ডাচদের শুভাকাঙ্ক্ষী শোয়েইনি!
জার্মানি-হল্যান্ড ম্যাচের প্রথমার্ধে বাস্তিয়ান শোয়েনস্টাইগারের বাড়িয়ে দেওয়া বল ফাঁকায় পেয়ে যান তিনি। ওই মুহূর্তে মনে হচ্ছিল, হয়তো ভারসাম্যই হারিয়ে ফেলবেন। কিন্তু দুর্দান্তভাবে ঘুরে বলটাকে কি অবলীলায়ই না জালে জড়িয়ে দিলেন! এখানেই শেষ নয়, এরপর ডান পায়ের বাঁক খাওয়ানো শটে করলেন দ্বিতীয় গোল। ক্লাবের ঈর্ষণীয় ফর্মটাকে ইউরোতেও টেনে এনেছেন মারিও গোমেজ। তাঁর তিন গোলের কল্যাণেই তো জার্মানি শেষ আটে দিয়ে রেখেছে এক পা। শোয়েনস্টাইগার নিজের অবদানকেও খাটো করে দেখা যাবে না মোটেই, ডাচদের বিপক্ষে দুটি গোলই যে শোয়েইনি-গোমেজ যুগলবন্দীর ফসল! ‘ক্লাবের পক্ষে অসাধারণ, দেশের হয়ে অনুজ্জ্বল’—এমন অপবাদ গোমেজকেও দিতে ছাড়েনি নিন্দুকেরা। কিন্তু ইউরোতে তিন গোল করায় এখন তাঁকেই ভাসানো হচ্ছে অকৃপণ প্রশংসায়।‘শোয়েইনি’ তো গোমেজকে মাপছেন চেলসি স্ট্রাইকার দ্রগবার সঙ্গে এক পাল্লাতেই, ‘মারিওর সবচেয়ে ভালো দিক হলো সে অনেক সময় প্রায় অসম্ভব সুযোগ থেকেও গোল করতে পারে, অনেকটা দ্রগবার মতোই। তাদের দুজন কমবেশি একই মানেরই খেলোয়াড়।’ গোমেজের দুই গোলেই ডাচদের ইউরো গ্রুপ পর্বেই শেষ হওয়ার আশঙ্কায়। তবে শোয়েনস্টাইগার সাবেক বায়ার্ন-সতীর্থ মার্ক ফন বোমেলের দলকে শুভকামনাই জানাচ্ছেন, ‘আমরা ওকে (বোমেল) বলেছি ডেনমার্কের বিপক্ষে আমরা সেরাটাই দেব। এরপর পর্তুগালের সঙ্গে জেতাটা তো তাদেরই হাতে।’ শোয়েনস্টাইগার ‘চিরবৈরী’ হল্যান্ডকে কোয়ার্টার ফাইনালে দেখতে চান, ‘সে (বোমেল) যে কতটা হতাশ তা না বললেও চলে। কিন্তু আমি আশাবাদী, ডাচরা পর্তুগিজদের হারাবে।’ এত কিছুর ফাঁকে দুই ম্যাচে মাত্র এক গোল খাওয়া রক্ষণভাগের প্রশংসায়ও পঞ্চমুখ তিনি, ‘যে দলের রক্ষণ যত বেশি অটুট এই টুর্নামেন্টে তারাই তত দূর যাবে, এটাই এখানে সাফল্যের চাবিকাঠি।’ এএফপি।