ডারবান টেস্ট

পিটার গেরহার্ড ভিন্টসেন্ট ফন ডার বিজলি। ব্যারি অ্যান্ডারসন রিচার্ডস। ব্রায়ান লি আরভিন।
মিলটা হলো, তিনজনই দক্ষিণ আফ্রিকান। তিনজনই নিজেদের শেষ টেস্টে সেঞ্চুরি পেয়েছেন। এবং তিনজনের কেউই জানতেন না ওই ম্যাচটাই তাঁদের ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ হয়ে থাকবে।
ফন ডার বিজলির ক্যারিয়ার সংক্ষিপ্ত করেছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ। বর্ণবাদের কারণে দক্ষিণ আফ্রিকা একঘরে থাকায় বাড়তে পারেনি রিচার্ডস ও আরভিনের ক্যারিয়ার।
হঠাৎ ইতিহাসের ঝাঁপি খুলে বসার কারণ জ্যাক ক্যালিস। ডারবান টেস্টের প্রথম ইনিংসে আজ আর মাত্র ২২ রান পেলেই যে ইতিহাস গড়বেন দক্ষিণ আফ্রিকান অলরাউন্ডার। ক্যারিয়ারের শেষ টেস্টে সেঞ্চুরি করতে আর এই কয়টা রানই তাঁর দরকার। পূর্বসূরিরা না চাইতেই শেষ টেস্টে সেঞ্চুরির তালিকায় বসেছেন, ক্যালিস তো টেস্ট ছাড়ছেন ঘোষণা দিয়েই। অবসরের ঘোষণা দিয়ে টেস্ট সেঞ্চুরি সর্বশেষ সেই ১৯৮৪ সালে করেছেন অস্ট্রেলিয়ার গ্রেগ চ্যাপেল।
দক্ষিণ আফ্রিকা ব্যাটিংয়ে নেমে গিয়েছিল আগের দিনই। বিনা উইকেটেই তুলে ফেলেছিল ৮২ রান। ক্যালিসকে ব্যাটিং করতে দেখতে অবশ্য কাল বেশি সময় অপেক্ষা করতে হয়নি কিংসমিডের দর্শকদের। অধিনায়ক গ্রায়েম স্মিথ ও হাশিম আমলা দ্রুতই ফিরে গেলে দিনের ১৩তম ওভারেই ক্রিজে ক্যালিস। পুরো গ্যালারি দাঁড়িয়েই অভ্যর্থনা জানিয়েছে তাঁকে, গার্ড অব অনার দিয়েছেন প্রতিপক্ষ ভারতের খেলোয়াড়েরাও। কোনো বল খেলার আগেই অন্যপ্রান্তে দাঁড়িয়ে আউট হতে দেখলেন ফিফটি পাওয়া আলভিরো পিটারসেনকে। পরপর দুই বলে ২ উইকেট, ১১৩ রানে স্বাগতিকদের ৩ উইকেট তুলে নিয়ে ভারত প্রবলভাবেই তখন ম্যাচে।
ক্যালিস তাঁর মতোই খেলা শুরু করলেন এরপরই। এবি ডি ভিলিয়ার্সকে নিয়ে ১২৭ রানের জুটি, ক্যালিস থাকলেন সহযোগীর ভূমিকায়, ধৈর্যের প্রতিমূর্তি হয়ে। রানের চাকা ঘোরানোর দায়িত্বটা ভালোভাবেই পালন করা ডি ভিলিয়ার্স ১১৭ বলে ৭৪ রান করে রবীন্দ্র জাদেজার তৃতীয় শিকার। এই নিয়ে টানা ১০ ম্যাচে কমপক্ষে একটি ফিফটি ছাড়ানো ইনিংস খেললেন ডি ভিলিয়ার্স।
ডি ভিলিয়ার্সের বিদায়ের পর ডুমিনিকে নিয়েও ৫৮ রানের জুটি ক্যালিসের। ১৫১ বলে ক্যারিয়ারের ৫৯তম ফিফটি ছুঁয়েছেন টেস্টে দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বোচ্চ রানের মালিক। বৃষ্টিতে অপমৃত্যু ঘটা দিনটা ৫ উইকেটে ২৯৯ রানে শেষ করেছে দক্ষিণ আফ্রিকা। এর আগে ১০২ বার ফিফটি পেরিয়ে ৪৪ বারই তিন অঙ্কের দেখা পাওয়া ক্যালিস কি আজ পাবেন তাঁর ৪৫তম সেঞ্চুরি? তথ্যসূত্র: ক্রিকইনফো, টেন ক্রিকেট।