ডারবানে ‘আগ্রাসনে’ চোখ তাসকিনের
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ নির্ধারণী ম্যাচে ম্যান অব দ্য ম্যাচের সঙ্গে সিরিজ–সেরার পুরস্কারও জিতেছিলেন তাসকিন আহমেদ। মাশরাফি বিন মুর্তজা ও মোস্তাফিজুর রহমানের পর বাংলাদেশের মাত্র তৃতীয় স্বীকৃত পেসার হিসেবে সিরিজ–সেরা হয়েছেন তাসকিন। এবার টেস্টের সিরিজের আগে বললেন, দীর্ঘ সংস্করণে বিশ্বমানের বোলার হওয়া লক্ষ্য তাঁর।
চোট-ফর্ম মিলিয়ে তিন বছরের মতো জাতীয় দলের বাইরে থাকার পর ফিরে তাসকিন রেখেছেন বদলে যাওয়ার ছাপ। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সেটিরই স্বীকৃতি পেয়েছেন। এবার টেস্টে চ্যালেঞ্জ নেওয়ার পালা। এমনিতেও নিউজিল্যান্ডের বিপক্ষে মাউন্ট মঙ্গানুই টেস্টে ঐতিহাসিক জয়ে আছে আরেক পেসার ইবাদত হোসেনের নাম। তবে সব মিলিয়ে টেস্টে বাংলাদেশ পেসারদের উন্নতি হচ্ছে, তাসকিন মনে করিয়ে দিলেন সেটি।
আজ বিসিবির দেওয়া এক ভিডিও বার্তায় তাসকিন বলেছেন, ‘গত দুই বছর ধরে আমরা প্রতিটি ফাস্ট বোলার কষ্ট করছি। আমাদের উন্নতি হচ্ছে, তবে আরও উন্নতি করতে হবে। আমরা চাই, দলের সবাই যেন বিশ্বমানের বোলার হতে পারি। সেই সামর্থ্য আমাদের আছেও। আমরা একটা বিভাগ হিসেবে কাজ করছি। কোচরাও অনেক সহায়তা করছেন। আল্লাহ যদি আমাদের সুস্থ রাখেন, ধারাবাহিকভাবে এগোতে পারি, তাহলে অবশ্যই ভালো কিছু করব বলে আশা করছি।’
নিজের লক্ষ্যের কথাও জানিয়েছেন তাসকিন, ‘টেস্ট ক্রিকেট সবচেয়ে চ্যালেঞ্জিং সংস্করণ। টেস্টে ভালো করতে পারলে নিজের কাছেও অনেক ভালো লাগে। সবচেয়ে কঠিন সংস্করণ এটা। সব সংস্করণে নিয়মিত খেলা তো আমার স্বপ্ন। তবে টেস্ট ক্রিকেট সবচেয়ে চ্যালেঞ্জিং। আমি চাই বিশ্বমানের টেস্ট বোলার হতে।’
এ সফরের আগে থেকে স্বাভাবিকভাবেই কন্ডিশন নিয়ে আলোচনা হয়েছে অনেক। পেস-সহায়ক কন্ডিশনে বাংলাদেশ পেসাররা কেমন করেন, দেখার বিষয় ছিল সেটিও। তাসকিনের মতে, ভিন্ন ভিন্ন কন্ডিশনে মানিয়ে নিতে স্কিল বাড়াতে হবে আরও, ‘বড় বোলার হতে হলে কোন পিচে কীভাবে বোলিং করতে হয়, সেটা আমাকে জানতে হবে। আগের থেকে আরও একটু শিখেছি, তবে আরও অনেক কিছু জানতে হবে, শিখতে হবে। আরও অনেক স্কিলফুল হতে হবে। পিচ বা কন্ডিশন কখনোই আমাদের নিয়ন্ত্রণে নেই। তাই এটা নিয়ে অজুহাত দিলে হবে না। যেকোনো কন্ডিশনে মানিয়ে নিয়ে ভালো করার সামর্থ্য থাকতে হবে। সেটার চেষ্টাই করছি। সে পথেই আছি। আশা করি ভালো কিছু হবে।’
পরিস্থিতি অনুযায়ী নিজের ভূমিকা পালনের চেষ্টা করছেন আপাতত তাসকিন। তবে প্রক্রিয়া ঠিক রাখার কথা বলেছেন আগেও। ওয়ানডে সিরিজ জেতার পর টেস্ট নিয়েও আশাবাদী বাংলাদেশ পেসার, ‘আলহামদুলিল্লাহ, সবার আত্মবিশ্বাস আছে। অন্তত ম্যাচ জিততে পারি, এই বিশ্বাস সবার মধ্যে আছে। সবাই জেতার জন্যই খেলব। খেলার ফলাফল যেকোনো কিছু হতে পারে। আমাদের “সংকল্প ও আগ্রাসী মানসিকতা” মূল ব্যাপার। আমরা সেরাটা দিয়ে ম্যাচ জিততে চাইব।‘
৩১ মার্চ ডারবানে শুরু হবে দুই টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এরপর দ্বিতীয় টেস্ট পোর্ট এলিজাবেথে শুরু হবে আগামী ৭ এপ্রিল।