ডাবল সেঞ্চুরির অপেক্ষায় শুভাগত
জাতীয় ক্রিকেট লিগে আগের দিন সেঞ্চুরি দেখেছিল সিলেট বিভাগীয় স্টেডিয়ামের দর্শক। খুলনার বিপক্ষে রাজশাহীর ওপেনার মাইশুকুর রহমান করেছিলেন তাঁর টানা দ্বিতীয় সেঞ্চুরি (১২৬)। তবে আজ হয়তো ডাবল সেঞ্চুরির অপেক্ষায় থাকবে রাজশাহী। রাজশাহীর শহীদ কামরুজ্জামান বিভাগীয় স্টেডিয়ামে কাল দিন শেষে ১৯৪ রানে অপরাজিত রয়েছেন ঢাকার শুভাগত হোম! তাঁর সঙ্গী মেহরাব হোসেন অপরাজিত রয়েছেন ৯৭ রানে।এই দুজনের দারুণ ব্যাটিংয়ে চট্টগ্রামের বিপক্ষে ঢাকা প্রথম ইনিংসে দিন শেষে তোলে ৩ উইকেটে ৩০৮ রান। ৭৮ রানে ৩ উইকেট হারানো পর চতুর্থ উইকেটে মেহরাবকে সঙ্গী করে ২৩০ রানের জুটি গড়েন শুভাগত। প্রথম ইনিংসে চট্টগ্রাম তোলে ২২৭ রান।সিলেটে রাজশাহীর বোলারদের দাপুটে বোলিংয়ে ধুঁকছে খুলনা, প্রথম ইনিংসে ৯ উইকেটে তারা তুলেছে ১৫৪ রান। এর আগে রাজশাহীর প্রথম ইনিংস শেষ হয় ৩১৮ রানে। সানজামুল ও সাকলাইন সজীব নিয়েছেন ৪টি করে উইকেট। অন্যটি ফরহাদ হোসেনের। বগুড়ায় শহীদ চান্দু স্টেডিয়ামে নাসিরউদ্দিন (৭৫) ও শাহীনের (৫৫*) জোড়া হাফ সেঞ্চুরিতে বরিশাল প্রথম ইনিংসে ৩ উইকেটে করেছে ২১০ রান। সিলেটের চেয়ে এখনো ৫০ রানে এগিয়ে তারা। প্রথম ইনিংসে ১৬০ রানে অলআউট হয়েছে সিলেট।