জোহানেসবার্গ টেস্টের পারফরম্যান্স কীভাবেই না পাল্টে দিয়েছে দৃশ্যপট।
অবসরের ঘোষণা দিয়ে ডারবান টেস্টের সব আলোই কেড়ে নিয়েছেন জ্যাক ক্যালিস। তাতে অবশ্য ভারতীয়দের লক্ষ্য নড়চড় হওয়ার কথা নয়। ভারত সিরিজ শুরু করেছিল আন্ডারডগ হিসেবে। ডারবানে ‘ক্যালিসের’ টেস্টে সেই ভারতই শুরু করছে মানসিকভাবে এগিয়ে থেকে। আজ যখন ডারবানে বক্সিং ডে টেস্টের টস করতে নামবেন দুই দলের অধিনায়ক, আত্মবিশ্বাসের হাসি থাকবে মহেন্দ্র সিং ধোনির মুখেই।
কারণটা অনুমেয়। শচীন টেন্ডুলকার-পরবর্তী যুগের শুরুতেই দক্ষিণ আফ্রিকা সফরটা ভারতের জন্য ছিল চ্যালেঞ্জিং। স্টেইন-ফিল্যান্ডার-মরকেল সমন্বিত বিশ্বের সেরা পেস বোলিং আক্রমণের বিপক্ষে ভারতের তরুণ দলটি দাঁড়াতে পারে কি না, তা নিয়েই ছিল সংশয়। ওয়ানডে সিরিজে যাচ্ছেতাই পারফরম্যান্স টেস্ট সিরিজ নিয়ে সংশয়টা আরও বাড়িয়ে দিয়েছিল। কিন্তু জোহানেসবার্গে ভারত জয়ের অবস্থানে গিয়ে ড্র করেছে। যে ড্রটা আসলে একধরনের জয়!
মিডল অর্ডার ব্যাটসম্যান চেতেশ্বর পূজারাই বললেন, জোহানেসবার্গে প্রতিপক্ষের চেয়ে তাঁদের দলই বেশি ইতিবাচক দিক খুঁজে নিয়েছে। দ্বিতীয় ইনিংসে ১৫৩ রানের দুর্দান্ত ইনিংস খেলা পূজারা ইতিবাচক খেলতে চান ডারবানেও, ‘যদি আমরা গত ম্যাচটার দিকে তাকাই, দেখব, তাদের চেয়ে আমাদেরই ইতিবাচক দিক ছিল বেশি। আমরা যখন প্রথমে ব্যাট করেছি, বোলারদের জন্য ছিল অনেক কিছু। আমরা ভালো ব্যাট করেছি। কিন্তু তাদের ব্যাটিংয়ের সময় উইকেট সহজ হয়ে যাওয়ায় বোলাররা সাহায্য পায়নি। কিন্তু আমরা ঘুরে দাঁড়িয়েছি।’ ভারতকে বাড়তি আত্মবিশ্বাস জোগাবে প্রথম দক্ষিণ আফ্রিকায় প্রথম টেস্ট সিরিজ জয়ের হাতছানিও।
জোহানেসবার্গে দ্বিতীয় ইনিংসে ভালো ব্যাটিং তো আছেই, দক্ষিণ আফ্রিকাকে তার চেয়েও বেশি আত্মবিশ্বাস জোগাবেন ক্যালিস। তবে বোলিং দুই দলেরই মাথাব্যথার কারণ। জোহানেসবার্গে গোড়ালিতে চোট পাওয়া মরনে মরকেলের না খেলার সম্ভাবনাই বেশি। তাঁর জায়গায় চারটি টেস্ট খেলা ররি ক্লেইনভেল্টের খেলার কথা। তবে মরনে মরকেলের বিকল্প হিসেবে স্কোয়াডে ঢোকা কাইল অ্যাবটকেও এই টেস্টে নিতে পারে দক্ষিণ আফ্রিকা। কিংসমিড হলো অ্যাবটের নিজের মাঠ।
গত মৌসুমে পাকিস্তানের বিপক্ষে সেঞ্চুরিয়ন টেস্টে সুযোগ পেয়েছিলেন শেষ মুহূর্তের রিপ্লেসমেন্ট হিসেবে, প্রথম ইনিংসে ২৯ রানে নিয়েছিলেন ৭ উইকেট, ম্যাচ ফিগার ছিল ৯/৬৮। মজার ব্যাপার হলো, স্টেইনকে টপকে টেস্টের এক নম্বর বোলার হওয়া ফিল্যান্ডার ডারবানে টেস্ট খেলবেন এই প্রথম। পেসই প্রোটিয়াদের শক্তি। যদিও কিংসমিডের উইকেটে আগের সেই গতি আর বাউন্স নেই। স্পিনারদেরও এখন দেখা যায় নায়ক হয়ে উঠতে। সর্বশেষ টেস্টেই যেমন দুই ইনিংসে ১২৮ রানে ৯ উইকেট নিয়ে শ্রীলঙ্কার জয়ের নায়ক ছিলেন বাঁহাতি স্পিনার রঙ্গনা হেরাথ। অথচ দক্ষিণ আফ্রিকা স্পিনার হিসেবে কাকে খেলাবে, তা নিশ্চিত নয়। প্রথম টেস্টে দুই ইনিংসে লেগ স্পিনার ইমরান তাহির নিয়েছেন ২ উইকেট। ডি ভিলিয়ার্স মনে করেন, ডুমিনিই ছিলেন সেরা স্পিনার।
তাহিরের চেয়েও প্রথম টেস্টটা বাজে গেছে রবিচন্দ্রন অশ্বিনের। ভারতের অফস্পিনার দুই ইনিংসে ৪২ ওভার বোলিং করেও উইকেটশূন্য। ফলে রবীন্দ্র জাদেজা বা প্রজ্ঞান ওঝার কথাও ভাবা হচ্ছে। জোহানেসবার্গের শেষ ইনিংসে বোলিং করায় ভারতীয়দের বোলারদের সঙ্গী হবে ক্লান্তিও।
ওদিকে দক্ষিণ আফ্রিকার শঙ্কার আরেকটা কারণ, ডারবানে তাদের সাম্প্রতিক বাজে পারফরম্যান্স। ২০১০ সালে এই ভারতের কাছে ৮৭ রানে হারের সঙ্গে হার সর্বশেষ চার টেস্টেই। তবে স্মিথ ধারাটা এবার ঘুরিয়ে নিতে চান নিজেদের দিকে, ‘কিছুদিন ধরে ডারবানে আমাদের রেকর্ডটা ভালো নয়। আমরা চাইব রেকর্ডটাকে সঠিক পথে নিয়ে আসতে।’ স্মিথরা তো জয় চাইবেন ক্যালিসের জন্যও। ওয়েবসাইট।