ডান হাত উঁচিয়ে হেয়ার বললেন 'নো'!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুরালিকে ‘নো’ ডাকলেন হেয়ার। ১৯৯৫ বক্সিং ডে টেস্টের ছবি
মুরালিকে ‘নো’ ডাকলেন হেয়ার। ১৯৯৫ বক্সিং ডে টেস্টের ছবি

একের পর এক বোলিং করছেন মুত্তিয়া মুরালিধরন। আর একটু পর পর ডান হাত উঁচিয়ে আম্পায়ার ড্যারেল হেয়ার বলছেন, ‘নো’! ১৯৯৫ সালের ২৬ ডিসেম্বর মেলবোর্নে শুরু হওয়া মেলবোর্ন টেস্টে মুরালির ক্যারিয়ারটাকেই শঙ্কার মুখে ফেলে দিয়ে তাঁর বিরুদ্ধে চাকিংয়ের অভিযোগ এনেছিলেন এই বিতর্কিত অস্ট্রেলীয় আম্পায়ার। আজকের তারিখটা তাই ক্রিকেটের ইতিহাসের একটি কালো দিন তো বটেই।

সর্বোচ্চ টেস্ট ও ওয়ানডে রান সংগ্রহকারীর মতো সর্বোচ্চ টেস্ট ও ওয়ানডে উইকেট সংগ্রহকারীও একজন। তবে শচীন টেন্ডুলকারের মতো এই সর্বোচ্চ শিখরে আরোহণ করতে গিয়ে অনেক খিরিখাদ, পাহাড়-পর্বতের বাধা পেরিয়ে যেতে হয়েছে মুরালিকে। সেদিন বক্সিং ডে টেস্টের প্রথম দিনে হেয়ার সাত-সাতবার ‘নো’ ডাকেন মুরালিকে!

সেই টেস্টের প্রত্যক্ষদর্শী সর্বকালের সেরা ব্যাটসম্যান ডন ব্র্যাডম্যান হেয়ারের আম্পায়ারিংকে অভিহিত করেছিলেন ‘সবচেয়ে বাজে উদাহরণ’ হিসেবে। ডন বলেছিলেন, ‘পরিষ্কারভাবেই মুরালি বল থ্রো করছিল না।’ দুর্ভাগ্যবশত মাত্র ১০ দিন পরই মুরালি আবার শিকার হন আরেক অস্ট্রেলীয়র রোষানলে। ৫ জানুয়ারি ব্রিসবেনে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজে অভিষিক্ত আম্পায়ার রস এমারসনও মুরালির প্রথম ওভারে তিনবার, দ্বিতীয় ওভারে দুইবার এবং তৃতীয় ওভারে দুইবার নো ডাকেন। ক্রিকেট বিশ্বে ঝড় ওঠে। বিশেষ করে এশীয় ক্রিকেট দলগুলোর সাবেক তারকাদের পক্ষ থেকে দাবি করা হয়, ইচ্ছা করেই নো বল ডেকে মুরালিকে ‘শেষ’ করে দিতে চেয়েছেন অস্ট্রেলীয় আম্পায়াররা।

প্রশ্নের মীমাংসা করতে মুরালিকে যেতে হয় পরীক্ষাগারে। ১৯৯৬ বিশ্বকাপের ঠিক আগে হংকংয়ের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক রবীন্দ্র গুনাতিল মুরালিকে নিয়ে বায়ো-মেকানিকস পরীক্ষা করেন। এই গবেষকই মুরালির বোলিং অ্যাকশনকে বৈধ ঘোষণা করেন। তবে তিনি এ-ও যোগ করেন, মুরালির অ্যাকশনটাই চাকিংয়ের বিভ্রান্তি সৃষ্টি করে। সাদা চোখে দেখলে অনেকের মনে হতে পারে মুরালি বৈধ অনুমিত সীমার বাইরে হাত বাঁকাচ্ছেন।

এই প্রমাণের ওপর ভিত্তি করেই আইসিসি মুরালিকে বোলিং চালিয়ে যাওয়ার অনুমতি দেয়। কিন্তু মুরালির দুর্দশার তাতেই শেষ নয়। ১৯৯৮-৯৯ মৌসুমে অস্ট্রেলিয়া সফরে অ্যাডিলেডে ইংল্যান্ডের বিরুদ্ধে একটি একদিনের ম্যাচে সেই রস এমারসন আবার ‘নো’ ডাকেন মুরালিকে। এতে ক্ষুব্ধ হয়ে অধিনায়ক অর্জুনা রানাতুঙ্গার নেতৃত্বে শ্রীলঙ্কা মাঠ ছেড়ে বেরিয়ে আসে খেলা শেষ না করে। পরে শ্রীলঙ্কান ক্রিকেট বোর্ডের নির্দেশনায় ম্যাচ শুরু হয় আবার।

