ডাচরা সবাই ভাই-ভাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমাকেই তুলে নিতে হবে? স্নাইডারকে চোখে পড়ল না?’—স্লোভাকিয়ার বিপক্ষে দ্বিতীয় রাউন্ডের ম্যাচ থেকে তুলে নেওয়ার সময় রবিন ফন পার্সি নাকি কোচকে বিড়বিড় করে বলেছিলেন এমনটাই। ভিডিও দেখে, ফন পার্সির লিপ রিডিং করে এমন দাবি অনেকেরই। অনেকে আবার এর সূত্র ধরে হল্যান্ড দলে বিবাদের গন্ধও পাচ্ছে। আর হল্যান্ড দলে তো এসব নতুনও নয়, আগেও অনেক বড় বড় টুর্নামেন্টে নিজেরাই নিজেদের সর্বনাশ করেছে দলটার। যদিও ওয়েসলি স্নাইডার জানাচ্ছেন, ফন পার্সির সঙ্গে কোনো ঝামেলাই নেই তাঁর। এর আগে বিবাদের গুজব উড়িয়ে দিয়েছিলেন হল্যান্ড কোচ বার্ট ফন মারউইকও।স্লোভাকিয়ার বিপক্ষে ওই ম্যাচে দলের দ্বিতীয় গোল করা স্নাইডার বলেছেন, সামান্য একটি ঘটনাকে ফুলিয়ে ফাঁপিয়ে বড় করা হচ্ছে, ‘রবিনের সঙ্গে আমি কথা বলেছি, ও বলেছে এই ধরনের কিছু ও বলেনি এবং এ রকম সন্দেহ করারও কোনো কারণ নেই। ওর সঙ্গে আমার কোনো ঝামেলাই নেই, ঝামেলা কারও সঙ্গে কখনো ছিলও না। তবে মাঠ থেকে তুলে নেওয়া হয়েছিল বলে ও একটু হতাশ ছিল, এটা সবারই বোঝার কথা। ব্যাপারটা মোটেও সিরিয়াস নয়।’১৯৯৪ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনাল ও পরের বিশ্বকাপের সেমিফাইনালে ব্রাজিলের কাছে হেরে বিদায় নেওয়া হল্যান্ড আজ আবার কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ব্রাজিলের। এই বিশ্বকাপে হল্যান্ডের চার ম্যাচের দুটিতেই ম্যাচ-সেরার পুরস্কার পাওয়া স্নাইডার জানিয়েছেন, ফেবারিটদের সামনে পেয়ে ভড়কে যাচ্ছেন না তারা, ‘ব্রাজিলের বিপক্ষে আমরা এমন একতাবদ্ধ হয়ে নামব, যা আগে কখনো ছিলাম না। মাঠে নামার জন্য আমরা ১২০ শতাংশ মুখিয়ে আছি।’ ওয়েবসাইট।