ডাচদের নিয়ে মারউইকের গর্ব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোয়ার্টার ফাইনালে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিল বধ। সেমিফাইনালের লড়াইয়ে শিকার উরুগুয়ে। দীর্ঘ ৩২ বছর পর বিশ্বকাপের ফাইনালে উঠে গেছে হল্যান্ড! ডাচদের এই সাফল্যে গর্ব না করার কোনো কারণ আছে? কারণ নেই, তবুও প্রশ্নটি এসেছে ব্রাজিলকে বিদায় করার পর ডাচ কোচের নিরোত্তাপ থাকা দেখে। জয়ের আবেগে না ভেসে ‘অনেক পথ বাকি’ বলে জানিয়ে দিয়েছিলেন বার্ট ফন মারউইক। তবে ৩২ বছর পর হল্যান্ডকে ফাইনালে দেখে আনন্দ আর চেপে রাখতে পারেননি তিনি। ডাচদের নিয়ে ‘গর্বিত’ বলে জানিয়ে দিয়েছেন মারউইক।আমি অত্যন্ত খুশি ও গর্বিত। এত ছোট একটি দেশ বিশ্বকাপের ফাইনালে উঠেছে। হল্যান্ডবাসীও ফুটবলারদের এ সাফল্যে গর্ব করতে পারে। রয়টার্স জানায়, উরুগুয়েকে হারিয়ে ফাইনালে উঠে এভাবেই উচ্ছ্বাস প্রকাশ করেন কোচ মারউইক।যাদেরকে বিশ্বকাপের ফেবারিট হিসেবে দেখেনি কেউ, বড়জোর কোয়ার্টার ফাইনাল পর্যন্ত উঠবে ভেবেছিল—সেই দলটিই সবার আগে বিশ্বকাপের ফাইনালে! শিরোপার লড়াইয়ে প্রতিপক্ষ হিসেবে কাকে চান মারউইক? এ প্রশ্নে ডাচ কোচ বলছেন, ‘আমি কোনো দলকেই এগিয়ে রাখছি না। তবে ১৯৭৪ সালের পর জার্মানির সঙ্গে আরেকটি ফাইনাল খেলতে পারলে দারুণ হবে।’তা হলে কি প্রতিশোধ নেওয়ার ইঙ্গিত দিলেন মারউইক? ১৯৭৪ সালের বিশ্বকাপের ফাইনালে জার্মানদের কাছে হেরেই যে শিরোপা হাতছাড়া হয়েছিল ডাচদের! মারউইক অবশ্য প্রতিশোধের বিষয়টি মানতে নারাজ, ‘আমি এটাকে প্রতিশোধ হিসেবে দেখছি না। সেবার জার্মানদের বিপক্ষে দারুণ খেলেছিল হল্যান্ড, কিন্তু আমরা হেরে যাই। আমাদের সেটা জেতা উচিত।’ মারউইক মুখে স্বীকার না করলেও জার্মানি ফাইনালে উঠলে এটি ডাচদের জন্য প্রতিশোধের ম্যাচই হয়ে উঠবে!