ডাচদের টাইব্রেকার-দুঃখ

আরও একবার টাইব্রেকার-ভাগ্যে স্বপ্নভঙ্গ হল্যান্ডের। শুধু এবারই নয়, পরিসংখ্যান বলছে হল্যান্ডের টাইব্রেকার-ভাগ্যটা বরাবরই খারাপ। ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপে চারবার টাইব্রেকারে গিয়ে তিনবারই হেরেছে হল্যান্ড। বিশ্বকাপেও স্বপ্নভঙ্গের পাল্লাটাই ভারী। এ নিয়ে তিনবার টাইব্রেকারে গিয়ে দুবারই স্বপ্নভঙ্গ ডাচদের। একমাত্র জয়টি, আগের ম্যাচেই কোস্টারিকার সঙ্গে কোয়ার্টার ফাইনালে।
ডাচদের এই টাইব্রেকার-দুঃস্বপ্নের শুরুটা ১৯৯২ ইউরো থেকে। সেমিফাইনালে ৫-৪ গোলে হেরে যায় ডেনমার্কের কাছে। টাইব্রেকারে দুই দলের মধ্যে একমাত্র মিসটি করে ডাচদের দুঃস্বপ্নে ডুবিয়ে দেন দলের সবচেয়ে বড় তারকা মার্কো ফন বাস্তেন। এর পর ১৯৯৬ ইউরোর কোয়ার্টার ফাইনালে, ২০০০ ইউরোর সেমিফাইনালে এবং মাঝে ১৯৯৮ বিশ্বকাপের সেমিফাইনালে এই টাইব্রেকারেই স্বপ্নভঙ্গ।
অবশেষে ডাচরা টাইব্রেকারের দীর্ঘ হতাশার জ্বালা জুড়ায় ২০০৪ ইউরোতে। কোয়ার্টার ফাইনালে সুইডেনকে ৫-৪ গোলে হারিয়ে উঠে যায় সেমিতে। প্রথম পাঁচ শটে ৪-৪। সাডেন ডেথের প্রথম শটে ডাচদের টাইব্রেকার-দুঃখে প্রলেপ দেন ২০ বছর বয়সী এক তরুণ—আরিয়েন রোবেন। বিশ্বকাপ-ইউরো মিলিয়ে ডাচরা এবারই প্রথম পরপর দুই ম্যাচে টাইব্রেকারে গেল। সেই রোবেন গোল করেছেন এই দুই ম্যাচেও। কিন্তু পরশু রোবেন গোল করলেও তাঁর দুই সতীর্থ ভ্লার এবং স্নাইডারের শট ঠেকিয়ে ডাচদের আরেকবার টাইব্রেকার-দুঃস্বপ্ন উপহার দিয়েছেন আর্জেন্টাইন গোলরক্ষক সার্জিও রোমেরো।
পরশু হারের পর অন্য একটা কথাও আলোচনা হচ্ছে। কোয়ার্টার ফাইনালের শেষ মুহূর্তে নেমে বদলি গোলরক্ষক টিম ক্রাল নায়ক বনে যান টাইব্রেকারে কোস্টারিকার দুটি শট রুখে। কিন্তু পরশু সেই ক্রালকে দলের হার দেখতে হলো মাঠের বাইরে বসে। আগেই তিনজন বদলি নামিয়ে ফেলায় ফন গালের হাতে ক্রালকে নামানোর সুযোগ ছিল না। বাধ্য হয়েই আস্থা রাখতে হলো সিলেসেনের ওপর। যিনি পেশাদার ক্যারিয়ারে একটা পেনাল্টি শটও আটকাতে পারেননি। পরশুর চারটিসহ ১৭টি পেনাল্টির ১৭টিতেই গোল হজম করলেন তিনি! আর্জেন্টিনার চতুর্থ শটটি হাতে লাগালেও ঠেকিয়ে রাখতে পারেননি সিলেসেন। রদ্রিগেজের ওই শটটা ঠেকাতে পারলে হল্যান্ডের ঘুরে দাঁড়ানোর আশা থাকত। ম্যাচ শেষে ফন গাল বলেছেন, ‘যদি আমার হাতে সুযোগ থাকত ইয়াসপারের জায়গায় ক্রালকে নামানোর, আমি তা করতাম। কিন্তু আমি আগেই তিনজন বদলি ব্যবহার করে ফেলায় তা পারিনি।’
তিন বদলির শেষ কোটাটি ফন গাল পূরণ করেন ৯৬ মিনিটে, অধিনায়ক রবিন ফন গার্সিকে তুলে নামান হান্টেলারকে। পার্সিকে না তুললেই হতো না? ফন গালের উত্তর, ‘সে খেলতে পারছিল না বলেই তুলে নেওয়াটা জরুরি হয়ে পড়েছিল। আর আমার মনে হয়েছে, হান্টেলার গোল করতে পারবে।’ রয়টার্স।