ডাচরা খেলবে জার্মান ফুটবল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কোচ রাইনাস মিশেলসের মস্তিষ্কপ্রসূত ‘টোটাল ফুটবল’ ডাচ ফুটবলকে নিয়ে গিয়েছিল অন্য উচ্চতায়। ফুটবল কেবল একটা খেলাই নয়, দর্শনও—মিশেলসের টোটাল ফুটবল এই ব্যাপারটিই প্রতিষ্ঠিত করেছিল ১৯৭৪ বিশ্বকাপে। ইয়োহান ক্রুইফ ছিলেন সেই টোটাল ফুটবলের বড় বিজ্ঞাপন। অথচ কিংবদন্তি ক্রুইফই এখন বলছেন, রোবেন-ফন পার্সিদের জার্মান ফুটবল অনুসরণ করা উচিত!
এমন নয় যে ডাচ ফুটবলে মরচে পড়ে গেছে। আগের সেই শৈল্পিক ফুটবলের আলোকচ্ছটার ঔজ্জ্বল্য হয়তো ম্রিয়মাণ। তবু গতবারের রানার্সআপরা কিন্তু শুভসূচনাই করেছে বিশ্বকাপে। স্পেনকে ৫-১ গোলে গুঁড়িয়ে দেওয়ার পর অস্ট্রেলিয়া-চিলিকেও হারিয়েছে। তবু কোথায় যেন খাঁটি সোনার খাদ দেখতে পাচ্ছেন ক্রুইফ, ‘আমরা দ্বিতীয় রাউন্ডে উঠেছি। নিঃসন্দেহে এটি দারুণ সাফল্য। কিন্তু আমাদের খেলা ঠিক সর্বোচ্চ মানের ছিল না।’ বরং জার্মান ফুটবলের প্রশংসায় পঞ্চমুখ ক্রুইফ।
ঠিক এ জায়গাতেই ধন্দে পড়ে যেতে হয়। যান্ত্রিক, ক্লান্তিহীন, ফলনির্ভর, গা জোয়ারি ফুটবলের জন্যই জার্মান ফুটবল বিখ্যাত। সৌন্দর্যের পূজারি ক্রুইফ কী করে এমন নীরস জার্মান ফুটবলের অনুরাগী হয়ে ওঠেন! আসলে জার্মানি যেন আগের সেই জার্মানি নেই। খোলনলচেই বদলে গেছে। জার্মানরাও এখন খেলছে চোখধাঁধানো চিত্তাকর্ষক ফুটবল।
এ জন্যই এই জার্মানি প্রশংসা পাচ্ছে ডাচ কিংবদন্তির, ‘পরিস্থিতি অনুকূলে না থাকলেও জার্মানি নিজস্ব ধারায় খেলে। এভাবেই হল্যান্ডের খেলা উচিত। ফলাফল আমাদের পক্ষেই আছে, শুধু আরেকটু সুন্দর ফুটবল খেলতে হবে—এই যা!’
টোটাল ফুটবলের অবশিষ্ট ছিটেফোঁটার সঙ্গেও আধুনিক জার্মান ফুটবলের সংমিশ্রণ হলে, রাসায়নিক বিক্রিয়ায় একটা জিনিসই আসার কথা—বিশ্বকাপ! সূত্র: বিদেশি ফুটবল ওয়েবসাইট।