ডাচদের কমলা-গালিচা সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিমান থেকে হেঁটে যাওয়া পথটুকু মোড়ানো থাকবে কমলা গালিচায়। আরিয়েন রোবেন-ওয়েসলি স্নাইডারদের হাতে তুলে দেওয়া হবে কমলা ফুলের তোড়া। আশঙ্কা ছিল, অভিনন্দন জানাতে আসা সমর্থকদের ভিড় ঠেলে দলটা ঠিকমতো সামনেই এগোতে পারবে না। খেলোয়াড়দের বহনের জন্য তাই প্রস্তুত রাখা হয়েছিল হেলিকপ্টারও।বিশ্বকাপ রানার্সআপ ডাচ ফুটবল দলকে বরণ করে নিতে প্রস্তুতির অভাব ছিল না হল্যান্ডে। পরশু হল্যান্ড দল দেশে ফিরে বিমান থেকে নামতেই কমলা-গালিচা সংবর্ধনা পেলেন রোবেন-স্নাইডাররা। তবে হেলিকপ্টারে আর উঠতে হয়নি তাঁদের। বিমানবন্দর থেকে নেমে খেলোয়াড়েরা বাসে করেই চলে যেতে পেরেছেন আগে থেকেই ঠিক করে রাখা হোটেলে।হল্যান্ড দলকে হেলিকপ্টারে উঠতে হয়নি, কারণ, তাদের বরণ করতে বরণডালা সাজিয়ে বিমানবন্দরে মানুষের ঢল নামেনি। স্বপ্নাহত ডাচরা বড় ক্লান্ত। হতাশার চাদর জড়িয়ে আছে যাদের গায়ে, তাদের কি আর দ্বিতীয় হয়ে ফেরা দলকে স্বাগত জানাতে বিমানবন্দর পর্যন্ত যাওয়ার শখ হবে!রোবেন-স্নাইডাররা যখন আমস্টারডামে নামেন, সন্ধ্যা ছুঁইছুঁই। দুদিন আগে যে কমলা রঙে ছেয়ে গিয়েছিল পুরো আমস্টারডাম, মায়াবী গোধূলিতে বড্ড ম্লান লাগছিল সেই কমলাকে। এর মধ্যেই সাদা-কালো পোশাক পরে, হাতে কমলা ফুলের তোড়া নিয়ে বিমান থেকে নেমে আসেন একে একে রোবেন, স্নাইডার, রবিন ফন পার্সিরা।বিমান থেকে নেমে তাঁরা সোজা চলে যান হোটেলে। যাওয়ার আগে অধিনায়ক জিওভানি ফন ব্রঙ্কহর্স্ট কথা বলেছেন সাংবাদিকদের সঙ্গে। ‘আমি আমার দলের সবাইকে নিয়ে গর্বিত। আমরা আমাদের সর্বোচ্চটা দিয়েছি’—বলেছেন ব্রঙ্কহর্স্ট।ডাচদের হতাশা আছে, তবে দলের প্রতি অসন্তুষ্ট নয় কেউ। ব্রাজিলের মতো দলকে হারিয়েছে ডাচরা, বিশ্বকাপের মতো টুর্নামেন্ট থেকে দ্বিতীয় হয়ে ফেরাও কি কম কথা! বিমানবন্দরে না গেলেও রানার্সআপ হয়ে ফেরা দলকে বরণ করে নিয়েছে তারা। কাল আমস্টারডামের খালে নৌকা-প্যারেড সংবর্ধনা দেওয়া হয়েছে আরিয়েন রোবেনদের। এএফপি, ওয়েবসাইট।