ডাচদের সান্ত্বনার জয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ডেড রাবার’ ম্যাচের এর চেয়ে ভালো উদাহরণ আর হতে পারে না। বৃষ্টির উপদ্রবে দুটি দলই এক ম্যাচ খেলে বিদায় নিয়েছে। গতকাল টি-টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ড-হল্যান্ড ম্যাচটা ছিল তাই শুধুই নিয়মরক্ষার। সেই নিয়মরক্ষার ম্যাচেই আইরিশদের বিপক্ষে ১২ রানের জয় দিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ শেষ হলো ডাচদের। হল্যান্ড তো তবু সান্ত্বনার একটা জয় পেল, আয়ারল্যান্ডের বিশ্বকাপ অভিযান শেষ হলো কোনো জয় ছাড়াই।
ধর্মশালায় বৃষ্টির কারণে ৬ ওভারে নেমে আসা ম্যাচে টস জিতে হল্যান্ডকে প্রথমে ব্যাট করতে পাঠিয়েছিল আয়ারল্যান্ড। শুরুটা অবশ্য ভালো হয়নি ডাচদের, ‘পাওয়ার প্লে’র ২ ওভারে ১৩ রানেই ২ উইকেট চলে গিয়েছিল। তবে স্টেফান মাইবুর্গের ১৮ বলে ৫ চারে ২৭ রানের ইনিংসটিই টেনে নিয়ে যায় হল্যান্ডকে। ৯ বলে ১৪ রান করে তাঁকে কিছুটা সঙ্গ দিয়েছেন অধিনায়ক পিটার বোরেন। ৬ ওভার শেষে ৫ উইকেট হারিয়ে হল্যান্ডের স্কোর দাঁড়ায় ৫৯ রান।
ওভারপ্রতি ১০ রান তাড়া করতে নেমে শুরুটা দুর্দান্ত হয় আয়ারল্যান্ডের। মাত্র ২ ওভারেই ২৮ রান তুলে ফেলে তারা। কিন্তু তৃতীয় ও চতুর্থ ওভারে পরপর ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে যায় আইরিশরা। শেষ ২ ওভারে জয়ের জন্য আইরিশদের দরকার ছিল ২৫ রান। কিন্তু ডাচ বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ে শেষ পর্যন্ত ১২ রান দূরেই থেমে যায় আয়ারল্যান্ড। ডাচদের হয়ে ফন মিকিরেন ৪টি ও ফন ডার মারউইক ২টি উইকেট নেন।
সংক্ষিপ্ত স্কোর
হল্যান্ড: ৬ ওভারে ৫৯/৫ ( মাইবুর্গ ২৭, বোরেন ১৪, বারেসি ৮; ডকরেল ৩/৭)। আয়ারল্যান্ড: ৬ ওভারে ৪৭/৭ (স্টার্লিং ১৫, সরেনসেন ৯; ফন মিকেরেন ৪/১১, ফন ডার মারউই ২/৩)।
ফল: হল্যান্ড ১২ রানে জয়ী।
ম্যান অব দ্য ম্যাচ: ফন মিকেরেন।