টেকেলেনবার্গের গায়ে। গোমেজ যদি হন জয়ের মূল নায়ক, তাঁর গোল দুটোর উৎসই বলে দিচ্ছে নেপথ্য নায়ক কে। বেশ কিছুদিন পর পরশু আবারও দেখা গেছে সেই শোয়েনস্টাইগারকে, দুর্দান্ত খেলে গত বিশ্বকাপে যে শোয়েনস্টাইগার হয়ে উঠেছিলেন জার্মান দলের হূৎপিণ্ড। সেই গতি, দারুণ সব পাস আর পুরো মাঠ চষে বেড়ানো। চোটের ধাক্কা কাটিয়ে অবশেষে নিজেকে ফিরে পেয়েছেন বায়ার্ন মিডফিল্ডার। প্রথম ম্যাচের চেয়ে পরশু গোটা দলকেই মনে হয়েছে সপ্রভিত, স্বরূপে ফিরেছেন শোয়েনস্টাইগারও। এই জার্মানিকে দমানো মুশকিল!ম্যাচে ফিরতে হলে দ্বিতীয়ার্ধে ডাচদের করতে হতো দারুণ কিছু। অধিনায়ক মার্ক ফন বোমেলকে তুলে রাফায়েল ফন ডার ভার্ট ও ইব্রাহিম আফেলাইয়ের বদলে ইয়ান ক্লাস-হান্টেলারকে নামানোর পর আক্রমণে ধারও বাড়ে ডাচদের। ১৫-২০ মিনিটের একটা পালায় জার্মানদের বেশ চাপেও রাখতে পারে তারা। একমাত্র গোলটি আসে ওই সময়ই। আর্সেনালের ঝলক কিছুটা দেখিয়ে ২৫ মিটার দূর থেকে দুর্দান্ত এক গোল করেন রবিন ফন পার্সি। এরপর প্রয়োজন ছিল খেলাটাকে আরেক ধাপ নিয়ন্ত্রণে রাখা। সেটাই পারেনি হল্যান্ড, করতে দেয়নি আসলে জার্মানি। ৮৩ মিনিটে তুলে নেওয়া হলো আরিয়েন রোবেনকে। ফুঁসতে ফুঁসতে মাঠ ছাড়লেন বায়ার্ন উইঙ্গার। দৃশ্যটা যেন হয়ে থাকল কমলা হতাশার প্রতীক! এএফপি, রয়টার্স।