ডারবানে উইকেট-বৃষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উইকেটে সবুজের ছোঁয়া। সঙ্গে প্রথম দিনের আর্দ্রতা আর মেঘলা আকাশ। প্রথম দিন ব্যাটসম্যানদের নাস্তানাবুদ হওয়া না হয় মেনে নেওয়া যায়। কিন্তু কাল?সকাল থেকেই ঝকঝকে রোদ ডারবানের আকাশে। কিংসমিডের উইকেটে কালও সুইং-বাউন্স পেয়েছেন বোলাররা, কিন্তু এমন নয় যে এভাবে উইকেট-বৃষ্টি হবে। আগের দিন ৬ উইকেট হারানো ভারত গুটিয়ে গেল সাতসকালেই, এরপর দক্ষিণ আফ্রিকা অলআউট মাত্র ৩ ঘণ্টা ১২ মিনিটে, দ্বিতীয় ইনিংসে ভারতের প্রথম চার ব্যাটসম্যান প্যাভিলিয়নে ফিরেছেন ১৫ ওভারের মধ্যেই। কাল ৫৬ ওভারের মধ্যেই পড়েছে ১৮ উইকেট! এবারের অ্যাশেজের পার্থ টেস্ট, মেলবোর্নের প্রথম ইনিংস আর ডারবানে বিশ্বসেরা দুই ব্যাটিং লাইনআপের ব্যাটিং আরও একবার প্রমাণ করেছে, উইকেটে বোলারদের জন্য কিছু থাকলেই চোখে অন্ধকার দেখতে শুরু করেন আধুনিক যুগের ব্যাটসম্যানরা।এই সিরিজের দৃষ্টিকোণ থেকে দেখলে কালই প্রথম মনে হলো, লড়াইটা র্যাঙ্কিংয়ের এক ও দুই নম্বর দলের। প্রথম টেস্টে ৩৮.৪ ওভারে ১৩৬ রানে গুটিয়ে যাওয়া ভারত কাল একই লজ্জা উপহার দিয়েছে দক্ষিণ আফ্রিকাকে। একটু এগিয়ে বরং ভারতই, রান দিয়েছে ৫টি কম, দক্ষিণ আফ্রিকা গুটিয়ে গেছে তাদের চেয়েও ৮ বল কমে! টপ অর্ডারের আরেকটি ব্যর্থতায় স্বস্তিতে নেই ভারতও, প্রথম চার ব্যাটসম্যানকে হারিয়েছে তারা ৫৬ রানে। তরুণ চেতেশ্বর পুজারাকে নিয়ে লড়াই চালিয়ে যাচ্ছেন ভিভিএস লক্ষ্মণ। আলোক স্বল্পতায় দিনের খেলা শেষ হওয়ার সময় ভারতের রান ৪ উইকেটে ৯২, প্রথম ইনিংসের ৭৪ মিলিয়ে লিড ১৬৬ রানের। চোট কাটিয়ে জহির খান ফিরেই বুঝিয়ে দিয়েছেন কেন তাঁঁকে হারিয়ে এত হাহাকার ছিল অধিনায়কের কণ্ঠে। দুই ওপেনারকে আউট করে দক্ষিণ আফ্রিকাকে শুরুর ধাক্কা দিয়েছিলেন তিনিই। স্বাগতিকদের পরের ধাক্কাটা দেয় ভাগ্য—আমলার স্ট্রেট ড্রাইভ ইশান্ত শর্মার হাত ছুঁয়ে লাগে নন-স্ট্রাইক প্রান্তের স্টাম্পে, ক্যালিস তখনো ক্রিজের বাইরে! এরপর জ্বলে ওঠেন ভারতের বোলার-ফিল্ডাররা। দুর্দান্ত এক ডেলিভারিতে ডি ভিলিয়ার্সকে আউট করেন শ্রীশান্ত, স্টেইনকে তালুবন্দী করে টেস্টে ২০০ ক্যাচ ছুঁয়ে ফেলেন দ্রাবিড়, মাত্র ১০ রানে ৪ উইকেট তুলে নিয়েছেন হরভজন সিং।৬ উইকেটে ১৮৩ রান নিয়ে দিন শুরু করা ভারত সকালে খেলতে পেরেছে আর মাত্র ৫৫ বল। শেষ ৩০ বলের মধ্যে ৪ উইকেট নিয়ে ভারতকে গুটিয়ে দিয়েছেন মরকেল-স্টেইন। আগের দিন চার উইকেট পাওয়া স্টেইন ৪৫ টেস্টেই তুলে নিয়েছেন ১৫তম ৫ উইকেট। ওয়েবসাইট।