ডাচদের কাছে শেষ বলে হার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইউরোপ সফরের শুরু আর শেষটা দুই মেরুর মতো।আয়ারল্যান্ডের মাটিতে আয়ারল্যান্ডকে হারিয়ে শুরু, ধবলধোলাই করে আয়ারল্যান্ড সফর শেষ। অথচ হল্যান্ডে গিয়েই পা কাটল ‘পচা শামুকে’! প্রথম ম্যাচে স্কটল্যান্ডের কাছে হার। পরের ম্যাচে হল্যান্ডকে হারানোর পর টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে টিকে থাকতে হঠাৎ করে যে বাড়তি ম্যাচটার আয়োজন হলো, কাল হল্যান্ডের কাছে সেই ম্যাচেও ১ উইকেটে হেরে এখন তেতো মুখে দেশে ফেরার বিমানে উঠবে বাংলাদেশ দল। র‌্যাঙ্কিংয়ে টিকে থাকার সান্ত্বনা হয়তো সঙ্গী হবে। ৪ নম্বর দল হিসেবে হল্যান্ড সফর শুরু করা বাংলাদেশ দল ইউরোপ ছাড়ছে ৯ নম্বর দল হিসেবে।হল্যান্ডের সামনে ১২৯ রানের লক্ষ্য দিয়েও ম্যাচটাকে নেওয়া গেছে শেষ বল পর্যন্ত, কাল বাংলাদেশ দলের প্রাপ্তি বলতে এটাই। শেষ ওভারে জেতার জন্য ১০ রান দরকার ছিল ডাচদের। প্রথম তিন বলে ২ রান দিয়ে সম্ভাবনা ভালোই ধরে রেখেছিলেন বাঁহাতি স্পিনার রাজ্জাক। কিন্তু চতুর্থ বলে মিডঅফের ওপর দিয়ে ছক্কা মেরে পুষিয়ে নেন গুগটেন। পরের বলে হয়ে গেলেন এলবিডব্লু। হল্যান্ডের জিততে সমস্যা হয়নি তবু। শেষ বলে ২ রান হলে জয়। নতুন ব্যাটসম্যান আহসান মালিক পয়েন্ট দিয়ে মেরে দিলেন দুর্দান্ত এক বাউন্ডারি। বিজয়োৎসবে মাতে কমলা ডাচরা।হল্যান্ডের জয়ে বড় ভূমিকা ওপেনার মাইকেল সোয়ার্টের। তাঁর ৪৯ বলে ৬১ রানের ইনিংসটি না হলে বাংলাদেশের ১২৮ রান টপকানোও দুঃসাধ্য হতে পারত। সোয়ার্ট এক প্রান্ত আগলে রাখলেও রাজ্জাক, শফিউল, সাকিবরা সাফল্য পাচ্ছিলেন অন্য প্রান্তে। ১৮তম ওভারের পঞ্চম বলে সোয়ার্টকে স্টাম্পের ফাঁদে পেলে জয়ের সম্ভাবনায় আলো ফেললেন মাহমুদউল্লাহ। পরের ওভারে শফিউলও তুলে নিলেন গ্রুইটার্সকে। জয়ের জন্য তখনো ১০ বলে ১৫ রান দরকার ছিল হল্যান্ডের, হাতে ছিল ২ উইকেট।হেগের স্পোর্টপার্ক ওয়েস্টভ্লিয়েট মাঠে কাল বাংলাদেশ হেরেছে আসলে নিজেদের ব্যাটিংয়েই। ওপেনার তামিম ইকবাল, সহ-অধিনায়ক মাহমুদউল্লাহ আর জিয়াউর রহমান ছাড়া বাকিরা পুরোপুরিই ব্যর্থ। ব্যাটসম্যানদের সব বলেই আগ্রাসী হতে যাওয়ার পরিণতি যা হওয়া উচিত, দলের স্কোরকার্ড যেন তারই প্রামাণ্যচিত্র।দলীয় ৮ রানের মধ্যে জুনায়েদ, সাকিব আর মুশফিককে হারিয়ে শুরুতেই চাপে পড়ে যায় বাংলাদেশ। চতুর্থ উইকেটে তামিম-মাহমুদউল্লাহর ৬২ টেনে তোলে দলকে। পরের উইকেটে জিয়ার (২২) সঙ্গেও ৩৬ রানের জুটি হয়েছে তামিমের। কিন্তু সেসব মিলেই স্কোরবোর্ডে জমে ১২৮, যা টি-টোয়েন্টিতে কোনো রানই নয়। ৪৬ বলে ৫০ রানের ইনিংসে তামিম বাউন্ডারি মেরেছেন দুটি, সঙ্গে আহসান মালিককে একটা ছক্কাও। তবে ৩১ বলে মাহমুদউল্লাহর ৪১ রানের ইনিংসটাই বোধহয় বেশি দৃষ্টিসুখকর ছিল। ইনিংসের ছয়টি বাউন্ডারির মধ্যে সোয়ার্টের এক ওভারেই মেরেছেন পর পর তিনটি।আয়ারল্যান্ড-সাফল্যের ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য ছিল হল্যান্ডে। অথচ হেগে তিন ম্যাচ খেলে দুটিতেই হার! আয়ারল্যান্ডের সুখস্মৃতি ইউরোপ সফরের শেষভাগে এসে অনেকটাই বিলীন।