আরও একবার পরীক্ষাগারে যেতে হয় মুরালিকে। উতরে যান সে পরীক্ষায়ও। সুসংবাদ যে, আইসিসি কোনো অবস্থাতেই মুরালির অ্যাকশনকে পরিবর্তনের নির্দেশ দেয়নি। ১৬ মার্চ ২০০৪ সালে ক্যান্ডিতে সেই অস্ট্রেলিয়ার বিপক্ষেই টেস্টে ৫০০তম উইকেট তুলে নিয়ে মুরালি যেন পাল্টা জবাব দিয়ে দেন। কিন্তু সিরিজের শেষ দিকে মুরালির দুসরাকে প্রশ্নবিদ্ধ করেন ম্যাচ রেফারি ক্রিস ব্রড। আবারও নিজের নির্দোষিতা প্রমাণে পরীক্ষাগারে মুরালি!

সাবেক টেস্ট ক্রিকেটার অরবিন্দ ডি সিলভা, অ্যাঙ্গাস ফ্রেজার, মাইকেল হোল্ডিং, টনি লুইস, টিম মে এবং আইসিসির ডেভ রিচার্ডসনকে নিয়ে গড়া একটি প্যানেল আইসিসির বায়োমেকানিক্যাল বিশেষজ্ঞদের প্রতিবেদনের ভিত্তিতে এবারও অ্যাকশনের বৈধতা দেয়। নভেম্বরে প্রকাশিত ‘চাকিং-সংক্রান্ত’ সেই প্রতিবেদনে বলা হয়, মুরালির জন্মগত বৈশিষ্ট্যের কারণেই স্বাভাবিকের চেয়ে তাঁর হাতের কনুই বল ডেলিভারির সময় বেশি সোজা হয়ে যায়। এতেই বিভ্রান্তি ঘটে। মুরালির জন্যই আইসিসি বোলারদের কনুই বাঁকানোর সীমা ৫ ডিগ্রি থেকে বাড়িয়ে ১৫ ডিগ্রি করে দেয়। মুরালি দুসরা ডেলিভারির সময় বাঁকান ১৪ ডিগ্রি পর্যন্ত।

এই প্রশ্নও ওঠে, কিংবদন্তি শেন ওয়ার্নকে সেরার আসনে বসিয়ে রাখতেই কি অস্ট্রেলীয়রা মাঠের বাইরেও ‘খেলেছেন’ মুরালির সঙ্গে? অস্ট্রেলিয়ার সঙ্গে শ্রীলঙ্কার সিরিজ শুরুর আগেই এ নিয়ে সরব হয়ে উঠত অস্ট্রেলীয় সংবাদমাধ্যমগুলো। তাতে যোগ দিতেন শীর্ষ পর্যায়ের অনেকেই। এমনকি তত্কালীন অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী জন হাওয়ার্ডসও মুরালিকে ‘চাকার’ আখ্যায়িত করেছিলেন। সেই সঙ্গে দর্শকদের বিদ্রূপ তো ছিলই। কিন্তু মুরালির রক্তে ছিল লড়াইয়ের নেশা। কেউ তাঁকে দমিয়ে রাখতে পারেনি। মাঠে এবং মাঠের বাইরে সমানতালে লড়েছেন। সফলও হয়েছেন। শেষ ম্যাচ পর্যন্ত বোলিং করে গেছেন তার নিজস্ব অ্যাকশনেই। শ্রীলঙ্কার জন্য বয়ে এনেছেন সাফল্য।

টেস্টে সর্বোচ্চ ৮০০ উইকেট এবং ওয়ানডেতে ৫৩৪ উইকেট শিকারি মুরালির যত অর্জন ক্রিকেট দিয়ে হলেও মানবতায়ও মুরালি একসময় জয় করেন লঙ্কানদের মন। ২০০৪ সালে সুনামি-আক্রান্ত এলাকায় ১০ ট্রাক ত্রাণ জরুরিভাবে পাঠানোর ব্যবস্থা করেন। নিজে উপস্থিত থেকে ত্রাণকাজ তদারকিও করেন বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার।

দেখুন সেই টেস্টে কীভাবে একের পর এক ‘নো’ ডাকছেন হেয়ার