ডাবল সেঞ্চুরিতে ট্রটের জবাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

একটা স্বপ্নপূরণ জন্ম দেয় নতুন স্বপ্নের। লর্ডস জাদুঘরের সংবাদ সম্মেলন কক্ষে আগের দিনই নতুন স্বপ্নটার কথা জানিয়েছিলেন জোনাথন ট্রট। সেঞ্চুরি দিয়ে লর্ডস অভিষেক অবশ্যই বিশেষ কিছু। তবে যদি ডাবল সেঞ্চুরি করা যায়, সেটা হবে আরও বড় অর্জন।লর্ডসে ডাবল সেঞ্চুরিয়ানদের জন্য আলাদা কোনো অনার্স বোর্ড নেই। থাকলে জোনাথন ট্রটের নামটা সেখানে বাড়তি ঔজ্জ্বল্য পেতে পারত। লর্ডসে প্রথম ম্যাচ খেলতে নেমে ডাবল সেঞ্চুরি করেছেন বলেই শুধু নয়, সমালোচনার কাঁটাতার টপকে যেভাবে তিনি বাংলাদেশের বিপক্ষে লর্ডস টেস্ট পর্যন্ত এলেন, লর্ডসে অভিষেক টেস্ট খেলতে নামার রোমাঞ্চকে জয় করে যেভাবে লাল দালানের ব্যালকনির দিকে ব্যাট উঁচিয়ে ধরলেন দুবার—সব মিলিয়েই তো এই ডাবল সেঞ্চুরিটা আলাদা সংবর্ধনা পাওয়ার মতো!লর্ডসের মাঠে ১৪তম আর ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরি দিয়ে ট্রট কাল ছাড়িয়ে গেলেন নিজেকেও। তবে এই টেস্টটা খেলতে নামার আগে ট্রটের মানসিক অবস্থা বাংলাদেশের রবিউল ইসলামের চেয়ে ভালো কিছু ছিল না। কিছুটা নার্ভাস, কিছুটা রোমাঞ্চিত। ‘নার্ভাস তো অবশ্যই ছিলাম। ইংল্যান্ড বা ইয়র্কশায়ার যে দলের হয়েই খেলি, প্রতিবারই ব্যাটিংয়ে যাওয়ার সময় এই জিনিসটা কাজ করে’—বলছিলেন ট্রট।জন্মসূত্রে দক্ষিণ আফ্রিকান, কৈশোর-তারুণ্যে সে দেশের হয়েই খেলেছেন অনূর্ধ্ব-১৫ আর অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ। তবে পারিবারিক সূত্রে ব্রিটিশ পাসপোর্টধারী হওয়ায় ২০০৩ সালে ওয়ারউইকশায়ারের হয়ে কাউন্টিতে নাম লেখাতে পেরেছেন দেশি খেলোয়াড় হিসেবেই। অভিষেক ম্যাচে সাসেক্সের বিপক্ষে ১৩৪ রানের ইনিংস দিয়ে শুরু। এরপর সেঞ্চুরি করলেন আরও দুটি অভিষেকে। ওভালে ক্যারিয়ারের প্রথম টেস্টের দ্বিতীয় ইনিংসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ১১৯ রানের ইনিংস, আর লর্ডস অভিষেকে তো করলেন ডাবল সেঞ্চুরিই। গত বছরের আগস্টে টেস্টে আসার পর থেকে অবশ্য একটু খারাপই যাচ্ছিল ট্রটের সময়। বিশেষ করে গত ডিসেম্বর-জানুয়ারির দক্ষিণ আফ্রিকা ও ফেব্রুয়ারি-মার্চের বাংলাদেশ সফরে। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চার টেস্টে সাত ইনিংস খেলে রান করেছিলেন মাত্র ১৯০। আর বাংলাদেশের চার ইনিংসে করেছিলেন ৩৯, ১৪, ৬৪ ও ১৯।অথচ ইংলিশ কাউন্টিতে এই ট্রটই কত না দুর্বার ছিলেন! ২০০২ সালে ওয়ারউইকশায়ারের দ্বিতীয় একাদশের হয়েও অভিষেকেই ডাবল সেঞ্চুরি করেছিলেন। ২৪৫ রানের রেকর্ড ইনিংসে তৃতীয় উইকেট জুটিতে ট্রেভর পেনির সঙ্গে ৩৯৭ রানের জুটি হয়েছিল তাঁর। পুরো ক্যারিয়ারে এত এত অর্জন যাঁর, বিরুদ্ধ স্রোতের এক-আধটু জল তাঁকে স্পর্শ করবে কেন? মাঝখানের খারাপ সময়টা ট্রটের ইংল্যান্ড দলে থাকা নিয়েই প্রশ্ন তুললেও, তাঁর নিজের দর্শনটা ভিন্ন, ‘দক্ষিণ আফ্রিকা সফর নিয়ে আমি নিজেও একটু হতাশ ছিলাম। কিন্তু সবাই এ নিয়ে এত বেশি কথা বলল...! আমি তো কিছু ভালো ইনিংসও খেলেছিলাম।’ক্রিকেট মাঝে মাঝে এতটাই নিষ্ঠুর—খারাপ সময়ে নিজের ভালো সময়টার কথা নিজেকেই মনে করিয়ে দিতে হয়। তবে ট্রট এসব কিছুকেই ধরেন খেলার অংশ হিসেবে। তাঁর কাছে ক্রিকেটে ভালো খেলা, খারাপ খেলাটা মুদ্রার এপিঠ আর ওপিঠ। ব্যর্থতার হতাশা ভুলতে তাই খুব সময় লাগে না এই ব্যাটসম্যানের, ‘অতীত অতীতই। আমাকে এখন আরও ভালো ব্যাটিং করতে হবে, ইতিবাচক মানসিকতা নিয়ে খেলতে হবে।’এটা ট্রটের কথা, আর তাঁর কাছের মানুষেরা বলেন, ব্যক্তি হিসেবে একটু জটিল মানসিকতারই লোক ট্রট! কোনো কিছু নিজের মনমতো না হলে অস্থির হয়ে পড়েন। যতক্ষণ না সেটা ঠিকঠাকভাবে হচ্ছে এ নিয়ে মাথাব্যথা আর যায় না। ব্যাটসম্যান ট্রটকে হয়তো এই গুণটাই শুদ্ধ করে তুলছে আরও।