ডানেডিনে 'মিডলওয়েট' লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

৪৫ রানে অলআউট। কেপটাউনে বিপর্যয় দিয়েই শুরু হয়েছিল নিউজিল্যান্ডের নতুন বছর। শুরুর মতো টেস্ট ক্রিকেটে পুরো বছরটাই বাজে গেছে নিউজিল্যান্ডের। ২০১৩ সালের এ পর্যন্ত নয়টি টেস্টের একটিও জিততে পারেনি কিউইরা।

এ বছরের মার্চে জিম্বাবুয়েকে হারিয়ে টানা ষষ্ঠ টেস্ট জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ। টানা সাফল্যের ওই ভাবালুতার লেশমাত্রও অবশ্য অবশিষ্ট নেই তাদের। শচীন টেন্ডুলকারের বিদায়ী টেস্ট সিরিজেই বিদায় নিয়েছে সেটা। কলকাতা ও মুম্বাইয়ে দুই ম্যাচেই ইনিংস ব্যবধানে হেরে বাস্তবতা বুঝেছে ক্যারিবীয়রা।

টেস্টে খাবি খেতে থাকা এই দল দুটিই এখন মুখোমুখি। আগামীকাল (বাংলাদেশ সময় আজ দিবাগত রাতে) ডানেডিনে শুরু হচ্ছে তিন টেস্ট সিরিজের প্রথমটি। সিরিজ শুরুর আগেই হ্যামস্ট্রিংয়ের চোট কেড়ে নিয়েছে ওয়েস্ট ইন্ডিজের অন্যতম ব্যাটিং ভরসা ক্রিস গেইলকে। স্বস্তিতে নেই স্বাগতিক নিউজিল্যান্ডও। অধিনায়ক ম্যাককালাম ও ফর্মে থাকা ব্যাটসম্যান উইলিয়ামসনের ডানেডিনে খেলা নিয়ে সংশয় থাকছেই। এএফপি।

হাতের বুড়ো আঙুল ভেঙে বাংলাদেশ সফর থেকে আগেভাগেই দেশে ফেরা উইলিয়ামসন এখনো সেরে ওঠেননি পুরোপুরি। পিঠের ব্যথায় ম্যাককালামকে তো নিয়মিতই নিতে হচ্ছে ব্যথানাশক ওষুধ।

ওয়েস্ট ইন্ডিজের দলে মাত্র দুজন শিবনারায়ণ চন্দরপল ও দিনেশ রামদিনেরই আছে শুধু নিউজিল্যান্ডে খেলার অভিজ্ঞতা। ক্যারিবীয়দের এই অনভিজ্ঞতার সুযোগ নিউজিল্যান্ড কি পারবে ২০০৮ সালের পর প্রথম পরিপূর্ণ টেস্ট সিরিজ জিততে?